ভালোবাসা বলিউডে...
বিয়ের বয়স চার হতে চলল। অথচ বচ্চনতনয় ও ঐশ্বরিয়ার প্রেমকে ঘিরে পাঠকের আগ্রহ যেন এতটুকু কমেনি। কমবেই বা কীভাবে? বচ্চনরা জানেন বাজারে নিজেদের ব্র্যান্ড কীভাবে টিকিয়ে রাখতে হয়। ইতিহাসের অন্যতম আলোচিত এই বিয়ের সূত্রপাত কীভাবে, তা নিয়ে এখনো বচ্চনরা মুখ খুলতে নারাজ। কোন ছবির সেটে কীভাবে বচ্চনপুত্র ও সাবেক বিশ্ব সুন্দরী কাছাকাছি এলেন, তা আজও সবার কাছে অজানা। অভিষেক অবশ্য সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর প্রথম দেখা হয় ১৯৯৭ সালে সুইজারল্যান্ডে। অভিষেক তখন তাঁর বাবার প্রত্যাবর্তন ছবি মৃত্যুদাতার সেট দেখতে বেরিয়েছিলেন। আর ঐশ্বরিয়া শুটিং করছিলেন তাঁর প্রথম ছবি অউর পেয়ার হো গ্যায়ার। অভিষেক বলেন, ‘প্রথম সাক্ষাতেই আমরা এতটা স্বচ্ছন্দ ছিলাম, যেন দুজন দুজনকে দীর্ঘদিন ধরে চিনি।’ অবশ্য তখন অভিষেকের জীবনে ‘ভ্যালেন্টাইন’ ছিলেন কারিশমা কাপুর। আজ কারিশমার জীবনে স্বামীর প্রেম কখনো পূর্ণিমার আলো ছড়ায়, কখনো বা সংসারে নেমে আসে অমাবস্যার অন্ধকার। তুলনায় বোন কারিনা কাপুর বেশ সুখেই আছেন। সাইফ আলী খানের সঙ্গে প্রেমের বয়সও চার হতে চলল। অস্থির, ক্যারিয়ার-সচেতন কারিনা যে এত দিন খান সাহেবকে জীবনে ধরে রেখেছেন, এটার জন্যও বাহবা পেতে পারেন তিনি। মজার ব্যাপার হলো, একটা সময় এই সাইফকেই মেয়ের বর করতে চেয়েছিলেন কারিনার মা ববিতা। তবে কারিনার জন্য নয়, কারিশমার জন্য। ১৯৯৪ সালে এক ছবির সেটে ববিতা রসিকতা করে সাইফকে বলেছিলেন, ‘তুমি যদি বিবাহিত না হতে, আমি নিশ্চিতভাবে কারিশমার সঙ্গে তোমার বিয়ে দিতাম।’ বলিউডের অঙ্ক বুঝি এভাবেই বদল হয়। কারিনা যেমন শহীদ কাপুরকে ছেড়ে সাইফ আলী খানে থিতু হয়েছেন, শহীদ কাপুরও নানা অলিগলি পেরিয়ে প্রিয়াঙ্কা চোপড়া স্টেশনে হূদয়টা বন্দী করেছেন। এই জুটি অবশ্য এখনো তাঁদের সম্পর্কের কথা স্বীকার করতে নারাজ। তবে নানা তথ্যপ্রমাণ এক করে এই মর্মে বলিউডের বাসিন্দারা নির্দ্বিধায় রায় জানিয়েছেন, প্রিয়াঙ্কাই শহীদ কাপুরের সাম্প্র্রতিক ‘ভ্যালেন্টাইন’। এমনকি সম্প্রতি আয়করবিষয়ক ঝামেলায় মিস চোপড়া যখন বিধ্বস্ত, তখন শহীদ কাপুরই নাকি বিদেশ-বিভুঁই থেকে উড়ে এসে প্রিয়াঙ্কার কাঁধে হাত রেখেছেন। আবেগ সামাল দিতে না পেরে মা-বাবার সামনেই প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ হয়ে পড়েন শহীদের সঙ্গে। বেরসিক আলোকচিত্রী দেরি না করে সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন। শহীদ কাপুরের এই একটা দোষ! এর আগেও কারিনার সঙ্গে ধরা খেয়েছিলেন, এবার প্রিয়াঙ্কার বেলায়ও তা-ই। অবশ্য শুধু প্রিয়াঙ্কা-শহীদ জুটিই নয়, একই দোষে দুষ্ট দীপিকা পাড়ুকোন-সিদ্ধার্থ মাল্য। এই জুটিও লোকসমক্ষে প্রেমের কথা স্বীকার করতে নারাজ। তবে পরিবারের সামনে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হতে বিন্দুমাত্র সংকোচ করেননি মিস পাড়ুকোন। পাপারাজ্জিদের নজরও স্বাভাবিকভাবে এড়িয়ে যেতে পারেনি এই জুটি। ব্যান্ড বাজা বারাত-এর হিট জুটি আনুশকা-রণবীর সিংয়ের সম্পর্ক কত দূর এগিয়েছে, জানা না গেলেও এটা সত্যি, ‘কুছ কুছ হোতা হ্যায়’ চলছে দুজনের মধ্যে। আনুশকা নিজে পত্রিকা মারফত বলছেন, সবাই তাঁদের দেখলে বলেন, রাব নে বানা দি জোড়ি, যেন দুজনার জন্ম দুজনার জন্য। এতটুকু বলেই ফুলস্টপ দিয়ে দেন আনুশকা। প্রেম যে লুকোচুরির কোনো বিষয় নয়, এই শিক্ষা তাঁদের দিতে পারেন বিপাশা বসু-জন এব্রাহাম। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ওঁদের সম্পর্কের বয়স নয় পেরিয়ে দশে পা দিতে চলেছে। দুজনে এক ছাদের নিচে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন ঠিকই, তবে বিয়ের প্রশ্ন এলেই দুজনের একই উত্তর, ‘না’। কঙ্কণা সেন শর্মা-রণবীর শোরের অবস্থাও ছিল অনেকটা বিপাশা-জনের মতো। তবে এ দুজন গত বছর বিয়ে করে সংসারী হয়েছেন। প্রেমের নৌকায় পা রাখা সোহা-কুনাল খেমু, রিতেশ দেশমুখ-জেনেলিয়া ডি সুজা কাজের ফাঁকফোকর দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছেন। ইমরান খান আট বছরের প্রণয় শেষে অবন্তিকাকে বিয়ে করেছেন সম্প্রতি। এ মাসেই লারা দত্ত-মহেশ ভূপতির বিয়ে করার কথা। সেলিনা জেটলিও দুবাইয়ের পিটার হ্যাগের সঙ্গে বাগদানের কাজ সেরে ফেলেছেন। রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট