ভালোবাসার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই চলচ্চিত্রগুলো ছিল প্রেমের। কোনোটি মিলনাত্মক, কোনোটি বিয়োগান্তক। পাঠক, আসুন জেনে নিই, ছবিটি নিয়ে শিল্পীদের অনুভূতির কথাঅনন্ত প্রেমরাজ্জাক সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নিলেন। প্রেমের ছবি বানাবেন। নায়িকা কে হবেন—এ নিয়েই অনেক গুঞ্জন। শেষ পর্যন্ত ঘোষণা দিলেন, তাঁর পরিচালনায় নির্মাণাধীন ছবির নায়িকা হবেন ববিতা। সিনেমার শুটিং করার জন্য তিনি চলে গেলেন কাপ্তাই লেকে। তিন কিলোমিটার রাস্তা হেঁটে একটি জায়গায় গিয়ে শুটিং করলেন। ছবির শেষ দৃশ্যের শুটিং করবেন তিনি। ববিতা বিষপান করেছেন। সেই বিষ তিনি মুখ দিয়ে চুষে নেবেন। বেশ আবেগঘন দৃশ্য। একসময় একটি ঝরনার ধারে একজন অপরজনকে ধরে হেঁটে চলার চেষ্টা করছেন। ‘এর শুটিং করার পর দেখলাম ববিতা বলল, “ভাই, সব ঠিক আছে তো।” আমি ওকে বললাম, একদম ঠিকঠাক আছে। সন্ধ্যার পর শুটিং ক্যাম্পে গিয়ে দেখি, ববিতা কান্না করছে। আমি বললাম, পপি (ববিতার ডাকনাম) কী হয়েছে? কাঁদছ কেন? ববিতা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, “ভাই, আমার বিয়ে হয়নি, এমনভাবে চুমুর দৃশ্য করা হলো, অনেকেই বলছে যে আমার আর বিয়ে হবে না।”ওর কথা শুনে আমি হাসলাম। বললাম, দূর পাগলি। শান্ত হও। ঠিক আছে, ঢাকায় চলো। এডিটিং করি। তুমি নিজে দৃশ্যটি দেখো। যদি খারাপ লাগে, তা হলে বোলো, আমি ফেলে দেব। ঢাকায় ফিরে ছবিটির কাজ শেষে ববিতাকে দেখালাম, ববিতা দেখল এবং বলল, “না, ঠিকই আছে।” ছবি মুক্তি দিলাম এবং দারুণভাবে ব্যবসায়িক সাফল্য পেল ছবিটি।’ বলছিলেন রাজ্জাক।মনের মাঝে তুমিরিয়াজ-পূর্ণিমা জুটির যতগুলো ছবি মুক্তি পেয়েছে, তার প্রায় সবগুলোই ছিল প্রেমের ছবি। তবে মনের মাঝে তুমি ছবিটি ছিল সবচেয়ে বেশি আলোচিত। এ সিনেমার গানগুলো ছিল শ্রুতিমধুর। একটি গানের শুটিং ছিল, হায়দরাবাদের সমুদ্রের পাড়ে। পরিচালক বললেন, ভোরবেলা কাজটি করতে হবে। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। রিয়াজ-পূর্ণিমা ভোর পাঁচটায় মেকআপ নিয়ে তৈরি হয়ে নিলেন। তারপর গাড়িতে রওনা হলেন। সূর্য ওঠার আগেই কাজ শুরু হলো। গানের দৃশ্যায়নটি এমন ছিল যে পূর্ণিমা তাঁর মনের মানুষকে খুঁজে পাচ্ছেন না। অনেক দিন থেকেই খুঁজছেন। দুঃখকষ্টে পূর্ণিমা কাঁদছেন। ওদিকে রিয়াজ ততক্ষণে জেনে গেছেন, তাঁর মনের মানুষ হচ্ছেন পূর্ণিমা।‘এর পরই রিয়াজ সেখানে ছুটে আসেন এবং আমিও দৌড়ে যাই। তখনই শুরু হয় “প্রেমী ও প্রেমী” গানটি। ওই সময় আমি আর রিয়াজ এতটাই আবেগাপ্লুত হয়ে পড়ি যে মনে হচ্ছিল, সত্যি সত্যি আমরা একে অপরকে খুঁজছিলাম। এরপর আসলে ক্যামেরা শুধু চলেছে। আমরা আমাদের মতো কাজ করেছি। আজও যখন মনের মাঝে তুমি ছবিটির কথা মনে পড়ে, তখন এই দৃশ্যটিই চোখে ভেসে ওঠে।’ বললেন পূর্ণিমা। হঠাৎ বৃষ্টিতখন সিনেমায় একদমই নতুন ফেরদৌস। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টিতে কাজের সুযোগ পেলেন। বাসু চ্যাটার্জির সিনেমা। কাজ করতে গেলেন রাজস্থানে। মরুভূমি কী এবং দেখতে কেমন, তা প্রথমবার দেখলেন। বেশ উত্তেজনা তাঁর মধ্যে। যখন উটগুলো নিয়ে আসা হলো, তখন তো ফেরদৌসের খুশি আর দেখে কে?কিন্তু যখন দিনের আলো বাড়তে শুরু করল এবং জানা গেল, ৪৮ ডিগ্রি তাপমাত্রা, তখন ফেরদৌসের অবস্থা প্রায় কাহিল। ভেজা তোয়ালে মাথার মধ্যে পেঁচিয়ে একেকটি দৃশ্যের শুটিং করতে হয়েছে তাঁকে। ‘একবার উটের পিঠে উঠলে তিন ঘণ্টা করে বসেই থাকতে হতো। কী যে কষ্ট! কিন্তু এগুলো আসলে আমাকে ক্লান্ত করেনি একটি কারণে, সেটি হলো সবকিছুই ছিল আমার কাছে নতুন এবং প্রথম। ফলে উৎসাহের কোনো কমতি ছিল না। সেখানে আমি “সোনালি প্রান্তরে” গানটির শুটিং করলাম।