ভালোবাসার জয়
শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হলো। প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টকে ক্ষমা করে দিলেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন।নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে খবরের শিরোনাম হওয়ার পর ক্রিস্টেনকে ছেড়ে চলে গিয়েছিলেন প্যাটিনসন। কিন্তু এক মাসের মাথায় ক্রিস্টেনের প্রতারণার বিষয়টি ভুলে গিয়ে তাঁকে মাফ করে দিয়েছেন এই ব্রিটিশ অভিনেতা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে যুক্তরাজ্যের ‘সান’ পত্রিকা জানিয়েছে, সম্প্রতি ক্রিস্টেনের সঙ্গে এক আবেগঘন আলাপচারিতার পর তাঁর ক্ষণিকের সেই ভুল ক্ষমা করে দেন প্যাটিনসন। রুপার্টের সঙ্গে ঘনিষ্ঠতার খবর প্রকাশিত হওয়ার পরপরই প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন ক্রিস্টেন। পরবর্তী সময়ে তিনি বারবার প্যাটিনসনের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে আসছেন।সূত্রটি আরও জানিয়েছে, শেষ পর্যন্ত প্যাটিনসন উপলব্ধি করেছেন, ক্রিস্টেন আসলেই মন থেকে প্রচণ্ড অনুতপ্ত। আর তাই সব ক্ষোভ ঝেড়ে ফেলে ক্রিস্টেনকে আবারও বুকে টেনে নিয়েছেন। সত্যিই ভালোবাসার জয় হলো। রুপার্ট ও ক্রিস্টেনের ঘনিষ্ঠ কয়েকটি ছবি ফাঁস হওয়ার আগ পর্যন্ত হলিউডে একই বাড়িতে থাকতেন ক্রিস্টেন ও প্যাটিনসন। কিন্তু ক্রিস্টেনের বিশ্বাসঘাতকতার বিষয়টি জানার পর সেই বাড়ি ছেড়ে চলে যান প্যাটিনসন। হলিউডের অভিনেত্রী রিজ উইদারস্পুনের ক্যালিফোর্নিয়ার বাড়িতে গিয়ে ওঠেন তিনি। পরে সেখানে ছুটে যান ক্রিস্টেনের বাবা জন। তিনি তাঁর মেয়ের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে অনুরোধ করেন প্যাটিনসনকে।ক্রিস্টেনকে ক্ষমা করে দেওয়ার পর আবারও একসঙ্গে থাকা শুরু করেছেন এই তারকা জুটি। লস অ্যাঞ্জেলেসে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির পাশের বাড়িতে উঠেছেন তাঁরা।