ভালোবাসা দিবসেই নকীব-শাকিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের ভালোবাসা দিবসেই আসছে জনপ্রিয় সংগীতশিল্পী শাকিলা জাফর ও নকীব খানের প্রথম দ্বৈত অ্যালবাম। এটির কাজ বেশ জোরেশোরেই শুরু হয়েছে। দুজনের দ্বৈত অ্যালবামের একটি গান অবশ্য এবারের ঈদে দর্শক-শ্রোতারা শুনেছেন। ‘কিছু তো দুঃখ দিয়েছ, দিয়েছ যাতনা; চোখে জল দেখো যদি, অকারণ ভেবো না’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান। অ্যালবামের সব কটি গানের সুর নকীব খান নিজে করলেও সংগীতায়োজনে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন ইবরার টিপু। তবে কাজের প্রয়োজনে সামনে আরও বেশ কয়েকজন যোগ হতে পারেন বলে জানান নকীব খান।অ্যালবামের গানের কথাগুলো লিখছেন আসিফ ইকবাল, শহীদ মাহমুদ জঙ্গী, জুলফিকার রাসেল ও সেজান মাহমুদ। অ্যালবামে প্রসঙ্গে নকীব খান বলেন, ‘বৃষ্টির রাত নামে আমার সর্বশেষ একক অ্যালবামে “তুমি বললেই” শিরোনামের গানটির মাধ্যমে দুজনের প্রথম দ্বৈত গান করা। মূলত ওই গানটি করার পর আমাদের ভাবনায় আসে একটি দ্বৈত অ্যালবাম করার। তার পরই সিদ্ধান্ত নিই পূর্ণাঙ্গ একটি দ্বৈত অ্যালবামের। সেই হিসেবে অ্যালবামটির কাজে হাত দেওয়া। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এরই মধ্যে গান বাছাইয়ের কাজ প্রায় শেষ হয়েছে।’নকীব খান আরও বলেন, ‘আমরা দুজন এমনিতেই খুব ভালো বন্ধু। দুজনের ব্যস্ততার জন্য সেভাবে একসঙ্গে গান করা হয়নি। আমরা দুজনে আসলে এই অ্যালবামটির মাধ্যমে মূলধারার বাংলা গানকে দর্শক-শ্রোতার কাছে পৌঁছে দিতে চাই। তা ছাড়া শাকিলা যে একজন ভালো মানের ক্লাসিক্যাল শিল্পী, তাও এই অ্যালবামের মাধ্যমে শ্রোতারা কিছুটা হলেও বুঝতে পারবেন বলে মনে করছি।’