ভালোবাসো মোর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। এ দেশে নজরুলের গানের অন্যতম জনপ্রিয় তিন শিল্পী—ফাতেমা-তুজ-জোহরা, ফেরদৌস আরা ও শারমীন সাথী ইসলাম। গত শনিবার এই তিনজন বসেছিলেন আনন্দ আড্ডায়। আড্ডার বিষয় ছিল—নজরুলের প্রেমের গান। —কাজী নজরুল ইসলাম কিন্তু দারুণ রোমান্টিক কবি ছিলেন।—অনেকেই তাঁকে শুধু ‘বিদ্রোহী’ কবি বলেন। তিনি ‘বিদ্রোহী’ কবিতা লিখেছেন। লেখনীর মধ্য দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন—এই সবই ঠিক আছে। কিন্তু তাঁকে ওই একটি পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। তিনি অসংখ্য প্রেমের গান লিখেছেন। আর তাঁর ২২ বছরের সাহিত্যজীবনে এমন কোনো দিক নেই, যা নিয়ে তিনি কাজ করেননি। —নজরুলের প্রেমের গান বলে কিন্তু আলাদা কিছু নেই। তিনি ওই সময় আধুনিক গানে এক নতুন মাত্রা যোগ করেছিলেন। তাঁর সব আধুনিক গানকেই প্রেমের গান বলতে পারি। কারণ তাঁর আধুনিক গানের প্রধান বিষয়বস্তু ছিল প্রেম। তাঁর চেয়েও বড় কথা, নজরুলসংগীতের প্রধান বৈশিষ্ট্যই হলো আধুনিকতা।—শুধু আধুনিক গানই নয়, নজরুলের প্রায় সব গানেই প্রেম বিষয়টা পাওয়া যায়। এই যেমন—আধুনিক গান, দেশপ্রেম, ভক্তিসংগীত, প্রকৃতিবিষয়ক গান, লোকসংগীত। —তাঁর সব গানেই কিন্তু প্রেমের ছড়াছড়ি। —নজরুলের গানগুলোর মধ্যে রয়েছে রাগপ্রধান, রাগাশ্রয়ী আবার রাগের মিশ্রণ। কিন্তু তিনি আধুনিক গানের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা নিয়েছেন। এই গানগুলোতে রাগের আশ্রয় নিয়েছেন ঠিকই, কিন্তু রাগপ্রধান করেননি।—রাগপ্রধান গানেও কিন্তু প্রেম আছে। প্রেমের গানে রাগ-রাগিণীর ব্যবহারে তিনি বেশ সচেতন ছিলেন। —তাঁর গানে আরেকটি উল্লেখযোগ্য দিক আছে, তিনি কিন্তু শুধু মানবপ্রেমের কথাই বলেননি, তাঁর গানে আছে ঈশ্বরপ্রেমের কথা। তিনি ঈশ্বরকে মানবের মধ্য দিয়ে দেখতে পেরেছেন বলেই এত বড় মানুষ হতে পেরেছেন।—নজরুলের প্রেমের গানগুলোর একটা চমৎকার দিক হলো, এগুলো শুনলে মনে হবে, এটা তো আমারই মনের কথা। আসলে সাধারণ মানুষ যেন সহজেই বুঝতে পারে, এই ব্যাপারটা তাঁর গানে আছে।‘নজরুলের প্রেমের গান’ নিয়ে কথা হচ্ছিল ফাতেমা-তুজ-জোহরা, ফেরদৌস আরা আর শারমীন সাথী ইসলামের সঙ্গে। এই তিন শিল্পী প্রথম আলোর আমন্ত্রণে গত শনিবার এক হয়েছিলেন। আড্ডায় তাঁরা জানালেন, নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত নজরুলসংগীত সমগ্র বইয়ে গান আছে তিন হাজার ১৬৩টি। এর মধ্যে সম্পূর্ণ বাণী পাওয়া গেছে তিন হাজার ৭৯টি গানের। নজরুলের