আর একটি দৃশ্যের কথা না বললেই নয়। আমি প্রিয়াঙ্কাকে নিয়ে ওর বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আমার শরীরে একটা চাদর। ও আমার এত কাছাকাছি, অথচ আমি জানিই না যে এ মেয়েটিই হচ্ছে আমার মনের মানুষ। ও জানে না, এত দিন থেকে আমাকেই খুঁজছে। একটা চাদর যে আমাদের মধ্যে দেয়াল হয়ে আছে, এটা ভাবতেই অন্য রকম লাগত ওই সময়। সিনেমার শুটিং শেষে যখন ছবিটি মুক্তি পেল, সিনেমা হলে গিয়ে দেখলাম, জোড়া জোড়া ছেলেমেয়ে ওই দৃশ্যগুলো উপভোগ করছে। আবার কেউ কেউ বলছে, চাদরটা সরিয়ে ফেলে না কেন ফেরদৌস। তাহলেই তো মেয়েটি চিনে নিতে পারে তার মনের মানুষকে। এখন মনে হয়, এমন ধারণার ছবি আর হবে বলে মনে হয় না।’কেয়ামত থেকে কেয়ামত‘সিনেমা নিয়ে যতবারই কথা বলব, ততবারই কেয়ামত থেকে কেয়ামত ছবিটির নাম এসে যায়। এ ছবির প্রতিটি দৃশ্যই আসলে আমার কাছ মনে হয় একেকটি যেন বাস্তব ঘটনা। প্রেমের অসাধারণ একটি ছবি হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত। দুটি দৃশ্যের কথা বলি।আমি আর সালমান বাড়ি থেকে পালিয়েছি। আমরা বন-জঙ্গলে ঘুরে বেড়াই। একবার হলো কি, ঝরনার মধ্যে নেমেছি। তো, সাঁতার এক-আধটু জানি। আমি ভেবেছিলাম, ঝরনার নিচের অংশটুকু খুব গভীর নয়। কিন্তু যেই না পানিতে নেমেছি, দেখছি যে তলিয়ে যাচ্ছি। আমি ভয় পেয়ে গেলাম। সালমান আমাকে পাঁজাকোলা করে তুলে ধরল। আসলে আমি যে জায়গাটাতে নেমেছিলাম, সেখানকার গভীরতা এত বেশি ছিল যে আমি ডুবে যাচ্ছিলাম। কিন্তু সালমান যে জায়গাটিতে দাঁড়িয়েছিল, ওই জায়গাটির গভীরতা ততটা ছিল না। আর একটি দৃশ্যের কথা বলব। আমাকে আমার বাবার গুণ্ডারা নিয়ে যাচ্ছে। আর তখন দেখি, সালমানকে গুলি করা হচ্ছে। আমি তখন সালমানকে বাঁচাতেই ছুটে যাই এবং পাহাড় থেকে গড়িয়ে পড়ি। গুলি আমার শরীরে এসে লাগে। সালমান আত্মহননের পথ বেছে নেয়। এবং আমার ওপর পড়ে যায় ওর রক্তাক্ত দেহ। উফ্ কী যে এক দৃশ্য, এ কল্পনাও করা যায় না। এখনো মাঝেমধ্যে ভাবি, পরিচালক সোহানূর রহমান সোহান সেদিন কীভাবে এ দৃশ্যটি আমাদের দিয়ে করিয়েছিলেন?’ বলছিলেন মৌসুমী। প্রিয়া আমার জানশাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তবে অপু মনে করেন, তাঁদের অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে প্রিয়া আমার জান ছবিটি প্রেমের ছবি হিসেবে দারুণ! ছবিটি গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে এবং এই ছবিটি ব্যবসায়িক সাফল্যও লাভ করেছে। শাকিব খান ও অপু বিশ্বাস বললেন, ‘এ ছবিতে আমরা প্রেম করেছি, লুকিয়ে লুকিয়ে। প্রেম করতে গিয়ে মাঝেমধ্যে অপুর বাবার কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। একবার একটি দৃশ্য এমন ছিল যে আমরা গান করতে গেলাম, সেখানে অপুর মামা কাবিলা আমাদের ফলো করে। গানের শেষদিকে তাঁর ঢুকে পড়ার কথা। কিন্তু তিনি এমন এক গেটআপ নিয়ে আমাদের গানের শুটিংয়ের লোকেশনে ঢুকে পড়লেন, প্রথমে তো আমরা চিনতেই পারিনি তাঁকে। একটু ভয়ই পেয়েছিলাম, বাইরের কেউ হয়তো আমাদের ওপর চড়াও হচ্ছে।’অপু বললেন, ‘এ ছবিতে আমার আর শাকিবের বিয়ে হয়। বিয়ের পর আমি শাকিবকে স্বামী হিসেবে মানতে চাই না বলে জেদ করে আমার কাছ থেকে চলে যায়। তখন আমার খুব কষ্ট হয়। ওই দৃশ্যটিতে যখন কাজ করি, তখন মনে হচ্ছিল সত্যিই বোধ হয় আমার কাছ থেকে মনের মানুষ চলে যাচ্ছে। আমি আর আবেগ ধরে রাখতে পারিনি। একপর্যায়ে কেঁদে ফেলি। এ দৃশ্যটির কথা আজও আমি ভুলতে পারিনি।’