
বায়ান্নর একুশে ফেব্রুয়ারির ভাষা দিবসের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ’৪৮-এর ১১ মার্চ। এই দিনে সারা দেশে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নেমেছিল জনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১১ মার্চের আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। ভাষা আন্দোলনের ইতিহাসে এই দিনটি তেমন গুরুত্ব পায়নি।
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘রাষ্ট্রভাষা আন্দোলন ও ১১ মার্চ ১৯৪৮’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা ১১ মার্চকে যথাযথ গুরুত্ব দেওয়ারও দাবি জানান।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস দুই ধরনের অনাচারের সম্মুখীন। এক হচ্ছে প্রথাসিদ্ধ ইতিহাস, অন্যটি ইতিহাসের নামে স্মৃতিচারণা। এ স্মৃতি অনেক ক্ষেত্রে বিস্মৃতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ কারণেই ভাষা আন্দোলনের ইতিহাসের ক্ষেত্রে ১১ মার্চ অনেকটাই নিভৃতে থেকে গেছে।
আলোচক হিসেবে আরও ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সহসভাপতি গোলাম কুদ্দুছ। বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
প্রাবন্ধিক গোলাম কুদ্দুছ বলেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাসে ১১ মার্চ এক মাইলফলক হিসেবেই চিহ্নিত থাকবে। এই দিনে বাংলা ভাষার দাবিতে ছাত্র-যুবকেরা আন্দোলন গড়ে তুলেছিলেন। এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বায়ান্নর আগে এই দিনটি ‘রাষ্ট্রভাষা দিবস’ হিসেবে পালিত হতো।
ফরাসি ভাষা ব্যবহারকারী সাতটি দেশ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ‘ফ্রাঙ্কোফোনি উৎসব’। আগামীকাল ১৩ থেকে ২২ মার্চ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে চলবে এই উৎসব। এতে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, সংগীতানুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
গতকাল মঙ্গলবার আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর আন্তর্জাতিক সংস্থা ফ্রাঙ্কোফোনির প্রতিষ্ঠাবার্ষিকী (২০ মার্চ) উপলক্ষে এই সাংস্কৃতিক উৎসব হয়। বাংলাদেশের সাতটি ফ্রাঙ্কোফোনি দেশের দূতাবাস যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। উৎসবের মধ্য দিয়ে মানুষ যেমন বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের সন্ধান পায়, তেমনি মানবাধিকার, শিক্ষা, নারী অধিকার বিষয়ে মানুষকে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়। যেসব দেশে ফরাসি উপনিবেশ ছিল এবং যেসব দেশের মানুষ ফরাসি ভাষায় কথা বলে, সেসব দেশ ফ্রাঙ্কোফোনির সদস্য।
সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিনকুইয়ে, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, ভিয়েতনামের রাষ্ট্রদূত নোয়েন কোয়াং থুক, সুইজারল্যান্ডের মিশনের উপপ্রধান ক্যারোলিন ট্রটউইলে, মরক্কোর উপরাষ্ট্রদূত সাঈদ কাশমি এবং কাতার দূতাবাসের অ্যাটাশে আবদুল্লাহ খালিফা আল ফাদালা।
ওয়ার অ্যান্ড কলোনিজ
মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ আয়োজনে প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) বিরল ছবি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শুরু হয়েছে ‘ওয়ার অ্যান্ড কলোনিজ’ শীর্ষক সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
গতকাল দুপুরে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের ডেপুটি হাইকমিশনার কামুচেচি, জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী ও জাদুঘরের কর্মকর্তা রফিকুল ইসলাম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আর পি সাহা, মাহবুব উল আলমের ছবিসহ প্রদর্শনীতে মোট ৩৫টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৮ মার্চ পর্যন্ত।