ভালোবাসা দিবসে রাজ্জাকের ২ টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবস উপলক্ষে দুটি টেলিছবি নির্মাণ করেছেন ‘নায়করাজ’খ্যাত রাজ্জাক। গত মাসের শেষ সপ্তাহে কক্সবাজারে এ টেলিছবি দুটির শুটিং শেষ হয়েছে বলেই জানিয়েছেন তিনি। শারমীন চৌধুরীর রচনায় টেলিছবি দুটি হচ্ছে ‘শেষ থেকে শুরু তুমি’ ও ‘ছুঁয়ে থাকো’। দুটি টেলিছবিতেই অভিনয় করেছেন রাজ্জাক তনয় সম্রাট। এছাড়াও আছেন ‘লাক্স তারকা’খ্যাত অরিন, ‘সুপার হিরো’খ্যাত সোহান ও চিত্র-নায়িকা তমা মির্জা।টেলিছবি প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘দুটি টেলিছবিতেই আমি নতুনদের নিয়ে কাজ করেছি। তবে সবাই কিন্তু বেশ সম্ভাবনাময়। সবাই যার যার অবস্থান থেকে অনেক ভালো অভিনয় করেছে। তাছাড়া গল্প দুটিও ছিল অনেক চমত্কার। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এ দুটি টেলিছবি সবার ভালো লাগবে বলেই আশা করছি। সম্রাট বলেন, ‘বাবার পরিচালনায় এর আগে নাটক ও টেলিছবিতে অভিনয় করেছি। বরাবরই বাবার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বাবার দিক নির্দেশনার মাধ্যমে নিজেও অনেক কিছু শিখতে পারি। এবারও তার ব্যতিক্রম হয়নি।’এদিকে ভালোবাসা দিবসের টেলিছবি দুটি ছাড়াও রাজ্জাক গতকাল থেকে ফেনীতে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। দীর্ঘ অভিনয় জীবনে এটি রাজ্জাক অভিনীত প্রথম টিভি বিজ্ঞাপনচিত্র। এর আগে তিনি একটি ফ্যাশন হাউজের বিলবোর্ডের মডেল হয়েছিলেন বলে জানান। রাজ্জাক অভিনীত প্রথম টিভি বিজ্ঞাপনচিত্রে তাঁর সহশিল্পী হিসেবে আছেন নিরব। বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা হলেন মোহাম্মদ হোসেন জেমী।