ভালোবাসা বলিউডে...
‘ধরো বন্ধু আমার কেহ নাই।’ কথাটি বলিউড-নক্ষত্রদের জন্য একেবারেই বেমানান। এই জগতে একা থাকাটাই দুষ্কর। বছর বছর বন্ধু বদল করাই যেন এখানকার ‘ফ্যাশন’। গত এক দশকের সালতামামি করলে দেখা যায়, এক সুস্মিতা সেনই ভালোবাসার নৌকায় পা দিয়েছেন অসংখ্যবার। মনীষা কৈরালাও পিছিয়ে নেই। সুস্মিতার ৩৫, মনীষার ৪০ চলছে। অথচ দুজন এখনো প্রেমের ময়দানে মহা ব্যস্ত। শুধু বিয়ের প্রসঙ্গ এলেই পিছিয়ে যাচ্ছেন। টাবু (৩৯) ও ঊর্মিলারও (৩৭) একই হাল। প্রেমের ইতিহাসে বেশ কয়েকবার নিজেদের নাম শামিল করে এখন ঘরে বসে আছেন। শিল্পা শেঠি, আয়শা টাকিয়া, ইশা কোপিকার, অমৃতা অরোরারাই এ তুলনায় সফল। অন্তত প্রেমের ক্ষেত্রে। এ চারজনই গত বছর নিজেদের প্রেমিককে বিয়ে করেছেন। এমনকি এ সপ্তাহে অমৃতা ছেলের মাও হয়েছেন। এমরান হাশমিও এ সপ্তাহে ছেলের বাবা হয়েছেন। প্রেমিকা পারভিনকে বিয়ে করে সংসারের ক্রিজে বেশ ভালো অবস্থানেই আছেন এমরান। সংসারজীবনে এ রকম সফল ভালোবাসার গল্প রচনা করে যাচ্ছে আরও বেশ কয়েকটি জুটি: শাহরুখ-গৌরী, আমির-কিরণ রাও, অভিষেক-ঐশ্বরিয়া, অক্ষয়-টুইঙ্কল, অজয়-কাজল, আরবাজ-মালাইকা, বনি কাপুর-শ্রীদেবী, জয় মেহতা-জুহি, নেনে-মাধুরী, অর্জুন রামপাল-মেহের, আরশাদ-মারিয়া, রাভিনা-অনিল থাড়ানি, মাহিমা-ববি মুখার্জি, তানিয়া-ববি দেউল, নেহা-মনোজ বাজপায়ি, প্রীতি ঝাঙ্গিয়ানি-পারভিন দাবাস, মান্যতা-সঞ্জয় দত্ত, সোনালি বেন্দ্রে-গোল্ডি বেহল, হূতিক-সুজানে।যদিও সম্প্রতি হূতিকের সঙ্গে বারবারা মোরিকে জড়িয়ে প্রায়ই মুখরোচক সংবাদ শোনা যাচ্ছে, তবে এ সবই হূতিক-বারবারা জুটির কাইটস ছবির প্রচারণার অংশ হিসেবে ধরা যেতে পারে। এমনটা হয়েছিল প্রিয়াঙ্কা-শহীদকে নিয়েও। এই দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে অনেকে নিশ্চিত হলেও কেউ কেউ আবার টিপ্পনী কেটে এও বলেছিলেন, সবই কামিনে ছবির বিক্রিবাট্টা বাড়ানোর কৌশল। সমস্যা হলো, কামিনে মুক্তি পেয়ে হিটও হয়ে গেছে অনেক দিন হলো, কিন্তু এখনো প্রিয়াঙ্কা-শহীদ দুজন দুজনার সঙ্গ বেশ উপভোগ করছেন। ওদিকে শহীদের আগামী ছবির নায়িকা আনুশকা শর্মা। তাঁর সঙ্গে জড়িয়ে ‘প্রেমকাহিনি’ রচনা তো বাধ্যতামূলক। ছবি হিট হতে হবে যে! হয়েছেও তা-ই। আনুশকা-শহীদ বলিউডের নতুন আইটেম। বাণিজ্যিক এসব ভালোবাসার আড়ালে সত্যিকারের ভালোবাসা কোনটি, তা বলিউডের ‘লাভ বার্ডস’ খ্যাতরা নিজেরাও জানেন কি না সন্দেহ। এই যেমন, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, নিহার পান্ডেকে পাশ কাটিয়ে ২০০৮-এর ভালোবাসা দিবসে দীপিকা পাড়ুকোনকে জিতে নিয়েছিলেন রণবীর কাপুর। অথচ মাত্র