ভালোবাসা বনাম ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভালোবাসা ছাড়া আর আছে কী,/ ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে,/ নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি’—বিয়ের আগে এমনই মধুরতম গানে ভালোবাসা বিনিময় করেন প্রেমিক-প্রেমিকারা। কিন্তু বিয়ের পর? আর যদি ভালোবাসার মানুষটি হন তারকা, তবে বিয়ের পর কেমন যায় তাঁদের দাম্পত্যজীবন। ব্যস্ত এমন চার তারকার জীবনসঙ্গীরা শোনালেন দাম্পত্যজীবনের সেই অম্লমধুর গল্প। ফেরদৌস-তানিয়া রেজাএ বছরই বিবাহিত জীবনের পাঁচ বছর পূর্ণ করলেন ফেরদৌস-তানিয়া। বিয়েটা করেছিলেন তাঁরা প্রেম করেই। দুজনই ভীষণ ব্যস্ত। একজন রুপালি পর্দায়, অন্যজন বৈমানিক হয়ে মুক্ত আকাশে। ফেরদৌসের স্ত্রী তানিয়াকে প্রশ্ন করা হয়েছিল, ব্যস্ততার মধ্যে জীবন চলছে কেমন?তানিয়া জানালেন, তাঁরা দুজনই আলোচনা করে ঠিক করে নেন। যখন তানিয়াকে ফ্লাইট নিয়ে যেতে হয় না, তখন ফেরদৌস দেশে চলে আসেন। শুটিংটা পারতপক্ষে রাখেন না। আর সে সময়টাতেই দুজন চলে যান দূরে কোথাও—কখনো মিসর, কখনো যুক্তরাস্ট্র বা যুক্তরাজ্য। ‘অনেক দিন পর যখন দিন কয়েকের জন্য আমরা একে অন্যকে কাছে পাই, তখন মনে হয় আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’ বলছিলেন তানিয়া।অবশ্য এই সুখের দুয়ারেও দুঃখ এসে উঁকি দেয়। সামান্য কিছুতেই মেজাজটা বিগড়ে যায় তানিয়ার। একবার তো দুই দিন টানা কথা বলা বন্ধ রেখেছিলেন তাঁরা। তারপর সন্ধির প্রস্তাব দেন ফেরদৌস। ‘আমি এসব বিষয়ে একটু জেদ ধরেই থাকি। ফেরদৌস যখন এসে আমাকে গল্প শোনায়, হাসাতে চেষ্টা করে, তখন রাগটা পড়ে যায়। আবার যখন ও বেশি রাগ করে, তখন আমি আমার মেয়েকে ওর সামনে নিয়ে যাই। মেয়ের জন্য ও পাগল। এমনিতেই রাগ পড়ে যায়।’ বললেন তানিয়া।পর্দায় ফেরদৌস অসংখ্যবার কেঁদেছেন। প্রেমিকার জন্য কেঁদেছেন, মায়ের জন্য কেঁদেছেন; সে কান্না ছিল অভিনয়ের জন্য। কিন্তু স্ত্রীর জন্যও কেঁদেছেন তিনি। তানিয়া যখন অভিমান করেন, তখন অভিমান ভাঙাতে ব্যর্থ হয়েও কেঁদে ফেলেছেন ফেরদৌস। ‘এই কান্না ছিল আসলে ভালোবাসার কান্না। ওর কান্না দেখে আমিও সেদিন কেঁদেছি।’ বললেন তানিয়া। কে কাকে ভয় পায়? তানিয়া বললেন, ‘ফেরদৌস যেহেতু আমাকে বেশি ভালোবাসে, তাই ও আমাকে ভয় পায়। আসলে এই ভয় হচ্ছে ভালোবাসার। এর মধ্যে নেই কোনো অপরাধবোধ।’