ভাষাসংগ্রামী ইমদাদ হোসেন সম্মাননা পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত ত্রিংশত্তম বার্ষিক অধিবেশনের শেষ দিন গতকাল রোববারের কার্যক্রম শুরু হয় প্রীতি সম্মেলনের মধ্য দিয়ে। এ উপলক্ষে সকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে দেশের বিভিন্ন স্থান থেকে পরিষদের সদস্যরা উপস্থিত হন। জ্যেষ্ঠ সদস্যরা স্মৃতিচারণা করেন। তাঁদের উত্তরীয় পরিয়ে দেন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সারওয়ার আলী, সাইফুদ্দৌল্লাপ্রমুখ। এরপর ছিল প্রতিনিধি সম্মেলন। এতে জিল্লুর রহমান সিদ্দিকী সভাপতি ও সোহরাব উদ্দীন সাধারণ সম্পাদ নির্বাচিত হন। বিকেলে সংগীত প্রতিযোগিতায় কিশোর ও সাধারণ বিভাগের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় বই ও সনদ। কিশোর বিভাগে প্রথম মান ১৪ জন এবং দ্বিতীয় মান পেয়েছে ২২ জন। প্রথম মানে প্রথম পুরস্কার পায় তাহমিদ ওয়াসিফ। সাধারণ বিভাগে প্রথম মান ১৫ জন এবং দ্বিতীয় মান পেয়েছেন ১১ জন। এ বিভাগে প্রথম হয়েছে সেমন্তী মঞ্জরী। প্রতিবছরের মতো এবারও পরিষদ গুণীজন সম্মাননা প্রদান করে। এবার সম্মাননা দেওয়া হয় ভাষাসৈনিক চিত্রশিল্পী ইমদাদ হোসেনকে। সম্মাননা হিসেবে পদক ও ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। সন্ধ্যা সম্মেলক কণ্ঠে গান ‘আগুনের পরশমণি’ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একক সংগীত পরিবেশন করেন ইফ্ফাত আরা দেওয়ান, রোকাইয়া হাসিনা, আজিজুর রহমান প্রমুখ। তাঁরা ‘এই কথাটি মনে রেখো’, ‘শুধু তোমার বাণী’, ‘যা হবার তা হবে’ এসব গান গেয়ে শোনান। এ ছাড়া দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যম ও ভাবনা।