ভালোবাসার সঙ্গে গানের সম্পর্কটা হলো দেহের সঙ্গে প্রাণের মতো। সত্তর ও আশির দশকে বিটিভিতে প্রচারিত ভালোবাসার যে গানগুলো শ্রোতার হূদয় ছুঁয়ে গেছে এবং এখনো ছুঁয়ে আছে, তেমন কয়েকটি আলোচিত গান নিয়েই বিশেষ এ আয়োজন।
ভালোবাসার গান
‘ভালোবাসার গান’ বললেই শ্রোতার হূদয়ে কাচের চুড়ির মতো রিনিঝিনি করে ওঠে অসংখ্য গান। সত্তর ও আশির দশকে বিটিভিতে প্রচারিত এমন অনেক গান আছে, যে গানগুলো এখনো ছুঁয়ে আছে শ্রোতার হূদয়। তবে সেই শ্রোতাপ্রিয় গানের তালিকাটা বেশ দীর্ঘ। বিটিভিতে প্রচারিত ভালোবাসার এমন কয়েকটি গানের গল্প উঠে এসেছে এই আয়োজনে। গানগুলো কবে, কীভাবে সৃষ্টি হয়েছিল—সেই গল্প শুনব গানের গীতিকার, সুরকার ও শিল্পীর কাছে। ১. আবার এল যে সন্ধ্যা শুধু দুজনে‘আবার এল যে সন্ধ্যা শুধু দুজনে,/ চলো না ঘুরে আসি অজানাতে,/ যেখানে নদী এসে থেমে গেছে’। সব বয়সের, সব শ্রোতার প্রিয় এই গানের শিল্পী হ্যাপী আখান্দ ও গীতিকার এস এম হেদায়েত; দুজনেরই কেউ আজ বেঁচে নেই। আছেন এ গানের সুরকার লাকী আখান্দ। কীভাবে গানটির সৃষ্টি হলো—জানতে চাইলে তিনি বলেন, ‘১৯৭৫ সালের দিকের কথা। নওগাঁর এক জমিদার ছিলেন মামুনাল চৌধুরী। আমরা তাঁকে “রাজা” ভাই বলে ডাকতাম। তিনি এখন বেঁচে নেই। রাজা ভাইয়ের স্ত্রী গান করতেন। তাঁর জন্য চারটি গান করেছিলাম। একবার রাজা ভাইয়ের আমন্ত্রণে গীতিকার এস এম হেদায়েত (প্রয়াত) আর আমি গেলাম নওগাঁয়। সারা দিন বাড়িতে বন্দী আমরা। কোথাও যেতে পারছি না। রাজা ভাইকে বলে রিকশায় বেড়াতে বের হলাম আমরা দুজন। চকঘুড়িয়া আর হাপুনিয়ার মাঝে জমিদার বাড়ি। আমরা রিকশায় যাচ্ছি। চারদিকে ধানখেত। মাঝখানে রাস্তা। চোখজুড়ানো প্রকৃতির রূপ। হেদায়েতকে বললাম গান লিখতে। সে বলল, “কী লিখব?” তারপর চুপ। হঠাত্ই বলল, “পেয়েছি, আবার এল যে সন্ধ্যা শুধু দুজনে।” প্রথম লাইন শুনে আমার খুব একটা ভালো লাগল না। পাত্তা দিলাম না। একটু পর বলল দ্বিতীয় লাইন—“চলো না ঘুরে আসি অজানাতে। যেখানে নদী এসে থেমে গেছে।” বললাম গানটা শেষ করতে। দুই চোখ ভরে দেখা প্রকৃতির রূপটাই এ গানে তুলে আনার চেষ্টা করেছেন হেদায়েত। ঢাকায় ফিরে গীতিকবিতাটি রক এন রোল রিদমের ওপর সুর করলাম। হ্যাপী গানটা তুলে নিল। তারপর একদিন শুনলাম, ও আমাকে না জানিয়েই গানটা রেকর্ড করে ফেলেছে। হ্যাপী বলল, “ভাইয়া, টিভিতে নওয়াজিশ আলী খানের প্রযোজনায় ‘বর্ণালী’ অনুষ্ঠানে তিনটা গান গাইতে হবে। দুটি গান আছে (কে বাঁশি বাজায় রে, এই পৃথিবীর বুকে আসে যারা)। আরেকটা গান দরকার, তাই তোমার এই গানটাও করে ফেললাম। এরপর আমি গানটা শুনি। শুনে আমি মুগ্ধ, যদিও গানটির রিদম প্যাটার্ন (আঙ্গিক) বদলে ফেলেছিল হ্যাপী। টিভিতে প্রচারিত হওয়ার পর গানটি জনপ্রিয় হয়ে যায়। পরে হ্যাপীর গাওয়া ওই গানটিই আমি সালাউদ্দিন জাকীর ঘুড্ডি ছবিতে ব্যবহার করি।’ ২. এই নীল মণিহার‘এই নীল মণিহার’ গানটির গীতিকারও প্রয়াত এস এম হেদায়েত। সুরকার ও শিল্পী লাকী আখান্দ। তিনি বলেন, ‘গানটির জন্ম ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর আজিমপুরের ১৬ নম্বর বিল্ডিংয়ে। গীতিকার এস এম হেদায়েত (প্রয়াত), শিল্পী শেখ ইশতিয়াক (প্রয়াত) ও আমি একসঙ্গে বসে গানটি তৈরি করি। মনে আছে, ওই দিন সকালে আজিমপুরের বাসা থেকে বের হয়ে আমরা তিনজন যাচ্ছিলাম নীলক্ষেতের দিকে। যাওয়ার সময় পথে সেনাবাহিনীর কুচকাওয়াজের শব্দ কানে এল। ওই রিদমটা কানে বাজতে লাগল। কিছুক্ষণ পর বাসায় ফিরি। তারপর তিনজন বসে পড়ি একটি নতুন গান করার ইচ্ছে নিয়ে। ইশতিয়াক গিটারে বি মাইনর কর্ডটা ধরে প্ল্যাকিং করছিল। কিবোর্ডে আমার আঙুল ছুঁতে ছুঁতে একটা সুর এসে যায়। ওই সুরের ওপরই এস এম হেদায়েত লিখলেন “এই নীল মণিহার এই স্বর্ণালী দিনে,/ তোমায় দিয়ে গেলাম, শুধু মনে রেখো”। এত দ্রুতই গানটি হলো যে আমরা একটি সুন্দর গান সৃষ্টির খুশিতে বেশ অনেকক্ষণ আনন্দে আত্মহারা হয়ে যাই। যা-ই হোক, গানটি প্রথম আমি ১৯৭৭ সালে বাংলাদেশ বেতারে গাই। তারপর গানটি শোনেন বিটিভির প্রযোজক জিয়া আনসারী। তিনি এই গানটির প্রেক্ষাপট নিয়েই একটি নাটক তৈরি করেন। নাম জীবন একটি উদ্যম নদী। গানটি ওই নাটকের জন্য আবার রেকর্ড করি। নাটকে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর, রাইসুল ইসলাম আসাদ। সম্ভবত ১৯৭৮ সালে নাটকটি বিটিভিতে প্রচারিত হয়। এর পরই গানটি ভীষণ জনপ্রিয় হয়ে যায়।৩. মন শুধু মন ছুঁয়েছেভালোবাসার গান বলতেই তরুণ-তরুণীদের মুখে যেটি অবলীলায় গুনগুনিয়ে ওঠে, সেটি সোলস ব্যান্ডের ‘মন শুধু মন ছুঁয়েছে/ও সে তো মুখ খোলেনি/সুর শুধু সুর তুলেছে/ভাষা তো দেয়নি...’। মজার ব্যাপার হলো, গানটি তপন চৌধুরীর গাওয়া—এটা সবাই জানলেও এ গানের গীতিকার যে নকীব খান, সে তথ্যটি অনেকের অজানা। আর গানটি সুর করেছেন নকীব খানের বড় ভাই ঝিলু খান।