ভালোবাসার সাম্পানে ব্রিটনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম জন্মদিনের বিস্ময় উপহার যে জ্যাসন টারউইকের হাতের মুঠোয় লুকিয়ে আছে, তিনি কল্পনাও করতে পারেননি। চোখ বন্ধ করে সেই উপহার দেখার জন্য শিহরণ জাগানিয়া অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। চোখের পাপড়ি মেলতেই দেখলেন টারউইকের হাতের মুঠোয় সোনা রোদে ঝিলিক দিচ্ছে একটা আংটি! আনন্দে, বিস্ময়ে ব্রিটনি স্পিয়ার্সের চোখে জল চলে এল। সানন্দে নিজের বাম হাতের অনামিকা টারউইকের দিকে বাড়িয়ে দিলেন। গত মাসে এভাবেই বাগদান হয়ে গেল মার্কিন সংগীত তারকার।এক অর্থে ২০১১ সাল তাঁর জন্য ছিল হতাশার চাদরটাকে ছিঁড়ে ফেলার। এ বছর মুক্তি পাওয়া তাঁর একক ফেম্মে ফ্যাটাল আবারও তাঁকে নিয়ে এসেছে আলোচনায়। আবার যেন সেই ব্রিটনিকে ফিরে পাচ্ছে সবাই, যে ব্রিটনি হঠাৎ হারিয়ে গিয়েছিলেন জীবনের বন্ধুর পথে হাঁটতে গিয়ে।২০০৬ সালে কেভিন ফেদারলাইনের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে একদম গুটিয়ে নিয়েছিলেন। যে সোনালি ডানার চুল বিখ্যাত করে তুলেছিল তাঁকে, সেগুলো একেবারে ছেঁটে ফেলে পুরো মাথা ন্যাড়া করে ফেললেন! লতানো শরীরটা একসময় মুটিয়েও গেল ভীষণ। এমনও শোনা গেল, হতাশার অন্ধকার থেকে মুক্তি পেতে মাদক নামের এক মরণখেলায় মেতেছেন, নিজেকে ঠেলে দিচ্ছেন আরও অতল গহ্বরে।ব্রিটনিকে সেই হতাশার অন্ধকার থেকে আশার আলোয় টেনে তুলেছেন টারউইক। দীর্ঘদিনের বন্ধু, একসময় ব্রিটনির ম্যানেজার হিসেবে কাজও করেছেন। একসময় হূদয়ের শূন্যতাও টারউইক পূরণ করে দিলেন। বছর দেড়েক মিডিয়ার কানাঘুষার পর ২০১০ সালে আনুষ্ঠানিকভাবেই জানানো হলো, ‘হ্যাঁ, আমরা প্রেম করছি।’কিন্তু ‘বিয়ে’ ব্যাপারটাতেই ব্রিটনির বড় ভয়। প্রথমবার বিয়ে করেছিলেন মাত্র ২২ বছর বয়সে। অপরিণত বয়সের সেই পরিণয় স্থায়ী হয়নি। বধূ বেশে নয়, ছেঁড়া জিনস আর বেসবল টুপি মাথায় পরে প্রমোদ নগর লাস ভেগাসে বিয়ের মালা বদল করেছিলেন শৈশবের বন্ধু জ্যাসন আলেক্সান্ডারের সঙ্গে। কিন্তু বিয়েটার আয়ু ছিল মাত্র দুই দিন!সেটা ২০০৪ সালের জানুয়ারির ঘটনা। হূদয়ের সেই ক্ষত শুকিয়ে না যেতেই পরিচয়ের তিন মাসের মাথায় ফেদারলাইনের সঙ্গে বিয়ের আংটি বদল করে ফেলেন। ওই বছর সেপ্টেম্বরে বিয়েও হয়ে যায় তাঁদের। সেই বিয়ে নিয়ে মিডিয়ায় সে কী তোলপাড়! ব্রিটনির বিয়ের পোশাকটির দামই নাকি ছিল ২৬ হাজার মার্কিন ডলার! পরের বছর ব্রিটনির কোলজুড়ে আসে ছেলে শন। ২০০৬ সালে জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান।কিন্তু সুখের ঘর অনলে পুড়ে যায়। ২০০৬ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ব্রিটনি। পরের বছর জুলাইয়ে সেটি গৃহীত হয়। দুজনার দুটি পথ বেঁকে যায় দুদিকে। আর কোনো সম্পর্কে জড়াবেন না বলেই যেন ধনুকভাঙা পণ করেছিলেন। কিন্তু রাখতে পারেননি সেই প্রতিজ্ঞা। আর এবার টারউইকের সঙ্গে প্রেমের আড়াই বছরের মাথায় আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই স্বর্ণকেশী নন্দিনী। বিয়ের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সেটি আসন্ন বলেই সবার অনুমান। শুভস্য শীঘ্রম।কিন্তু এবার বিয়ে নিয়ে আর হল্লা করতে চান না। চান না মিডিয়ার শোরগোলও। আর তাই বিয়ের অনুষ্ঠানটি একেবারেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন করতে চাইছেন। ব্রিটনির সেই চাওয়াকে শ্রদ্ধা করছেন টারউইকও। জ্যাসন নামের এক বন্ধুর সঙ্গে বিয়ের বৃত্তটার শুরু হয়েছিল। জ্যাসন নামের একজনকে দিয়েই সেই বৃত্তটা এবার পূরণ করতে চান ব্রিটনি।তবে এই বিয়ে নিয়েও নিন্দুকের মুখে অলক্ষুনে সব কথাবার্তা। এর মধ্যে নাটকের চরিত্র হিসেবে ট্যাবলয়েডগুলো হাজির করেছে প্রথম স্বামী জ্যাসন আলেক্সান্ডারকে। আলেক্সান্ডার মহাশয় দাবি করছেন, টারউইকের প্রতি ব্রিটনির নাকি কোনো প্রেমই নেই! ‘সেটা তো ওদের ছবিগুলোর দিকে তাকালেই বোঝা যায়। না, তাদের মধ্যে কোনো আত্মিক সম্পর্ক নেই। এটা একেবারেই ভুয়া, শুধু লোকে সেটা বলতে ভয় পাচ্ছে’—দাবিটা আলেক্সান্ডারের।তবে ব্রিটনি ভক্তরা চান, নিন্দুকদের মুখে ছাই মেখে দিয়ে সফল একটা দাম্পত্য জীবনের সাম্পানে ভেসে যান। যেন এবার ব্রিটনিকে বলতে না হয়, ‘উপ্স্, আই ডিড ইট অ্যাগেইন!’ রাজীব হাসানতথ্য: ডেইলি মেইল