ভালোবাসা দিবসের নাটকে তারিনের গান
অভিনয়ের পাশাপাশি এবার নাটকে গানও করবেন তারিন। এরই মধ্যে তিনি নিজের একক গানের অ্যালবামের কাজ শুরু করেছেন। চারটি গান তৈরিও হয়ে গেছে। আকাশ দেব কাকে? নামে অ্যালবামটি আগামী পয়লা বৈশাখে বাজারে আনার ইচ্ছা আছে তাঁর। জানা গেছে, ভালোবাসা দিবসের একটি নাটকে তারিনের গাওয়া ওই অ্যালবামের দুটি গান ব্যবহার করা হচ্ছে। গান দুটির শিরোনাম ‘বৃষ্টি’ ও ‘মন ভালো নেই’। তারিন বললেন, ‘নাট্যকারই দৃশ্যের প্রয়োজনে গান দুটি ব্যবহার করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।’ ফিরছি বিরতির পর নামের নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান, পরিচালনা করছেন কৌশিক শংকর দাস। অভিনয় করছেন তারিন ও আরেফিন শুভ। এবারই প্রথম তাঁরা নাটকে জুটি হয়েছেন। আর নাটকটি তৈরি হচ্ছে তারিনের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান তা-না প্রোডাকশন থেকেই। এটি দেখানো হবে এনটিভিতে।তারিন নাটকটির শুটিং করছেন তাঁর বড় বোন নাহিনের বাড়িতে। তারিন জানালেন, প্রায় সব নাটকেই একই রকম বাড়ি ব্যবহার করা হয়। নাটকটি দেখে যেন দর্শকদের একঘেয়ে মনে না হয়, তাই এমনটা করা হচ্ছে। আজ মঙ্গলবার থেকে নাটকটির শুটিং শুরু হবে।তারিনের অ্যালবামের গানের সুর ও সংগীত পরিচালনা করছেন রূপঙ্কর, জয় সরকার, বাপ্পা মজুমদার ও ইবরার টিপু। আর সব কটি গান লিখেছেন জুলফিকার রাসেল।