মোশাররফ করিম-রোবেনা রেজারোবেনা রেজা। মোশাররফ করিমের স্ত্রী। মালিবাগের চৌধুরীপাড়ায় যখন বসবাস করতেন তাঁরা, তখনই একে অপরকে পছন্দ করেছিলেন। কয়েক বছর চিঠি লেখালেখি, ফোনালাপ; তারপর বিয়ের পিঁড়িতে বসে যান দুজন। তাঁরাও বিয়ে করেছেন পাঁচ বছর হলো। তবে যখন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন মোশাররফ এতটা ব্যস্ত ছিলেন না। এখন মোশাররফের ব্যস্ততাই রোবেনাকে অনেক বেশি কষ্ট দেয়। ‘দেখা গেল একটা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ও আমাকে বলল, “তুমি যাও, আমি যেতে পারব না।” আত্মীয়স্বজনেরা কী মনে করে? ও মোটেও নিয়ম মানে না। সামাজিকতা বোঝে না। কোথাও হয়তো যাব, দেখা গেল ময়লা একটা কাপড় পরেছে। আমি তখন ওকে ক্ষেপানোর জন্য বলি, “সুন্দরী নায়িকাদের সঙ্গে তো সুন্দর পোশাক পর, আর আমার সঙ্গে এখন ভালো কাপড় পরতে ইচ্ছে করে না তোমার।” ব্যস্। গেল ক্ষেপে। মোবাইল ফোন ছুড়ে মারবে। গ্লাস, মগ ভেঙে চুরমার। তারপর দেখা গেল, ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর কান্না দেখে আমিও ঠিক থাকতে পারি না। দৌড়ে গিয়ে ওকে ধরে বলি, “এগুলো আমার মনের কথা ছিল না। মেজাজটা খারাপ ছিল, তাই বলেছি। তুমি ভুল বোঝো না।” কিন্তু ও শিশুর মতোই কাঁদে।’ বলছিলেন রোবেনা।প্রতিদিনই তাঁদের মধ্যে খুনসুটি হয়। কিন্তু তার স্থায়িত্ব হয় বড়জোর এক ঘণ্টা। রোবেনা বেশিক্ষণ স্বামীর ওপর রাগ রাখেন না। বিশেষ করে, যখন বাইরে যান মোশাররফ তখন স্বামীর মনটা যেন ভালো থাকে, সেই চেষ্টাই করেন। আবার মোশাররফও হাজারো কাজের ব্যস্ততায় স্ত্রীর খবর কোনো না কোনোভাবে নিয়ে নেন। ভোর হলেই মোশাররফ ছুটে যান শুটিংয়ে। ফিরে আসেন অনেক রাতে। কখনো কখনো রোবেনার কাছে এ জীবন বড় যন্ত্রণার মনে হয়। কিন্তু যখনই মোশাররফ ঘরে ফেরেন, মনে হয় সব কষ্ট দূর হয়ে গেছে। গল্প করেন, ছবি দেখেন; মনে মনে প্রার্থনা করেন যেন রাতটা আরও বড় হয়। সূর্য যেন একটু দেরিতে ওঠে। ভালোবাসার মানুষটিকে রোবেনা কাছে পেতে চান আরও কিছুটা সময়। বললেন, ব্যস্ততা বেড়েছে ঠিকই, মোশাররফের ভালোবাসাও ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিদিনই।চঞ্চল চৌধুরী-শান্তাপেশায় তিনি চিকিত্সক। নাম শান্তা। টেলিফোনেই চঞ্চলের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। কথা বলতে বলতেই একে অপরকে ভালোবেসে ফেলেন। তারপর সোজা বিয়ে। একজন অভিনেতা, অন্যজন চিকিত্সক। বিয়ের পর দিনগুলো কেমন কেটেছে তাঁদের? অভিযোগ শান্তার কণ্ঠে। ‘সবকিছুই ঠিক ছিল। ও অনেক বড় তারকা হয়েছে। আমি স্ত্রী হিসেবে গর্বিত। কিন্তু যে ব্যস্ততা বেড়েছে, এতটা চাইনি। ব্যস্ততা এখন এতটাই বেশি যে সাংসারিক দায়িত্বটুকুও পালন করার সময় হয় না ওর। এ নিয়ে মিনিটে মিনিটে ঝগড়া হয়। আবার আমরা মিলে যাই কয়েক মুহূর্তেই। একবার তো এমন ঝগড়া হলো যে পাঁচ-ছয় দিন আমাদের মধ্যে কোনো কথা হলো না। অবশেষে চঞ্চলই আমার মান ভাঙাল। আমার মনে আছে, মাঝেমধ্যেই ও যদি একটু আগে আগে চলে আসে, তখন আমার খুব ইচ্ছে করে ওকে নিয়ে বাইরে বেরোতে। কিন্তু ঘরে এসেই ও বলবে, “তাড়াতাড়ি ঘুমুতে হবে। কালকে ভোরে শুটিংয়ে