ভালোবাসায় সিক্ত চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১ অক্টোবর প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করল চ্যানেল আই। রাত ১২টা এক মিনিটে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় বিশেষ দিনটির আনুষ্ঠানিকতা। সূচনা অনুষ্ঠানে যোগ দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যরা ও চ্যানেল আই পরিবার। রাতের অন্ধকারে আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে শুরু হয় যুগপূর্তি উত্সব। বাংলাদেশ এবং ছয়টি মহাদেশে চ্যানেল আইয়ের ভক্তরা সেই আনন্দঘন মুহূর্তটি সরাসরি উপভোগ করেন। যুগপূর্তি উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে নয়টায় চ্যানেল আই প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যুগপূর্তির নানা উপকরণ সাধারণ জনগণের মধ্যে এ সময় বিতরণ করা হয়। চ্যানেল আইয়ের আশপাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি তাদের নিজ কার্যালয়ে এসে শেষ হয়।যুগপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনের আগে বেলা ১১টায় অনুষ্ঠান মঞ্চে বেজে ওঠে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘চ্যানেল আইয়ের আজ জন্মদিন, আনন্দ ভরা সেই শুভদিন’ গানটি। এরপর বাজানো হয় যুগপূর্তি উপলক্ষে এন্ড্রু কিশোরের গাওয়া থিমসংটি। গানটিতে এন্ড্রু কিশোরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। উদ্বোধনের পর মূল মঞ্চে চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা পরিবেশন করেন দেশের গান ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’।এরপর বেলা ১১টা ২০মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে যুগপূর্তি উত্সবে নানান রঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্যশিল্পী সুধীন দাশ ও সোহরাব হোসেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুল হক চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কবি আসাদ চৌধুরী, ছড়াকার লুত্ফর রহমান রিটন, নৃত্যশিল্পী লায়লা হাসান, তারিক আনাম খান, মোস্তফা জামান আব্বাসী ও আসমা আব্বাসী, সৈয়দ আবদুল হাদী, ফেরদৌস ওয়াহিদ, চিত্রশিল্পী হাশেম খান, ড. ফজলুল আলম ও ড. ফজলুল করিম, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রশিদ মজুমদার, মুকিত মজুমদার বাবু, এনায়েত হোসেন সিরাজ, রবিউল ইসলাম, জহির উদ্দিন মাহমুদ মামুন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষকেরা। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বিভিন্ন ইভেন্টের বিজয়ীরা।যুগপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন শেষে সুধীন দাশ বলেন, ‘চ্যানেল আইয়ের যুগপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে। চ্যানেল আইয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।’চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘সবাই যেভাবে চ্যানেল আইকে “আমার চ্যানেল আই” বলছে, যুগপূর্তি অনুষ্ঠানে আমাদের একটাই চাওয়া, এটি যেন আমরা ধরে রাখতে পারি।’যুগপূর্তি অনুষ্ঠানে চলছে দেশের বিশিষ্ট শিল্পীদের নানা পরিবেশনা। পাশাপাশি বর্তমান সময়ের তারকাদের নানা পরিবেশনাও থাকছে। রাত ১২টা এক মিনিট থেকে চলছে শুভেচ্ছা বিনিময়। সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে শেষ হবে চ্যানেল আইয়ের যুগপূর্তি অনুষ্ঠান।