
সবে সন্ধ্যা নেমেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তন মঞ্চে সারি বেঁধে বসেছেন শিল্পীরা। তাঁদের পরনে সাদা, কালো ও রক্তবর্ণের পোশাক। মঞ্চের মুখোমুখি সব আসন পূর্ণ। ভাষার গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান। সঙ্গে হঠাৎ যেন দুলে উঠল পুরো মিলনায়তন। অতিথি-দর্শকদের মধ্যে সঞ্চারিত হলো শিহরণ। ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ গানের সঙ্গে গতকাল দর্শক-শ্রোতারাও কণ্ঠ মেলালেন।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ দর্শনীর বিনিময়ে আয়োজন করেছিল এ গানের আসর। এতে গীত শতদলের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ দর্শক-শ্রোতারা। তাঁরা পঞ্চকবির গান পরিবেশন করেন। শুরুতে ছিল সমবেত সংগীত ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ ও ‘ধনধান্য পুষ্পভরা’। এরপর পরিবেশিত হয় কয়েকটি একক গান। এগুলোর মধ্যে ছিল ‘একি অপরূপ রূপে’, ‘আমরা মিলেছি আজ’, ‘এবার তোর মরা গাঙে’ ইত্যাদি। ‘কারার ঐ লোহকপাট’ ও ‘শিকল পরা ছল’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। গানগুলো গেয়ে শোনান অনিন্দিতা চক্রবর্তী, মুসলিমা আক্তার, রীতা মজুমদার, শিল্পী বালা, ছায়া রায় প্রমুখ।
শুরুতে বক্তব্য দেন বিশ্বজিৎ রায় ও বাঁশরী দত্ত। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ দর্শনীর বিনিময়ে এই পাক্ষিক সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে প্রথম আলো।
সার্ক সাহিত্য উৎসব
সার্ক লেখক এবং সাহিত্য ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টার, দি রাইট ফাউন্ডেশনের ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ‘সার্ক সাহিত্য উৎসব’-এর আয়োজন করেছে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়।
এতে জানানো হয়, সার্কভুক্ত দেশ ভুটান, আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সাহিত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে আলোকিত করে বিশ্বদরবারে তুলে ধরার জন্য এ উদ্যোগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাইট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম, সাধারণ সম্পাদক রুবানা হক এবং কার্যকরী কমিটির সদস্য সৈয়দ বদরুল আহসান।
অ্যালবামের মোড়ক উন্মোচন
শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল সন্ধ্যায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ভূইয়া সফিকুল ইসলামের লেখা গানের নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।