ভালোবাসার পদাবলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল থেকেই আকাশে ধূমল মেঘের ওড়াউড়ি। সন্ধ্যায় যখন ইলশে গুঁড়ি দিয়ে ক্রমেই রিমঝিম ধারায় বর্ষণ শুরু হলো, তখন বেঙ্গল গ্যালারিতে মেঘের বন্দনা করে আবৃত্তি শুরু করেছেন কবি সৈয়দ শামসুল হক। গতকাল শুক্রবার সন্ধ্যায় এখানে ছিল তাঁর ‘ভালোবাসার পদাবলী’ নামের একক কবিতা পাঠের আসর।শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান শুরু করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। এরপরই কবির প্রিয় গান গেয়ে শোনান শিল্পী ইফফাত আরা দেওয়ান। তিনি পরিবেশন করেন ‘তোমারই তুলনা তুমি’, ‘আমি কাননে কাননে তোমারই সন্ধানে’ এবং ‘এসো সোনার বরণ রানী গো’।ভাদ্রমাস। আকাশে মেঘের ভেলা। মেঘের বন্দনা দিয়েই কবিতা পাঠের পর্ব শুরু করেছিলেন কবি সৈয়দ শামসুল হক। প্রথমে তিনি কালিদাসের মেঘদূত থেকে আবৃত্তি করেন অগ্রজ কবিদের শ্রদ্ধা নিবেদন করে। এ পর্বে তিনি বিদ্যাপতির ‘এ ভরা বাদর মাহ ভাদর’, জ্ঞান দাসের ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’, মাইকেল মধুসূদন দত্তের ‘সোমের প্রতি তারার পত্র’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমরা দুজনা স্বর্গ খেলনা’, কাজী নজরুল ইসলামের ‘তোমারে বন্দনা করি’, জীবনানন্দ দাশের ‘সুরঞ্জনা’, ‘বনলতা সেন’, বুদ্ধদেব বসুর ‘নগ্ননির্জন হাত’সহ বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন।আবৃত্তির সঙ্গে ছিল ভালোবাসা এবং কবিতার নানা প্রসঙ্গ নিয়ে কখনো সরস, কখনো বিশ্লেষণমূলক মন্তব্য। এরপর সংক্ষিপ্ত এসরাজবাদন। তারপর নিজের লেখা ভালোবাসার কবিতা পাঠ। শুরু করেছিলেন তাঁর প্রথম পর্যায়ের লেখা ‘তোমার বিদায়’ কবিতা দিয়ে। এরপর ‘বারান্দায় বসে আছি’, ‘তোমার গালে কিসের দাগ’সহ বিভিন্ন কবিতা আবৃত্তি করে শোনান। বাইরে বৃষ্টি, ভেতরে কবিতার ছন্দ। সন্ধ্যা জমে উঠেছিল দারুণ।