গানটির সৃষ্টির কথা জানতে ফোন করা হয়েছিল শিল্পী তপন চৌধুরীকে (তিনি বর্তমানে কানাডাপ্রবাসী)। ফোনে তিনি বললেন, ‘এই গানের জন্ম ১৯৮০ সালে ঢাকার আরামবাগে নকীবের বড় ভাই ঝিলু খানের বাড়িতে। তিনি তখন আলহেলাল হোটেলের পেছনে একতলা একটি বাড়িতে থাকতেন। ওখানে নকীব আর ঝিলু ভাই মিলে গানটি তৈরি করেন। আমি তখন লালমাটিয়া গ্রাফিকস আর্টস কলেজে পড়ি। ঢাকায় বসেই গানটি আমি তুলে নিই। চট্টগ্রামে সৈকতচারী নামে আমাদের একটি সাংস্কৃতিক সংগঠন ছিল। ওই সংগঠনের অনুষ্ঠানে প্রথম আমি গানটি গাই। এরপর সোলসের জন্য গানটি আমরা অনুশীলন করি। তখন বিটিভির একটি অনুষ্ঠানে (নাম মনে পড়ছে না) গান গাওয়ার জন্য সোলসকে আমন্ত্রণ জানানো হয়। আমরা গানটি রেকর্ড করতে যাই ইপসাতে। কিন্তু অর্ধেক কাজ করার পর রেকর্ডিং বন্ধ হয়ে যায়। এরপর আমরা গানটি নতুন করে রেকর্ড করি ঝংকার স্টুডিওতে। এই গানে সোলসের প্রথম দিককার সব সদস্যই ছিল। কিবোর্ডে নকীব খান, লিড গিটারে আইয়ুব বাচ্চু, ড্রামসে পিলু খান, পারকিউশনে নাসিম আলী খান, রিদম গিটারে জেরার্ড ও র্যালি এবং বেজ গিটারে শাহেদ। একমাত্র নাসিম ছাড়া ওই সময়ের আর কেউ এখন সোলসে নেই। কিন্তু ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি রয়ে গেছে। সোলস এ পর্যন্ত যত কনসার্ট করেছে, সবখানেই এই গান গাইতে হয়েছে, কারণ সোলস মানেই “মন শুধু মন ছুঁয়েছে”।’ ৪. কবিতা পড়ার প্রহর এসেছেগানটির কথা লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকী আখান্দ। গানটির প্রথম শিল্পী শাকিলা জাফর। পরে গানটি জনপ্রিয়তা পায় শিল্পী সামিনা চৌধুরীর কণ্ঠে। গানটি কীভাবে সৃষ্টি হয়েছিল—জানতে চাই গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর কাছে। তিনি বলেন, ‘এ গানটি লিখেছিলাম সত্তরের দশকের শেষের দিকে। সিলেটের একটি চা-বাগানে আমার মেজ ভাই চাকরি করতেন। একবার সেখানে বেড়াতে গেলাম। ভাইয়া ছিলেন না। গার্ডেনে আমি একা। এক রাতে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটি উঁচু টিলার একদম ওপরে। দাঁড়িয়ে আকাশ দেখছি। হঠাত্ বিদ্যুত্ চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো, আমি যেন জোনাকির ভেতরে হারিয়ে গেছি। ওই দৃশ্যটা মনে ছিল। ঢাকায় ফেরার পর দৃশ্যটা কল্পনা করে গানটা লিখে ফেলি। এরপর আশির দশকে বিটিভির একটি সংগীতানুষ্ঠানে লাকী আখান্দ বেশ কজন শিল্পীর গান করল। সেই অনুষ্ঠানেই এই গানটি সুর করে লাকী শাকিলা জাফরকে দিয়ে গাওয়ায়। তার অনেক পরে বিটিভির সুর ও বাণী অনুষ্ঠানে সামিনা চৌধুরীকে দিয়ে দ্বিতীয় দফায় গানটি গাওয়ায় লাকী। গানটি এত জনপ্রিয় হয়েছিল যে কলকাতার আকাশবাণী থেকে গানটি প্রচারের জন্য আমার কাছ থেকে অনাপত্তি স্বাক্ষর নেওয়া হয়েছিল।’ সামিনা চৌধুরী বলেন, ‘মনে আছে, বিটিভির অডিটোরিয়ামে গানটির ধারণকাজ হয়েছিল। সেদিন হ্যাপী আখান্দও উপস্থিত ছিলেন। শুটিংয়ের সময় তিনি প্রযোজককে বললেন জোনাকি বোঝানোর জন্য লাইট দিয়ে বিপ (জ্বলা, নেভা) দেওয়ার জন্য। তারপর তিনি উধাও। কিছুক্ষণ পর হঠাত্ কোত্থেকে একটি বড় স্ট্যান্ড ফ্যান নিয়ে হাজির। আমার চুলগুলো যেন বাতাসে ওড়ে, সে জন্য ফ্যানটা চালিয়ে দিলেন। এটি আমার সংগীতজীবনের একটি উল্লেখযোগ্য গান।’ ৫. তোরে পুতুলের মতো করে সাজিয়েএ গানের গীতিকার আবদুল্লাহ আল মামুন। তিনি একজন আর্কিটেক্ট। এখন থাকেন অস্ট্রেলিয়ায়। গানের সুরকার নকীব খান। শিল্পী কুমার বিশ্বজিত্। এ গানের গল্প বললেন কুমার বিশ্বজিত্। ‘চট্টগ্রাম কাজেম আলী স্কুলের প্রধান শিক্ষক ছিলেন নকীব খানের বাবা। স্কুলের ভেতরেই ছিল প্রধান শিক্ষকের বাসভবন। ওই বাড়ির নিচতলায় থাকতেন নকীব আর তাঁর ভাই পিলু খান। ওখানেই “তোরে পুতুলের মতো করে সাজিয়ে” গানটির সৃষ্টি। গানটি সেখানে তোলা। ১৯৮০ সালের দিকে বিটিভিতে একটি অনুষ্ঠান প্রচারিত হতো। নাম ছিল যুবমেলা। অনুষ্ঠানের প্রযোজক আল মনসুর একদিন আমাকে বললেন তাঁর অনুষ্ঠানের জন্য দুটো গান করে দিতে। এক দিন পরই গানের শুটিং। কী করি। ধরলাম সংগীত পরিচালক আবু তাহেরকে (প্রয়াত)। তিনি এ গানের সংগীতায়োজন করেন। তেজকুনীপাড়ায় ঝংকার নামের একটা স্টুডিও ছিল। ওই দিন এই গানটি ছাড়াও “চতুরদোলাতে চড়ে দেখো ওই বধূ যায়” (এই গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল) গানও রেকর্ড করি।’ বিশ্বজিত্ বলেন, ‘তবে “তোরে পুতুলের মতো করে সাজিয়ে” গানটি রেকর্ড করার পর শুনি যুবমেলা অনুষ্ঠানটি হবে না। আল মনসুর আমাকে বলেন, “গানটা রেখে দাও। কিছুদিন পর শিউলিমালা নামে আমি একটি ম্যাগাজিন অনুষ্ঠান শুরু করছি, ওই অনুষ্ঠানে এই গানটি করবে তুমি।” ১৯৮২ সালের প্রথম দিকে শিউলিমালায় গানটি আমি গাই। মনে আছে, আমাদের বাড়িতে সাদাকালো টিভি ছিল, কিন্তু তখন বিটিভির রঙিন যুগ শুরু হয়ে গেছে। আমার