প্রায় সব গানের পেছনেই লুকিয়ে আছে নানা গল্প, নানা ঘটনা। আলোচনায় এ প্রসঙ্গটিও উঠে আসে। শারমীন সাথী ইসলাম বললেন, ‘তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা’ গানটির গল্প। নলিন সরকার স্ট্রিটের এইচএমভির মহড়াকক্ষের দোতলার ছাদে একটা ঘর ছিল। সেই ঘরে নজরুল প্রতিদিন আসতেন। চার-পাঁচ ঘণ্টা বসে গল্প, গান, সুর—সবই করতেন। একদিন তিনি “কথা কও, কথা কও, থাকিও না চুপ ক’রে” গানটির সুর করছিলেন। সন্তোষ সেনগুপ্ত তা রেকর্ড করতে চাইলেন। নজরুলও তাঁকে গানটি শিখিয়ে দিলেন। এরপর সন্তোষ সেনগুপ্ত আরেকটি গান চাইলেন, যেখানে এর প্রত্যুত্তর থাকবে। শুনে নজরুল বললেন, ‘একটু নিচ থেকে ঘুরে আয়; আর আমাকে চা, পান পাঠাতে বল।’ ঘণ্টাখানেক পর ফিরে এসে সন্তোষ সেনগুপ্ত দেখলেন, এরই মধ্যে নজরুল আরেকটি গান তৈরি করে ফেলেছেন। গানটি হলো, ‘তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা।’পাশাপাশি আরও বললেন, “যা’রে হাত দিয়ে মালা দিতে পারো নাই” গানটির কথা। ১৯২১ সালের শেষ দিকে আলী আকবর খানের সঙ্গে কলকাতা থেকে কুমিল্লার দৌলতপুর গ্রামে আসেন নজরুল। এখানে আসার পর আলী আকবর খানের বড় বোনের মেয়ের সঙ্গে নজরুলের বিয়ে চূড়ান্ত হয়। মেয়েটির নাম ছিল সৈয়দা খাতুন। নজরুল তাঁর নাম রেখেছিলেন নার্গিস। ওখানে নানা ঘটনায় নজরুলের মন খারাপ হয়ে যায়। বিয়েটা তিনি ভালোভাবে মেনে নিতে পারেননি। বিয়ের পর ওই রাতেই তিনি কুমিল্লায় চলে যান। পরে সেখান থেকে কলকাতায়। অনেক বছর পর নার্গিস নজরুলকে একটি চিঠি লেখেন। নজরুলকে চিঠিটির উত্তর দিতে অনুরোধ করলেন শৈলজানন্দ। অল্প সময়ের মধ্যেই শৈলজানন্দকে একটি গান লিখে দিয়ে নজরুল বললেন, ‘এই তো পত্রোত্তর লেখা হলো।’ নার্গিসের চিঠির উত্তর দিতে গিয়ে আশ্চর্য সুন্দর একটি গান তিনি লিখে ফেললেন।‘আমি পুরব দেশের পুরনারী’ গানটির কথা বললেন ফাতেমা-তুজ-জোহরা। ১৯৩৯ সালে নজরুলের সঙ্গে দুবার ঢাকায় এসেছিলেন সুপ্রভা সরকার। নজরুলের মৃত্যুর পর ঘটনাটি বলেছিলেন তিনি। গোয়ালন্দের কাছে গিয়ে স্টিমারটা থেমে গেল। নিচে নৌকা থেকে মাঝিরা চিৎকার করতে লাগল ‘চাঁদপুর, বরিশাল’ ইত্যাদি বলে। নিচের ডেক থেকে অনেকেই নৌকাগুলোয় উঠতে লাগল। তা দেখে সুপ্রভা বেশ অবাক হচ্ছিলেন। নজরুল তাঁকে আশ্বস্ত করে বললেন, ‘ওরা পূর্ববঙ্গের মেয়ে, ওরা অত সহজে ভয় পায় না।’ একটু পরই ওই মুহূর্তটিকে নিয়ে লিখে ফেললেন গানটি। আর তা সুপ্রভাকে দিয়ে বললেন, ‘তোকে গানটা রেডিওতে গাইতে হবে।’ সেবার ঢাকা রেডিওতে গানটি গেয়েছিলেন সুপ্রভা।