
দেখুন, আমি মনে করি মানুষের জীবনে একবার না, হাজারবার ভালোবাসা আসে। তবে প্রথম ভালোবাসাটা অন্য সবগুলোর চেয়ে আলাদা, একেবারে খাঁটি।
আমার জীবনেও ভালোবাসা এসেছিল। তখন আমি ও লেভেলের ছাত্র। সেই সময় যোগাযোগটা এত সহজ ছিল না। খুব কষ্টে একটা মোবাইল জোগাড় করতে পেরেছিলাম আমি। কিন্তু ওর কোনো মোবাইল ছিল না। ওদের ল্যান্ডফোনেই তাই কল করতে হতো। কিন্তু কে ধরতে কে ধরে, এই ভয় থাকত মনে। আবার সব সময় কথা বলা সম্ভব হতো না, রাতে সব লোকজন চলে আসত বাসায়! চিঠি দিয়েই মূলত প্রেমটা হতো। আর বহু পরিকল্পনা করার পর সপ্তাহে হয়তো এক-দুইবার দেখা-সাক্ষাৎ করা যেত। আমাদের শখ ছিল রিকশায় ঘুরে বেড়ানো।
আমরা একজন আরেকজনের খুব ভালো বন্ধু ছিলাম। এই ভালো বন্ধুত্বটা যখন ভালোলাগায় পরিণত হলো, আমি যখন বুঝে ফেললাম ও আমাকে ভালোবেসে ফেলেছে, তখন আর আমি ধরা দিতাম না! তাই, গতানুগতিক ধারায় যাকে বলে ‘প্রোপোজ’—সেটা কখনো করা হয়নি আমার জীবনে। এভাবে ঝুলিয়ে রাখতে রাখতে একসময় ও বিরক্ত হয়ে বলত, ‘কী ব্যাপার, তুমি কি বোঝ না?’ আমি বলতাম, ‘কী বুঝব?’ ও বলত, ‘কিছু বলো!’ আমি বলতাম, ‘কী বলব?’—এমন করে মজা পেতাম। আমি চাইতাম, প্রথম ওর কাছ থেকেই কথাটা শুনতে। ওর অভিযোগ ছিল, আমি কেন ওর ভালোবাসার কথা বুঝেও ওকে ‘আই লাভ ইউ’ বলছি না?
এভাবে একসময় ও-ই আগে শব্দ তিনটি বলে ফেলেছিল। আমি তখন হেসে জানিয়েছিলাম, ভালোবাসি আমিও!