ভালোবাসি বড় ভালোবাসি...
হওয়ার কথা ছিল পরিবেশবিজ্ঞানী। কিন্তু না। তিনি হলেন প্রথমে গীতিকার, সুরকার এবং সর্বশেষ গায়ক। বলা হচ্ছে শফিক তুহিনের কথা।‘বছরখানেক আগের কথা। গান লিখছি, সুর করছি নিয়মিত। প্রথম সারির এক দৈনিকের সাংবাদিককে বললাম, গায়ক-গায়িকাদের পাশাপাশি আমাদের ছবি, সংবাদ কেন ছাপানো হয় না? গানটির পেছনের কারিগর তো আমরা গীতিকার, সুরকারেরাই। সাংবাদিকটি বললেন, আপনারা তো পর্দার পেছনের মানুষ। সামনে আসেন, অবশ্যই আপনাদের নিয়ে সংবাদ হবে। মনের ভেতর একটা জেদ চেপে গেল। সিদ্ধান্ত নিলাম, শুধু পর্দার পেছনে নয়, এখন থেকে সামনেও কাজ করব। তারপর গান রেকর্ড করলাম, বাজারে বের হলো। ব্যস, এভাবেই শুরু।’ বলছিলেন শফিক তুহিন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগে পড়া অবস্থাতেই আইয়ুব বাচ্চুর উৎসাহে গান শুরু করেন। ২০০৬ থেকে গান লেখার পাশাপাশি সুর দিয়েছেন। আর ২০১০ সালে এসে গান গাইলেন। প্রথম অ্যালবামেই বাজিমাত। ‘ছোটবেলা থেকেই গান গাইতাম। স্বপ্ন ছিল গায়ক হওয়ার। কিন্তু কীভাবে কীভাবে যেন গীতিকার, সুরকার হয়ে গেলাম। বলতে পারেন, এ অ্যালবামটি আমার একটা স্বপ্ন পূরণের মতো। তাই তো অ্যালবামের নাম দিয়েছি স্বপ্ন এবং তুমি।’ গীতিকার, সুরকার, গায়ক—কোন পরিচয়ে পরিচিত হতে এখন ভালো লাগে? ‘একটা গানের মা-বাবা হলেন গীতিকার, সুরকার। তাঁরাই গানটি সৃষ্টি করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে গীতিকার ও সুরকারদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা আমাদের দেশে নেই। আগে দেখতাম, আমার গান মানুষজন আমার পাশে বসেই গাইছে। কিন্তু আমাকে চিনছে না। আর এখন কমবেশি সবাই চিনছে। একটা স্বীকৃতি পাচ্ছি। এটাকেই বেশি উপভোগ করছি।’‘ভালোবাসি বড় ভালোবাসি/এর বেশি ভালোবাসা যায় না/ও আমার জান পাখি ময়না’—এই এক গান দিয়েই সবার মন জয় করে নিয়েছেন শফিক তুহিন। ‘সমাজের ওপরতলার মানুষ থেকে শুরু করে টোকাই পর্যন্ত সবাই গানটি পছন্দ করেছে। সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া এটা হয় না। অ্যালবামটি যখন বের করি, তখন অনেক ভয়ে ছিলাম। আরও অনেক গীতিকার, সুরকারই অ্যালবাম বের করেছেন। কিন্তু কারও অ্যালবামই সফলতার মুখ দেখেনি। সেখান থেকে আমার অ্যালবামটি একেবারেই ব্যতিক্রম, তবে শুধু এই একটি গান নয়। অ্যালবামে আরও তিন-চারটি খুব ভালো গান আছে। কিন্তু এই একটি গানের ভিড়ে অন্যগুলো সেভাবে উঠে আসেনি। ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত গানটি কিংবা একই গানে ১২টি চরিত্রে অভিনয় করা ইত্যাদি অনেক আকর্ষণীয় জিনিস এই অ্যালবামে ছিল।’ শফিক তুহিনের জনপ্রিয় এ গানটি নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। শাহীন সুমন পরিচালিত চলচ্চিত্রটির নামও এর বেশি ভালোবাসা যায় না। ‘আসিফের “ও প্রিয়া তুমি কোথায়” গানটি দিয়ে এ রকম একটি চলচ্চিত্র হয়েছিল। এবার হচ্ছে আমার গান দিয়ে। এটা আমার জন্য একটি বিশাল পাওয়া। প্রত্যন্ত অঞ্চলেও যে গানটি ছড়িয়ে গেছে, তারই প্রতিফলন এটা।’শফিক তুহিন এখন কাজ করছেন নিজের দ্বিতীয় অ্যালবাম শফিক তুহিন ডট কম-এর। ‘প্রথম অ্যালবামটি করেছি নিজের মনের মতো, কিন্তু দ্বিতীয় অ্যালবাম করতে গিয়ে অনেক চাপ অনুভব করছি। শ্রোতাদের কাছে এখন একটা দায়বদ্ধতা তৈরি হয়ে গেছে। সেই জায়গা থেকে ভালো, জনপ্রিয় গান দিতে চাইছি। এই অ্যালবামটিকে নিয়েছি নিজেকে প্রমাণ করার অ্যালবাম হিসেবে। আমার সবকিছু ঢেলে দিয়েছি এটার পেছনে। প্রথম অ্যালবামের মতো এবারও ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে চাই।’ বলছিলেন শফিক তুহিন।