ভালোবাসার অন্য রকম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্প, চিঠি, অভিজ্ঞতা, তথ্যচিত্রসহ নানা ধরনের আয়োজন নিয়ে একটি ভিন্নধর্মী প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে। ‘কোড-লাভ’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করেছে কেয়ার ফাউন্টেন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থ সুবিধাবঞ্চিত প্রবীণদের সেবায় ব্যয় করা হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে নির্মাতা অমিতাভ রেজা, শিল্পী রনি আহমেদ, ঋতু সাত্তার ও তরুণ উদ্যোক্তা শাবনাজ রশিদ নিজেদের মধ্যে ভালোবাসার নানা দিক নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভালোবাসার চিঠি পড়ে শোনান। সঞ্চালক ছিলেন শেহযাদ চৗধুরী।
প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা কাজী মনিরুল কবীর বলেন, এই প্রদর্শনীতে ভালোবাসার প্রকাশ ঘটানোর নানা উপকরণ রয়েছে। পাশাপাশি ভালোবাসা দিবসের মগ, মোমবাতি, চিঠি লেখার ডায়েরিসহ বেশ কিছু উপহারসামগ্রী কিনতে পাওয়া যাবে।
প্রদর্শনী থেকে পাওয়া অর্থ প্রবীণদের কল্যাণে ব্যয় করা হবে। তিনি জানান, প্রবীণ যাঁদের কেউ নেই, এমন মানুষের সেবা করা ও পাশে দাঁড়ানোর জন্য কেয়ার ফাউন্টেন কাজ করছে। ভালোবাসা দিবসে এই প্রদর্শনীর মাধ্যমে একে অন্যের প্রতি ভালোবাসার উপলব্ধি ঘটানোর চেষ্টা করা হবে।
প্রদর্শনীর আয়োজকেরা জানান, অনুষ্ঠানে এলে মুঠোফোনের মাধ্যমে একটি নম্বর তুলতে হবে। এর পরই মুঠোফোনে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির উক্তি দেখা যাবে। প্রদর্শনীস্থলে প্রতিদিন আমন্ত্রিত অতিথিরা আসবেন। তাঁরা নিজেদের ভালোবাসার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভালোবাসার চিঠি পড়ে শোনাবেন।
প্রতিদিন প্রদর্শনী চলবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। শুধু ভালোবাসা দিবস, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি প্রদর্শনী বিকেল পাঁচটায় শুরু হবে। প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত জানা যাবে ফেসবুকের facebook.com/codelove142 পেজ থেকে। এ ছাড়া www.code-love.org ওয়েবসাইট থেকে নানা তথ্য জানা যাবে।

অর্ণ কমলিকার ভরতনাট্যম
শীতের মেয়াদ ফুরালেও রাজধানীতে সন্ধ্যার বাতাসে জড়িয়ে থাকে খানিকটা হিমেল পরশ। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমের অনুষ্ঠান শুরু হয়েছিল এমনি কবোষ্ণ সন্ধ্যায়। শিল্পী অর্ণ কমলিকার পরিবেশনা উপভোগ্য হয়ে উঠেছিল দর্শকদের কাছে।
গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা সাংস্কৃতিক দলের যৌথ আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছিল এই নৃত্যানুষ্ঠান। অর্ণ কমলিকা তাঁর পরিবেশনা শুরু করেন দুর্গাস্তুতি দিয়ে। এরপর ছিল নবরস, অষ্টপ্রদীপসহ বেশ কয়েকটি পরিবেশনা। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বিশিষ্ট মূকাভিনেতা পার্থ প্রতীম মজুমদারের সঙ্গে একটি বিশেষ দ্বৈত পরিবেশনা।
নৃত্যের পর সংক্ষিপ্ত আলোচনায় অধ্যাপক সন্জীদা খাতুন বলেন, ‘অর্ণ কমলিকার নাচের অভিব্যক্তিগুলো অত্যন্ত চমৎকার।’ এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অর্ণ কমলিকার হাতেখড়ি শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এ ছাড়া তিনি বেলায়েত হোসেনের কাছে ভরতনাট্যম ও তামান্না রহমানের কাছে মণিপুরি নাচ শিখেছেন। তিনি ২০০২ সালে ছায়ানটে ভরতনাট্যম বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন।

জোটের অনুষ্ঠান
গতকাল বুধবার সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে পঞ্চম দিনের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। এতে দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, একক সংগীত পরিবেশন করেন কয়েকজন শিল্পী। আজ একই জায়গায় ষষ্ঠ দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। এতে আবৃত্তি, একক ও দলীয় সংগীতের আয়োজন রয়েছে।