ভাষাসৈনিকদের নিয়ে ধারাবাহিক তথ্যচিত্র ‘একুশের যাত্রী’
বায়ান্নর ভাষা আন্দোলনে অংশ নেওয়া ২৮ জন ভাষাসৈনিককে নিয়ে ধারাবাহিক তথ্যচিত্র তৈরি করছেন তারেক মাহমুদ। নাম একুশের যাত্রী। এরই মধ্যে ১২ জন ভাষাসৈনিকের শুটিং সম্পন্ন হয়েছে। তাঁদের মধ্যে আছেন ভাষাসৈনিক আবদুল মতিন, আহমদ রফিক, রফিকুল ইসলাম, রওশন আরা বাচ্চু, হালিমা খাতুন, আনিসুজ্জামান, সামছুল হুদা, জসিম উদ্দীন আহমেদ, সফর আলী আকন্দ, আমির আলী খান, তোফাজ্জল হোসেন ও মোতাহার হোসেন সূফী। এখন চলছে শুটিং হওয়া অংশগুলোর সম্পাদনার কাজ। অন্যদের পর্বগুলোও শিগগিরই ধারণ করা হবে। তারেক মাহমুদ বললেন, ‘পুরোটাই সাক্ষাৎকারভিত্তিক। প্রতিটি তথ্যচিত্রের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ২৫ মিনিট। আগামী বছর ফেব্রুয়ারিতে তথ্যচিত্রগুলো টিভিতে মাসব্যাপী প্রচার করা হবে। এরই মধ্যে যেগুলোর শুটিং শেষ হয়েছে, সেগুলোর সম্পাদনার কাজ চলছে। বাকি পর্বগুলোর কাজ নভেম্বরের মধ্যেই শেষ হবে।’তিনি জানান, এই ধারাবাহিক তথ্যচিত্র অবলম্বনে আগামী বছর বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় একটি বই প্রকাশ করা হবে।