নজরুলকে কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা বললেন ফেরদৌস আরা। ‘তখন আমি উদয়ন স্কুলের ছাত্রী। নজরুল তখন মাত্র বাংলাদেশে এসেছেন। অসুস্থ। কথা বলতে পারেন না। বাবা আমাদের দুই বোনকে নিয়ে গিয়েছিলেন তাঁকে দেখানোর জন্য। আমি তাঁকে একটি গান শুনিয়েছিলাম, “প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই”। আমার বোন শুনিয়েছিলেন আরেকটি। আমরা যখন গান করছিলাম, তখন তিনি দাঁড়িয়েছিলেন জানালার পাশে। বাইরে কিছু একটা দেখছিলেন। এটা আমার সংগীতজীবনের বড় একটি ঘটনা।’নজরুলের অসংখ্য গানের মধ্য থেকে নিজেদের ভালো লাগার প্রেমের গানগুলোর কথা বললেন তিনজনই। ফাতেমা-তুজ-জোহরার প্রিয় গানগুলো হলো ‘গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়’, ‘তোমারি আঁখির মত আকাশের দুটি তারা’, ‘তুমি সারা জীবন দুঃখ দিলে’, ‘মোরে ভালোবাসায় ভুলিও না’ ও ‘যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যাবেলায়’।ফেরদৌস আরার পছন্দের গান, ‘আমার আপনার চেয়ে আপন যে জন’, ‘আজি নিশিথে অভিসার’, ‘তুমি ভালোবাসায় মোরে ভুলিও না’, ‘ভুল করে যদি ভালোবেসে থাকি’ ও ‘আমায় নহে গো’। আর শারমীন সাথী ইসলামের, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘প্রিয় স্বপনে এসো নিরজনে’, ‘কেন কাঁদে পরান’, ‘মনে পড়ে আজ সে কোন জনমে’ ও ‘আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া’।নজরুলের গানের চর্চার ব্যাপারে ফাতেমা-তুজ-জোহরা বললেন, ‘নজরুলের যে গানগুলো সবার কাছে দুর্বোধ্য, সেগুলোই বেশি করার চেষ্টা করি। আসলে নজরুলের অল্প কিছু গানই সবাই বেশি শোনে। তাই তাঁর বেশির ভাগ গানই অপরিচিত থেকে যায়। এর ফলে সম্পূর্ণ নজরুলকে কেউ চিনতে পারে না। টিভি কিংবা মঞ্চে, কোনো অনুষ্ঠানে বা গানের অ্যালবাম করার সময় তাই অপ্রচলিত গান বেশি রাখার চেষ্টা করি। আর সেখানে প্রেমের গান তো থাকবেই।’শারমীন সাথী ইসলাম বললেন, ‘আমার ভালো লাগার কিছু গান আছে। পাশাপাশি যেগুলো শুনে বড় হয়েছি, নজরুলকে ভালোবেসেছি, এগুলো সুযোগ পেলেই করার চেষ্টা করি। আর অ্যালবাম করার সময় এটা বেশি কাজ করে।’তবে নিজের অ্যালবামে সব ধরনের গানই রাখার চেষ্টা করেন ফেরদৌস আরা। বললেন, ‘শ্রোতাদের সব আঙ্গিকের গান দিতে পারছি কি না, সেটা আমার কাছে তখন মুখ্য থাকে।’এরপর ছবি তোলার পালা। আড্ডাটা শুরু হয়েছিল প্রথম আলো কার্যালয়ে। ট্রাফিক জ্যামের কারণে তখনো এসে পৌঁছাতে পারেননি ফেরদৌস আরা। সবার সঙ্গে তাঁর দেখা হলো হোটেল সোনারগাঁওয়ের পশ্চিম দিকের পার্কে ছবি তোলার আয়োজনে।এরপর আবার আড্ডা।