ভালোবাসায় সিক্ত হলেন শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মদিন ছিল তাঁর ২৮ নভেম্বর। তবে জন্মদিনের অনুষ্ঠানটি হলো গতকাল শনিবার সন্ধ্যায়। সহকর্মী, সুহূদ, অনুরাগী আর ছাত্রছাত্রীদের শ্রদ্ধা ও ভালোবাসায় অভিনন্দিত হলেন আর ফুলে ফুলে অভিষিক্ত হলেন দেশের অন্যতম অগ্রণী শিল্পী রফিকুন নবী। পূর্ণ হলো তাঁর সত্তর বছর।

শিল্পীর সত্তর বছরপূর্তি উপলক্ষে বেঙ্গল শিল্পালয় আয়োজন করেছে তাঁর আনুপূর্বিক কাজ নিয়ে ‘বাস্তবতার অনুষঙ্গ’ নামে বিশেষ প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিণত হয়েছিল শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা স্বজন সুহূদদের মিলনমেলায়। রাজনৈতিক কারণে বিরূপ পরিস্থিতি সত্ত্বেও বেঙ্গল গ্যালারি প্রাঙ্গণ ছিল মানুষে ঠাসা। তাদের নিখাদ প্রীতিতে উষ্ণ হয়ে ওঠে শীতের সন্ধ্যা।
অনুষ্ঠান শুরু হয় ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত দুটি গান দিয়ে। এরপর বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের শিল্পীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী বেগম জাহানারা আবেদিন তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। এরপর এ উপলক্ষে বেঙ্গল পাবলিকেশন থেকে প্রকাশিত শিল্পীর জীবন ও কাজের ছবি নিয়ে প্রকাশিত রফিকুন নবী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্পী, শিল্পকর্ম সংগ্রাহক, তাঁর ছাত্রছাত্রী ও অনুরাগীরা লম্বা লাইনে দাঁড়িয়ে ফুলের স্তবক তুলে দেন শিল্পীর হাতে।
প্রদর্শনীর উদ্বোধন করে বেগম জাহানারা আবেদিন বলেন, ‘শিল্পাচার্যের শিষ্য এত খ্যাতি অর্জন করেছে, এটা দেখে খুব ভালো লাগছে। শিষ্যের কৃতিত্বে গুরুরও কিছু অংশ থাকে। গৌরব থাকে। শিল্পাচার্য আজ নেই, তার সহধর্মিণী হিসেবে নবীর এই গৌরবের কিছুটা অংশীদার আমিও।’ তিনি শিল্পীর দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, শিল্পকর্ম সংগ্রাহক দুর্জয় রহমান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসেছিলেন শিল্পীকে শুভেচ্ছা জানাতে। তিনিও আলোচনায় অংশ নেন। শুরুতে দর্শকদের স্বাগত জানান বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। শিল্পী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এই আয়োজন আমাকে আরও অনুপ্রাণিত করেছে। যত দিন বাঁচব তত দিন শিল্পচর্চা করে যাব।’
শিল্পীর সংগ্রহের কিছু কাজ ও ১৮ জন সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া মোট ১২০টি কাজ রয়েছে এই প্রদর্শনীতে। ড্রয়িং, ছাপচিত্র, জলরং, তেলরং, অ্যাক্রিলিক সব মাধ্যমেরই কাজের নমুনা রাখা হয়েছে। এ ছাড়া আছে তাঁর বেশ কিছু কার্টুন, বইয়ের প্রচ্ছদ, পোস্টার এসব। প্রদর্শনী চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।