গানটি দেখার জন্য বাড়িতে ওই দিন রঙিন টিভি কিনে আনা হলো। গানটি প্রচার হওয়ার পরদিন একটা রিকশা নিয়ে বেড়াতে বের হলাম। যে শার্ট পরে টিভিতে গানটি গেয়েছিলাম; গায়ে আমার ওই শার্ট। রিকশা চট্টগ্রামের চেনা গলি দিয়ে ছুটছে। আর আমি দেখছি, আমাকে কতজন চিনতে পারে। সবার অভিনন্দন আর বাহ্বায় সেদিন বুঝে গেলাম, গান নিয়ে যে স্বপ্ন ছিল, সেটা সত্যি হতে যাচ্ছে। এখন বলি, এই গানটির জনপ্রিয়তা এখনো আমি উতরে যেতে পারিনি।’ ৬. আমি হ্যামিলিনের সেই বাঁশিওয়ালাএই গানের গীতিকার মাহফুজুর রহমান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। সুর করেছেন আবু তাহের (প্রয়াত)। শিল্পী শুভ্র দেব।গানটি প্রসঙ্গে জানতে চাইলে শুভ্র দেব বলেন, ‘এই গানটির সৃষ্টি ১৯৮৪ সালে। ওই সময় রিয়াজউদ্দিন বাদশা বিটিভিতে স্বর্ণালী সন্ধ্যা নামে সংগীতবিষয়ক একটি অনুষ্ঠান প্রযোজনা করতেন। এর আগে ১৯৮২ সালে তিনি প্রথম আমার “চোখ বুজলেই ঘুম এসে যায়” গানটির মিউজিক ভিডিও করেন তাঁর একটি অনুষ্ঠানের জন্য। ‘একদিন তিনি বললেন, স্বর্ণালী সন্ধ্যা অনুষ্ঠানে আমার একটা গান করবেন। তারপর আমি সুরকার আবু তাহের ভাইকে বললাম নতুন একটা গান করে দিতে। তিনি রাতে যেতে বললেন। গেলাম মোহাম্মদপুর বাঁশবাড়িতে তাঁর বাসায়। গিয়ে দেখলাম গান তৈরি। গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ সেদিন ছিলেন না। তিনি গানটি আগেই দিয়ে গেছেন। তাহের ভাই গানটি সুর করে রেখেছিলেন। তিনি গানটি তুলে দিলেন। এরপর গানটি রেকর্ড করি ধানমন্ডিতে ফেরদৌস ওয়াহিদের বিএমডিআই স্টুডিওতে। বিটিভিতে প্রচারিত হওয়ার পর রাতারাতি গানটি শ্রোতাপ্রিয় হয়। এর পর থেকে যেখানেই গান গাইতে গেছি, সেখানেই ভালোবাসার এই গানটি গাওয়ার অনুরোধ। একবার কিশোরগঞ্জের একটি কলেজে গানটি গাইছি; যখনই আমি “তোমাকেই আসতেই হবে” লাইনটি গাইলাম, তখনই দেখি মঞ্চের সামনে একটি মেয়ে চিত্কার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল।’ শুভ্র দেব বলেন, ‘আসলে আজকে শুভ্র দেব হিসেবে আমার যে পরিচিতি, সেটা এই গান দিয়েই। আরেকটি তথ্য দিই। গীতিকার মাহফুজুর রহমানের কাছে আমি গানটির প্রেক্ষাপট কোথা থেকে নিয়েছেন জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন, রবার্ট ব্রাউনিংয়ের “পাইড পাইপারস অব হ্যামিলিন” কবিতার ভাবটি নিয়ে ভালোবাসার আঙ্গিকে তিনি এই গানটি করেছেন।