>নির্মাতাদের কলাম এটি। প্রতি আনন্দে একজন নির্মাতা বলবেন এই জগৎ নিয়ে তাঁর ভাবনার কথা

প্রথম আলো থেকে যখন আমাকে লিখতে বলা হলো তখন আমি জানতে চাইলাম কী বিষয়ে লিখব? বলা হলো আপনার ইচ্ছামতো, সমসাময়িক বিষয় নিয়ে লিখতে পারেন। আমাকে দেওয়া এই পূর্ণ স্বাধীনতাই আমাকে বিপদে ফেলে দিল। কী ছেড়ে কী লিখি, সেটা ভাবতেই সময় চলে যাচ্ছে। আমাদের বর্তমান টেলিভিশন নাটকেরও মনে হয় এই সমস্যা চলছে। আমরা নিজেরাই জানি না আমাদের কী করা উচিত। নব্বইয়ের দশকে বিটিভির নিজস্ব নাটকের বড় পরিবর্তন এল প্যাকেজ নাটক আসার পর। এরপর একুশে টেলিভিশনে এক ঝাঁক নতুন নির্মাতা নতুন ঢঙে গল্প বলা শুরু করে আরেকটা বড় পরিবর্তন আনলেন। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপরেই হু হু করে চ্যানেল বাড়তে থাকল, নির্মাতা টেকনিশিয়ান, শিল্পী কলাকুশলী বাড়তে থাকল; কমতে থাকল নাটকের মান, দর্শক, বাজেট। হুট করে বেড়ে-ফেঁপে ওঠা ইন্ডাস্ট্রিতে নানা বিভাগে যোগ্য লোকের সঙ্গে ঢুকে যায় একঝাঁক অযোগ্য লোক। এত নাটক নির্মাণের জন্য যে পরিমাণ মেধাবীও দক্ষ লোক দরকার ছিল তা আমরা তৈরি না করেই ইন্ডাস্ট্রি বড় করে ফেলি। চাহিদা ও জোগানের মধ্যে বড় পার্থক্য ঘোচাতে হিমশিম খেয়ে খেই হারিয়ে ফেলি সবাই।
আমার মনে হয় এখন আবার আরেকটা পরিবর্তনের সময় এসেছে। দেরিতে হলেও চ্যানেল থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই আমরা ভাবছি, আলোচনা করছি কীভাবে এই দুঃসময় থেকে বের হওয়া যায়। শিক্ষিত অনেক যোগ্য তরুণ-তরুণী এই সেক্টরে আসছে, যারা আমাদের আবার এগিয়ে নেবে আর ঝরে যাবে অযোগ্যরা।
বাংলাদেশের মানুষ এখনো নাটক দেখে, দেখতে চায় এবং অবশ্যই ভালো নাটক এখনো অনেক নির্মাণ হয়। কিন্তু কিছু খারাপ কাজের ভিড়ে অনেক ভালো কাজ আর খুঁজে পাওয়া যায় না। আমি মনে করি, চ্যানেলগুলোতে সবচেয়ে বেশি কাজ করতে হবে আবার আমাদের সুদিন ফিরিয়ে আনতে। আমাদের বড় সমস্যাগুলো যেমন অতিরিক্ত বিজ্ঞাপন হ্রাস, বাজেট বৃদ্ধি, ডেইলি সোপের প্রচলন চালু, সঠিক সময়ে অনুষ্ঠান শুরু হওয়া, নতুন গল্প নতুন ঢঙে বলা এবং নাটকের সার্বিক মান মনিটরিং—এ সবকিছুর সমাধান একমাত্র চ্যানেল করতে পারে, সঙ্গে আমাদের সব বিভাগের সবার কাজটাও ঠিকঠাকভাবে করতে হবে। সুদিন আসবেই।
একজন নির্মাতা হিসেবে তরুণদের বলতে চাই, একজন লেখক, গায়ক, শিল্পী, নির্মাতা নতুন কিছু সৃষ্টি করেন, সৃষ্টিকারীর সুখ নিজ ভোগে হওয়া উচিত না, সৃষ্টিকারীর সুখ খুঁজে পেতে হবে নিজের সৃষ্টির মাঝে। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফলতার পেছনে ছুটলে সফলতা আসে না। ভালোবাসা, সততা আর পরিশ্রম দিয়ে নিজের কাজটা ঠিকঠাক করো—খ্যাতি, অর্থ আসবেই।