এক ভ্যানচালক মুক্তিযোদ্ধা পিতার সন্তান চিঠি লিখেছিলেন অর্থনীতিবিদ আবুল বারকাতের কাছে। সেই চিঠির দুটি লাইন এমন, ‘ভ্যানে বইসা থাকে রাজাকার। আর আমার মুক্তিযোদ্ধা পিতার পিঠে থাপ্পর দিয়া বলে “জোরে চালা, ব্যাটা।” এ রকম অহরহ মুক্তিযোদ্ধাদের পিঠে আর আমাদের গালে থাপ্পর দিয়ে যাচ্ছে রাজাকাররা।’ এশিয়াটিক সোসাইটির প্রাঙ্গণের এই ‘গ্লোবাল ল্যাংগুয়েজ ট্রি’—‘বৈশ্বিক ভাষাবৃক্ষ’ তেমনই উর্দুবাজদের গালে জোরে থাপ্পড় আর ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।গতকাল বৃহস্পতিবার বিকেলে নিমতলীর এশিয়াটিক সোসাইটির সামনে নতুন ভাস্কর্য ‘বৈশ্বিক ভাষাবৃক্ষে’র উদ্বোধন হলো। উদ্বোধনী পর্বের শুরুতে আবুল বারকাত তাঁর বক্তব্যে এই চিঠির কথা বলেন।ভাস্কর্যের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। বক্তব্য দেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম, ভাস্কর্যের পৃষ্ঠপোষক জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত, ভাস্কর হামিদুজ্জামান খান এবং বৈশ্বিক ভাষাবৃক্ষের ভাস্কর আইভি জামান। সোসাইটির প্রধান ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে এই বিশালাকার ভাস্কর্যটি। রুপালি রঙের এক ধাতব কাণ্ড, ওপরে উদ্বাহু শাখাপ্রশাখা, তাতে পাতার বদলে বিভিন্ন ভাষার বর্ণমালা। বিশ্বের প্রায় ২০টি দেশের মাতৃভাষার বর্ণমালা রয়েছে এই ভাস্কর্যটিতে। আর ঠিক মাঝখানে লেখা ‘বাংলা আমার মা’। ভাস্কর আইভি জামান বলেন, ‘ভাষাকে আগলে রাখা আর ভাষার জন্য কী রকম ত্যাগ করতে হয়েছে আমাদের, তারই প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে এই ভাস্কর্যে।’রেজাউন নবীর চিত্রকলা প্রদর্শনী শিল্পী রেজাউন নবী প্রকৃতি আঁকাতে সিদ্ধহস্ত। তাঁর সাম্প্রতিক সময়ে আঁকা চিত্রকর্মে মূর্ত হয়েছে নিসর্গচেতনা। প্রকৃতির চেতনা নতুন মাত্রা নিয়ে উন্মোচিত হয়েছে তাঁর কাজে। এসব কাজ নিয়েই বেঙ্গল গ্যালারিতে ‘নিসর্গে অবগাহন’ নামের প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে। সন্ধ্যায় ১২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী। গতকাল বেঙ্গল শিল্পালয়ে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পী রেজাউন নবী ছাড়াও শিল্পসমালোচক সৈয়দ আজিজুল হক এবং গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। বক্তারা বলেন, রেজাউন নবীর সৃষ্টি ও নিসর্গচেতনায় নির্মল সৌন্দর্য আবাহনের ধ্যান লক্ষণীয়। রং ব্যবহারেও পরিমিতি জ্ঞান তাঁর সৃষ্টিকে করে তুলেছে অর্থময়। শিল্পী জানান, গত এক বছরে তিনি যেসব ছবি এঁকেছেন, তা থেকে বাছাই করে ৬৭টি চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী। কবি হাসান হাফিজকে সম্মাননা জাতীয় প্রেসক্লাব সদস্য কবিদের সংগঠন ‘কবিতাপত্র পরিষদ’ জুন মাসের নির্বাচিত কবি হিসেবে কবি হাসান হাফিজকে সম্মাননা দিয়েছে। গত বুধবার প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মাননা ও নিয়মিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। হাসান হাফিজ তাঁর তিনটি কবিতা পাঠ করেন। কবিতাপত্রের সভাপতি আহমদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন কবিতাপত্রের সম্পাদক কে জি মোস্তফা, গাজিউল হাসান খান, জাহাঙ্গীর ফিরোজ, কবিতাপত্র পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান প্রমুখ। কায়ায় সমীরণ চৌধুরীর প্রদর্শনীউত্তরার গ্যালারি কায়ায় আজ শুরু হচ্ছে শিল্পী সমীরণ চৌধুরীর একক চিত্র প্রদর্শনী। ‘কানেকটিং উইথ নেচার’ নামের এই প্রদর্শনী আগামীকাল শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে। নিয়ামুল বারীর একক প্রদর্শনীশিল্পী নিয়ামুল বারীর একক প্রদর্শনী শুরু হবে আজ সন্ধ্যা সাতটায় ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। প্রদর্শনী চলবে ১৫ জুলাই পর্যন্ত।