ভাষা আন্দোলনের মুক্ত প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলা আকাশের নিচে প্রদর্শনী। রাস্তার পথিক চলতে চলতে দেখল ভাষাশহীদ, ভাষাসৈনিক ও ভাষা আন্দোলনে জড়িত অমর ব্যক্তিত্বদের মুখাবয়ব। কোনোটি শিল্পীর তুলিতে আঁকা, কোনোটি আলোকচিত্রীর ক্যামেরায় বন্দী। সব মিলিয়ে সত্যিকার অর্থে সার্থক এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর শাহীনবাগের মূল সড়কে। ভাষা আন্দোলনের ইতিহাসে আর এর সংগ্রামী মানুষদের সঙ্গে দেশ-বিদেশের মানুষদের পরিচয় করিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে গতকাল মাসব্যাপী ‘একুশের প্রদর্শনী’র আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন প্রাকৃতজন। প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে ছয়জন ভাষাশহীদ ও ১৭ জন ভাষাসংগ্রামীর কথা। রয়েছে একুশের শহীদ রফিক উদ্দিন আহমেদ, শফিউর রহমান, আবদুস সালাম, গাজীউল হক, ধীরেন্দ্রনাথ দত্ত, আলতাফ মাহমুদ প্রমুখের প্রতিকৃতি।মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ভাষাসৈনিক আবদুল মতিন। সিভিল এভিয়েশন স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ‘প্রাকৃতজন’-এর উপদেষ্টা সাজেদুল ইসলাম, ভাষাসৈনিক খোরশেদ আলম চৌধুরী এবং প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠান আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।প্রাকৃতজনের সমন্বয়ক ও গৌরবোজ্জ্বল মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক রিফাত আমিনের পরিচালনায় বিকেলে এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে বক্তারা ভাষা চর্চায় নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতোই আন্তর্জাতিক ভাষা হিসেবে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। মহাখালীর সিভিল এভিয়েশন স্কুলের সামনে এবং বিএএফ শাহীন কলেজের বিপরীতে অনুষ্ঠিত এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।