দুই বছরের ব্যবধানে এখন রণবীরের পাশে ঝুলছে ক্যাটরিনা কাইফের নাম। রণবীর-ক্যাটরিনার প্রেমের সত্যতা এখনো কেউ প্রমাণ করতে না পারলেও রণবীর-দীপিকার বিচ্ছেদ দুজন নিজ মুখেই স্বীকার করেছেন। সম্পর্কের এই অপমৃত্যুর কারণ সম্পর্কে তাঁরা ‘নো কমেন্টস’ ট্যাগ লাগিয়ে ঘুরলেও ক্যাটরিনার নাম চলেই আসছে। কারণ রণবীর-ক্যাটরিনা জুটি শুধু রণবীর-দীপিকা জুটিকেই নয়, হেলিয়ে দিয়েছে সালমান-ক্যাটরিনা জুটিকেও। এই দুজনের বিদায়ঘণ্টা শোনা যায় প্রায়শই, যদিও সর্বশেষ এক পুরস্কার বিতরণ অনুুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। বিপাশা বসু-জন আব্রাহাম জুটিও বড় ধরনের কোনো ঝড়ের কবলে না পড়ে নিজেদের প্রণয়কে পরিণয়ের দিকে নিয়ে যাচ্ছে।কারিনা-সাইফ জুটিকে এ তুলনায় ‘ঝড়মুক্ত’ মনে হয়। হাতে হাত ধরে সর্বত্র হাজির হওয়া, সাইফের হাতে কারিনার নামে ‘উল্কি’, পুরস্কার নিতে এসে দুজন দুজনকে ধন্যবাদ জ্ঞাপন—সবই ‘পাক্কা’ প্রেমের নিদর্শন মনে হয়। এক বেরসিক সাংবাদিকের অবশ্য এত সুখ সহ্য হয়নি। এক সংবাদ সম্মেলনে ক্যামেরা জুম করে কারিনার মুঠোফোনে আসা সাইফের উত্তপ্ত এসএমএস, প্রত্যুত্তরে কারিনার দাঁতভাঙা জবাব—সবই ভিডিও করে টিভি চ্যানেলে ছেড়ে দিয়েছিলেন। প্রায়ই এ দুজনের ঠোকাঠুকির খবর শোনা যায়। এদিকে ঠোকাঠুকির বদৌলতে সম্পর্ক কাটাকাটির পর্বটি নাকি সেরে ফেলেছেন রানী মুখার্জি-আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের নিয়মিত নায়িকা রানী সম্প্রতি আদিত্য চোপড়ার বাইরে নো ওয়ান কিলড জেসিকা সই করেছেন। রানী-আদিত্য নাকি এখন একে অপরের মুখটিও দর্শন করতে চাইছেন না। নেস ওয়াদিয়া-প্রীতি জিনতা সে তুলনায় অনেকটা স্বাভাবিক। সম্পর্ক না থাকলেও দুজন এখনো আইপিএলে কিংস একাদশ পাঞ্জাবের মালিক হিসেবে একসঙ্গে কাজ করছেন।কঙ্গনা রনৌত-অধ্যয়ন সুমন, প্রিয়াঙ্কা চোপড়া-হারমান বেওয়েজারাও সম্পর্কচ্ছেদের পর একসঙ্গে স্বচ্ছন্দে কাজ করছেন। তবে রিতেশ দেশমুখ-জেনেলিয়া, লারা দত্ত-মহেশ ভূপতি, সোহা আলী খান-কুনাল খেমু, কঙ্কণা সেন শর্মা-রণবীর শোরেরা এখনো নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখতেই বেশি উত্সাহী। সে তুলনায় ভেজাল বলিউডের মাটিতে নির্ভেজাল প্রেমের উপাখ্যান রচনা করছেন ইমরান খান-অবন্তিকা, নিল নিতিন মুকেশ-প্রিয়াঙ্কা ভাটিয়া। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদানের পর শিগগিরই ওঁরা বিয়ে করতে যাচ্ছেন। শুভাকাঙ্ক্ষীরাও তা-ই চাইছেন। বলিউডের হাওয়া যে প্রেমের জন্য বড্ড ঝুঁকিপূর্ণ, তাই যত শিগগির বিয়ের পিঁড়িতে বসা যায়, ততই মঙ্গল।রুম্মান রশীদ খান, তথ্যসূত্র: ওয়েবসাইট