ভালোবাসা দিবসে ‘দেবদাস’
কথা ছিল, কোরবানির ঈদ আর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাবে চাষী নজরুল ইসলামের ছবি দেবদাস। না, পরে নতুন করে পরিকল্পনা করা হয়েছে। পরিচালক ও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে দেবদাস। চাষী নজরুল ইসলাম বলেন, ‘দেবদাস ভালোবাসার ছবি। তাই ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, ঢাকাসহ সারা দেশের ৫০টি প্রেক্ষাগৃহে দেবদাস ছবিটি মুক্তি দেওয়া হবে।’ছবিতে দেবদাসের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তিনি বলেন, ‘শরৎচন্দ্রের দেবদাস উপন্যাস নিয়ে এর আগে কয়েকটি ছবি নির্মিত হয়েছে, সব কটি ছবিই ব্যবসায়িক দিক থেকে সাফল্য পেয়েছে। আমার বিশ্বাস, চাষী নজরুল ইসলামের এবারের দেবদাসও প্রশংসিত হবে।’ দেবদাস ছবির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী, অপু বিশ্বাস ও শহীদুজ্জামান সেলিম। ছবির শুটিং শুরু হয় ২০১০ সালে। গত শতকের আশির দশকে বুলবুল আহমেদ, কবরী, আনোয়ারা ও রহমানকে নিয়ে দেবদাস নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম।