ভালোবাসার ১০টি চলচ্চিত্র
স্বাধীনতা-উত্তর বাংলা চলচ্চিত্রে আলোচিত ও ব্যবসাসফল অসংখ্য চলচ্চিত্র রয়েছে। এ রকম ১০টি চলচ্চিত্রের কলাকুশলীদের সঙ্গে কথা বলে নেপথ্য গল্প লিখেছেন কামরুজ্জামানঅনন্ত প্রেমরাজ্জাক পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা এবং নায়কের ভূমিকায়ও অভিনয় করেন তিনি। ব্যবসাসফল অসাধারণ প্রেমের ছবি হিসেবে স্বীকৃত এ ছবির নির্মাণের সময় ঘটেছে বেশ মজার ঘটনা।ছবির শুটিং হয়েছিল কাপ্তাইয়ে। স্মৃতিচারণ করে রাজ্জাক জানান, ছবির শেষ দৃশ্যটি ছিল এমন, নায়ক (রাজ্জাক) বিষপান করবেন। নায়িকা (ববিতা) সেই বিষ নায়কের মুখ থেকে চুষে নেবেন। ববিতা একটু বিব্রত হন। রাজ্জাক ববিতাকে বোঝান, দৃশ্যটি অত্যন্ত আবেগপ্রবণ। তাই দৃশ্যটি অশ্লীল মনে হবে না। এর পর দৃশ্যটি ধারণ করা হয়। ববিতা অসাধারণভাবে কাজটি করলেন। সন্ধ্যায় শুটিং ইউনিটে ফিরে রাজ্জাক ববিতার খোঁজ নিতে গিয়ে জানলেন, ববিতা নাকি কাঁদছেন। ‘কী ব্যাপার পপি, কী হয়েছে?—রাজ্জাক জানতে চাইলেন। ববিতা আরও জোরে কেঁদে কেঁদে বললেন, রাজ্জাক ভাই, ওই দৃশ্যটিতে বোধ হয় কাজ করা ঠিক হলো না। আমার তো এখন আর বিয়ে হবে না। আমি পপিকে আশ্বস্ত করে বললাম, ছবিটির সম্পাদনা শেষ হোক। তুমি দেখে নিয়ো। যদি তোমার কাছে মনে হয় যে দৃশ্যটি খারাপ লাগছে, তবে আমি এ দৃশ্যটি ফেলে দেব। সম্পাদনা শেষে ববিতা ওই দৃশ্যটি দেখে বলল, নাহ্, ঠিক আছে। কিন্তু তারপর আমি নিজেই কী মনে করে যেন দৃশ্যটি রাখলাম না। ছবিটি মুক্তি পেল এবং অনন্ত প্রেম দেখার জন্য প্রেক্ষাগৃহের সামনে তরুণ-তরুণীদের লাইন পড়ল। অনন্ত প্রেম ছবিটি মানুষের মনে অনন্ত ভালোবাসার জায়গা করে নিল’, বলছিলেন রাজ্জাক।নয়নমণিনয়মমণি ছিল ববিতা-ফারুক জুটির অন্যতম সেরা প্রেমের ছবি। ছবিটি নির্মাণ করেছেন আমজাদ হোসেন। এ ছবি নিয়ে আমজাদ হোসেনের রয়েছে অনেক মজার অভিজ্ঞতা। সে রকমই একটি ঘটনার কথা বলছিলেন তিনি। ‘প্রচণ্ড শীতের মধ্যে আমরা গেলাম মানিকগঞ্জে শুটিং করতে। শীত মানে সেই রকম শীত। শুটিং স্পটেই কাঠের আগুন জ্বালিয়ে কাজ করতে হতো। রাত তিনটা পর্যন্ত কাজ করতাম। আর ফারুক ও ববিতাকে গরম গরম দুধ খাইয়ে শীতের কাঁপুনি দূর করাতাম। একদিন ঠিক হলো গানের শুটিং করব। ‘চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর’ গানটি। একটি জমিদারবাড়িতে কাজ করব। একটাই ভয়, দিনের বেলায়ই এখানে সাপ বেরোয়। রাতে না জানি কী হয়। তারপর যথাসাধ্য চেষ্টা করে প্রডাকশনের লোকজন মশাল জ্বালিয়ে শুটিং স্পট থেকে পোকামাকড় তাড়াল।‘শুটিং করতে গিয়ে বিপত্তি হলো। যে শাড়ির কনটিনিউটি ছিল, সেই শাড়ি পরে গান করতে হবে, কিন্তু ববিতা ভুল করে শাড়ি আর আনেনি। কী করা যায়? শুটিং করতে হবে। মানিকগঞ্জের লোকজন তখন রাতভর শুটিং দেখে। বললাম, ভাই, বাজারের শাড়ির দোকান কি খোলা যাবে? কয়েকজন দোকানদারকে ঘুম থেকে তোলা হলো। তাঁরাও সহযোগিতা করলেন। শাড়ির দোকান খুলে ঠিক সে রকম একটি শাড়ি পাওয়া গেল। তারপর আমরা শুটিং করলাম। ববিতা আর ফারুক তো অবাক! এত রাতে দোকানদারেরা দোকান খুললেন! আর ঠিক সে রকম শাড়িটি যে পাওয়া যাবে, এটা তো কেউ ভাবতেই পারেনি। বলছিলেন আমজাদ হোসেন।এপার ওপার ১৯৭৫ সালে মুক্তি পায় ছবিটি। ছবিটি প্রযোজনা করেন সোহেল রানা। এ ছবিতে অভিনয় করেন সোহেল রানা ও কলকাতার সোমা মুখার্জি। জনপ্রিয়তা পাওয়া ছবিটি নিয়ে রয়েছে অনেক গল্প। ছবির নায়ক সোহেল রানা বলছিলেন সে রকমই একটি গল্প।‘ছবিতে সোমার সঙ্গে কাজ করতে করতে বেশ বন্ধুত্ব হয়ে যায়। একসময় বুঝতে পারলাম সোমা আমাকে পছন্দ করছে। ছবির কাজের শেষ দিকে আমিও সোমাকে পছন্দ করতে শুরু করি। একসময় দুজনই দুজনকে ভালোবেসে ফেললাম। ছবির কাজ শেষ হলো। আমি সোমাকে সরাসরি বললাম, জীবনসঙ্গী হিসেবে নিতে চাই তোমাকে। সোমা বলল, সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সংসার তার ওপরই নির্ভরশীল। আমি তার সংসারের জন্য আর্থিক সহযোগিতা করার কথা জানালাম। সোমা রাজি হলো না। বলল, সংসারের জন্য নিশ্চিত কিছু একটা করেই সে ফিরবে আমার কাছে। আমি তাকে ছয় মাসের সময় দিলাম। ছয় মাস পেরিয়ে গেলেও সোমা ফিরে আসেনি। আমি এক বছর অপেক্ষা করেছি। সোমা তার পরিবারের স্বার্থেই আসতে পারেনি। সোমা ফিরে এলে হয়তো এপার বাংলা ওপার বাংলার কোনো শিল্পীর প্রথম বিয়ের ঘটনা ঘটত। এ কথা আজও আমার মনে হয়।’অবুঝ দুটি হূদয়ববিতা-জাফর ইকবাল ও চম্পাকে নিয়ে নির্মাণ করা হলো অবুঝ দুটি হূদয়। ছবিটি নির্মাণ করেন মোস্তফা আনোয়ার। এ ছবির একটি গান ছিল ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না’। একটি গান দিয়েই ছবিটি সুপার-ডুপার হিট ব্যবসা করে। তবে এই শিল্পীদের নিয়ে ছবিটির নির্মাণকাজ কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল। পরিচালক মোস্তফা আনোয়ার বললেন, ‘ছবিটি নির্মাণের আগে জানতে পারলাম, ববিতা ও জাফর ইকবালের মধ্যে এক ধরনের মান-অভিমান চলছে। সে সময় দুজনকে নিয়ে নানা রকম সংবাদও পত্রপত্রিকায় আসত। কিন্তু আমার ছবির শুটিংয়ের আগে এ অবস্থা চলতে থাকলে সমস্যা হতে পারে, এই ভেবে আমি ঠিক করলাম দুজনকে নিয়ে বসতে হবে। দুজনকে নিয়ে বসলাম এবং অনেক গল্প করলাম। এরপর দুজনের হাত মিলিয়ে দিলাম। তারপর ববিতা, চম্পা ও জাফর ইকবালকে নিয়ে চলে গেলাম ব্যাংককে। যেখানে দুই মাসের কাজ ছিল, সেখানে আমি ২৬ দিনে ছবিটির শুটিং করলাম ব্যাংকক আর পাতায়া শহর দুটিতে। শান্তিপূর্ণভাবে কাজ শেষ করে ঢাকায় ফিরে এলাম। তারপর তো ছবি মুক্তি পেল এবং বেশ ব্যবসাসফল হলো।’ সহযাত্রীজনপ্রিয়তার শীর্ষে তখন কাঞ্চন-চম্পা জুটি। পরিচালক আজহারুল ইসলাম খান সহযাত্রী নামের একটি ছবি নির্মাণ করার জন্য এই জুটিকে নিয়ে গেলেন কক্সবাজারে। এ ছবির নায়ক কাঞ্চন বললেন, ‘আজ একটি গোপন কথা বলি। এ ছবিতে কাজ করতে গিয়ে একটি গান পেলাম, “পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি”। এই গানটির শুটিং করতে গিয়ে হঠাৎ মনে হলো, ওই মুহূর্তের জন্য আমার আর চম্পার মধ্যে যেন এক ধরনের প্রেম হয়ে গেল। সত্যি, আমি ওই সময়টুকুতে চম্পাকে সেভাবেই অনুভব করতে শুরু করলাম। আরও মজার ব্যাপার হচ্ছে, কক্সবাজারের একটি গহিন অরণ্যে যখন শুটিং করতে গেলাম, সে সময় আমি আর চম্পা পথ হারিয়ে ফেললাম।’ বলছিলেন কাঞ্চন।সহযাত্রী ছবিটি একসময় মুক্তি পেল এবং ছবিটি সুপারহিট ব্যবসা করল। ভেজা চোখএকদিকে যেমন ছিল ব্যবসাসফল, তেমনি বাংলা ছবিতে ক্যানসারে মৃত্যু এবং সেই ছবি দেখতে গিয়ে সত্যি সত্যি দর্শকদের চোখ ভিজিয়ে দিয়েছিলেন পরিচালক শিবলী সাদিক। ছবিতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা ও নিপা মোনালিসা। এ ছবির শুটিং হয়েছিল আগ্রার তাজমহলে। বাংলাদেশের প্রথম কোনো ছবি হিসেবে তাজমহলে গিয়ে শুটিং করার অনুমতি পেয়েছিলেন শিবলী সাদিক। ছবির একটি গান ছিল, ‘ঝুলে পড়ো ঝুলে পড়ো, কেটে পড়ো কেটে পড়ো’। এ গানটির শুটিং করতে গিয়ে ইলিয়াস কাঞ্চন পাহাড়ের ওপর থেকে পড়ে যান। পায়ে গুরুতর আঘাত পান তিনি। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। সে সময় সংবাদপত্রে সংবাদ বেরোয়, ‘এ যাত্রায় বেঁচে গেলেন ইলিয়াস কাঞ্চন’। তবে ছবিতে তাঁর মৃত্যুদৃশ্য দর্শকদের চোখ ভিজিয়ে দিয়েছিল সাংঘাতিকভাবে। প্রেমের ছবি হিসেবে সে সময় ছবিটি দেখার জন্য মানুষের বাড়তি চাপ সহ্য করতে হয়েছে সিনেমা হল কর্তৃপক্ষকে।কেয়ামত থেকে কেয়ামতচাঁদনী ছবির সাফল্যের পর চলচ্চিত্রে তখন নতুনদের আনাগোনা শুরু হয়। এ সময় সোহানুর রহমান সোহান ফটোসুন্দরী মৌসুমীকে নিয়ে এলেন চলচ্চিত্রে। সঙ্গে নিলেন সালমান শাহ নামের আর এক নতুন নায়ককে। ছবিটি নির্মাণের পর মুক্তি নিয়ে শুরু হলো জটিলতা। ভারতীয় ছবির নকল বলে ছবিটি আটকে দিতে তৎপর হলেন কেউ কেউ। কিন্তু অনেক চাপের মধ্যেও ছবির প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ ছবিটি ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দেন। জেলা শহরের কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেল। কিন্তু ছবিটি ঢাকার কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পেল না। এদিকে ঈদের পরদিন থেকেই ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য মানুষের ঢল নামল। প্রযোজক বাধ্য হয়ে এ ছবির প্রিন্টসংখ্যা দ্বিগুণ করলেন। ওই সময় এ ছবিটি কোনো কোনো প্রেক্ষাগৃহে ২০ থেকে ৩০ সপ্তাহ পর্যন্ত চলেছে। ছবিটি এখন পর্যন্ত দ্বিতীয় সেরা ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়ে আছে। একটি ছবির বদৌলতেই মৌসুমী-সালমান শাহ দামি তারকা বনে গেলেন।চাঁদনীপ্রয়াত চলচ্চিত্র নির্মাতা এহতেশামকে বলা হতো—শিল্পী গড়ার কারিগর। শবনম, শাবানার পর নব্বইয়ের দশকে তিনি নিয়ে এলেন শাবনাজকে। সঙ্গে আরেকটি নতুন মুখ নাঈম। এক জোড়া নতুন মুখকে নিয়ে তিনি নির্মাণ করলেন চাঁদনী। ছবির শুটিং চলাকালেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। আস্তে আস্তে তাঁদের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিষয়টি তখনো প্রকাশ পায়নি। ছবি মুক্তি পেল এবং বক্স অফিস হিট হলো। রাতারাতি নাঈম-শাবনাজ পেলেন অসংখ্য ছবি। কয়েকটি ছবি মুক্তির পরই জানা গেল তাঁদের প্রেমের সম্পর্কের কথা। একসময় দুজন বিয়েও করলেন। এখন তাঁরা দুজনই বেশ ভালো আছেন। চলচ্চিত্রের সবাই তাঁদের নাম দিয়েছেন সুখী দম্পতি। স্বপ্নের ঠিকানামৌসুমী-সালমানের সম্পর্কে তখন বেশ তিক্ততা। সালমান অনেকটা জেদ করেই শাবনূরের সঙ্গে আলাদা জুটি গড়ে তোলার চেষ্টা করেন। স্বপ্নের ঠিকানা ছবিতে তাঁর নায়িকা হিসেবে শাবনূরের সঙ্গে কাজ করলেন। ছবির নির্মাতা এস এ খালেক ও প্রযোজনা প্রতিষ্ঠান এটলাস মুভিজ ঠিক করল, ছবিটি ঈদে মুক্তি দেওয়া হবে। সেই ঈদেই মৌসুমী-ওমর সানী জুটির ছবি মুক্তি পাবে। দেখা গেল স্বপ্নের ঠিকানা ছবিটির প্রিন্ট অনেক প্রেক্ষাগৃহের মালিক নিতে আগ্রহী হলেন না। ঈদের দিন ঢাকার বাইরের স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেল তখন। প্রযোজনা প্রতিষ্ঠানে পড়ে থাকে এ ছবির অনেকগুলো প্রিন্ট। কিন্তু মফস্বলের প্রেক্ষাগৃহে তখনস্বপ্নের ঠিকানা দেখার জন্য দর্শকের ঢল। ঢাকার প্রেক্ষাগৃহের মালিকেরা পরের সপ্তাহেই তাঁদের প্রেক্ষাগৃহে মুক্তি দিলেন ছবিটি। অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেল স্বপ্নের ঠিকানা। প্রেমের এই ছবি দিয়ে সালমান ও শাবনূর জুটি হিসেবে স্বীকৃতি পেলেন।মনের মাঝে তুমিছবিটি ছিল যৌথ প্রযোজনার। ভারতে প্রথমে ছবিটি মুক্তি পেল। তিন দিনের মধ্যেই কলকাতার প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নামিয়ে দেওয়া হলো। ব্যবসায়িক দিক থেকে এতটাই খারাপ ফলাফল বয়ে আনবে ছবিটি তা যেন কেউই ভাবতে পারেননি। ছবিটি মুক্তির আগে কলকাতার ফলাফল জানার পর এ দেশের প্রেক্ষাগৃহের মালিকেরা আর ঝুঁকি নিতে চাইলেন না। এ ছবির প্রধান দুই শিল্পী রিয়াজ ও পূর্ণিমা। প্রযোজক মতিউর রহমান পানু অনেকটা ঝুঁকি নিয়ে মাত্র আটটি প্রিন্টে ছবিটি মুক্তি দিলেন। বাংলাদেশে দেখা গেল কলকাতার উল্টো চিত্র। যেন জাদুর ছোঁয়া পেল ছবিটি। প্রথম দিনেই প্রেক্ষাগৃহ পূর্ণ। ছবির প্রতিটি গান ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে। পরের সপ্তাহে এ ছবির প্রিন্টের সংখ্যা হয়ে গেল দ্বিগুণ। স্কুল-কলেজের ছেলেমেয়েরা দলে দলে ছুটল প্রেক্ষাগৃহে। সিনেমা হল থেকে এ ছবি আর নামে না। চলতে থাকে মাসের পর মাস।