যাব।” সে ঘুমিয়ে পড়ে। আমি মন খারাপ করে থাকি। পরের দিন হয়তো আর দেখা হলো না। যদি বলি যে আজকে একটু আমাকে ওখানে নিয়ে যাও, ও চুপ করে থাকে। আর যদি বলি, নায়িকারা বললে তো “না” করতে না, তখন দেখা যায়, বুদ্ধিমানের মতো নিরুত্তর থাকে। এভাবেই একদিন লেগে গেল ঝগড়া। সেদিন শারীরিকভাবে অসুস্থ ছিলাম। ও আমার সঙ্গে সেদিন খুবই রাগারাগি করে। একপর্যায়ে আমি কান্না ধরে রাখতে পারছিলাম না। আমি জানি, ও শুটিংয়ে চলে গেছে। পরে দেখি যে ফিরে এসেছে। এসে আমাকে জড়িয়ে কান্না শুরু করে দিল। বলল, “তোমার সঙ্গে আমার এমন আচরণ করা ঠিক হয়নি।” ‘চঞ্চলের কান্না দেখে আমিও কান্না ধরে রাখতে পারিনি। আসলে ও আমাকে খুব ভালোবাসে। কিন্তু ব্যস্ততার জন্য সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে না।’ বলছিলেন চঞ্চলের স্ত্রী শান্তা। কে কাকে বেশি ভয় পান? এমন প্রশ্নের উত্তরে শান্তা বললেন, ‘মনে হয় না ও আমাকে ভয় পায়। তবে চঞ্চল রাগ করতে পারে, আমি এমন কিছু সাধারণত করি না। কারণ, রাগ করলে সে অনেক উত্তেজিত হয়ে যায়। ভালোবাসার মানুষটিকে না রাগিয়ে বরং হাসিখুশি রাখতেই বেশি পছন্দ করি।’ বললেন শান্তা।ন্যান্সি-আবু সাঈদচার বছর আগে ভালোবেসে ন্যান্সিকে বিয়ে করেন আবু সাইদ সৌরভ। কে-কাকে আগে ভালোবাসার কথা বলেছিলেন? এমন প্রশ্ন করতেই সৌরভ বললেন, ‘মেয়েরা কি আগে বলে? বলে না। তাই আমি-ই ওকে ভালোবাসার কথা জানিয়েছিলাম। অবশ্য ও আমাকে ভালোবাসত। তাই তো ভালোবাসায় সাড়া দিয়েছে।’ন্যান্সি এখন অনেক ব্যস্ত সময় পার করছেন। অনেক ভক্ত। এসব উপভোগ করেন সৌরভ। তবে বিরক্ত হন একটা সময়, যখন কাজ শেষ করে ন্যান্সি ঘরে ফিরে সৌরভের সঙ্গে বসে গল্প করতে বসেন, বা ভিডিওতে ছবি দেখতে বসেন, তখনই শুরু হয় মুঠোফোনের যন্ত্রণা। একটার পর একটা ফোন আসতে থাকে। সৌরভ চান, ন্যান্সি অন্তত এই সময়টুকু তাঁকে দিক। তবে স্ত্রীর গুণগানও গাইলেন সৌরভ। যতই ব্যস্ত হন না কেন, তাঁর প্রতি খেয়াল রাখেন ঠিকই। এক-একটি গানে কণ্ঠ দিয়ে আসেন, আর সেই গানটি সৌরভকে উত্সর্গ করেন। ‘ও তো আসলে আমার জন্যই গান করে। যখন গান গায়, তখন আমাকে মনে করে।’ বলছিলেন সৌরভ।আবার স্ত্রীর সম্পর্কে সামান্য অভিযোগও আছে সৌরভের। ‘বলবেন না, যা ঝগড়াটে! কিছুই বলা যায় না। একটু কিছু বললেই ক্ষেপে যায়।’ বললেন সৌরভ।ঝগড়া প্রসঙ্গে সৌরভ আরও জানালেন, প্রতি মিনিটেই ঝগড়া শুরু হয়। তবে মিনিট চার-পাঁচের মধ্যেই তাঁদের আবার মিল হয়ে যায়। ‘মিল যদি না হই, তবে তো আমাদের মধ্যে কথা হবে না। কথা না হলে আবার ঝগড়া করব কী করে, বলুন? তা ছাড়া ঝগড়ার পরই তো আবার বন্ধুত্বের ছোঁয়া পাই আমরা একে অপরের।’ সৌরভ কথাগুলো বলা শেষ করেছেন আর ন্যান্সি চিত্কার করে বললেন, ‘কী আমি ঝগড়াটে!’ বলেই হেসে দিলেন।