

ভয়ংকর এক ভালুক মহা আক্রোশে ছিঁড়েখুঁড়ে ফেলছে মানুষটার শরীর। হাতের বন্দুক ফসকে গেছে কোথায়। আক্রান্ত লোকটা প্রাণপণে লড়ে যাচ্ছে। কিন্তু লাভ হচ্ছে না কোনো। খ্যাপা ভালুক বুনো আক্রোশে ছিঁড়েখুঁড়ে ফেলছে তাকে। লোকটার আর্তনাদে ভারী হয়ে উঠল বাতাস। তারপর সেরা অভিনেতার অস্কার ঘোষণার পালা এল। অসাধারণ অভিনয়ের জন্য ভালুকটার হাতে উঠল অস্কার!
বুঝতেই পারছেন ভালুকের কবলে পড়া সেই মানুষটির নাম লিওনার্দো ডিক্যাপ্রিও। এ সময়ের আলোচিত এই ফেসবুক রসিকতার বিষয় আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সাড়া জাগানো ছবি দ্য রেেভন্যান্ট-এর রোমহর্ষক সেই দৃশ্য। অস্কারের মৌসুমে ফেসবুকে অহরহ ঘটছে ডিক্যাপ্রিওকে নিয়ে এমন সব মিম তৈরি আর ঠাট্টা-মশকরার ঘটনা। এসব রসিকতা বড় নিষ্ঠুর মনে হবে যদি আমরা খানিক পেছনে যাই।
মনে করুন দুই বছর আগে অস্কার পুরস্কার আসরের সেই মুহূর্ত। খানিক আগে ঘোষণা হয়ে গেছে সেরা অভিনেতার নাম। লিওনার্দো ডিক্যাপ্রিওর চোখ জলে ছলছল। লিওনার্দোর চোখের জল সেদিন বেদনার ছায়া ফেলেছিল বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মনেও। তঁারা তো সেই টাইটানিক দেখে কবেই মন সঁপে দিয়েছেন হলিউডের জনপ্রিয়তম এই অভিনেতাকে।
এবার সিনেমা দুনিয়ার সবচেয়ে বড় স্বীকৃতি অস্কারের আরও একটি স্বর্ণালি মুহূর্ত উপস্থিত। দ্য রেেভন্যান্ট ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে গোল্ডেন গ্লোব আর বাফটার মতো বড় পুরস্কার জিতে নিয়েছেন আগেই। অস্কারেও তাঁকে ঘিরে তুমুল শোরগোল। প্রায় সব হিসাবনিকাশেই বলতে হবে, এর আগে চারবার অস্কার মনোনয়ন পাওয়া ডিক্যাপ্রিও এবার যথেষ্ট ভালো অবস্থানে। তাহলে এবার পারবেন তো লিওনার্দো ডিক্যাপ্রিও? বারবার কাছে এসে ফিরে যাওয়া অস্কারের সোনালি মূর্তি কি ধরা দেবে এবার?
টাইটানিক ছবির সেই দৃশ্য আরও একবার মনে করুন। রোজ চলে যাচ্ছে। আস্তে আস্তে জমে যাচ্ছে ভাসমান জ্যাকের শরীর। হলভর্তি দর্শকের চোখে পানি। লিওনার্দো ডিক্যাপ্রিও কি আবারও কাঁদবেন এবং কঁাদাবেন? নিয়তি কি এত নিষ্ঠুর হয়?
আগামীকাল ২৯ ফেব্রুয়ারি সকাল ছয়টা থেকে স্টার মুভিজ (ইন্ডিয়া)–এ দেখা যাবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মূল আয়োজন।