ভাষাসৈনিকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির জাতীয় ইতিহাসের অবিস্মরণীয় গৌরবময় অধ্যায় মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষাসৈনিকদের মিলনমেলা অনুষ্ঠিত হলো গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে। ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ৫২ ভাষাসৈনিককে এই মিলনমেলায় সম্মাননা জানানো হয়। এর মধ্যে ২৬ জনকে দেওয়া হয়েছে মরণোত্তর সম্মাননা। সাপ্তাহিক পত্রিকা সমধারা এবং ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ভাষাসৈনিকদের এই মিলনমেলার আয়োজন করে।জাতীয় সংগীত ও একুশের গান দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর ভাষাসৈনিক মরহুম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর ও সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্রের পরিচালক এম আর মাহবুব। রাষ্ট্রপতির মৃত্যুতে অনুষ্ঠানের নির্ধারিত কর্মসূচি পরিবর্তন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন এমদাদুল ইসলাম। আলোচনা করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস ও উন্নয়নকর্মী জেসমিন প্রেমা। আলোচনা পর্বের পর ভাষাসৈনিকদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অতিথিরা এই ৫২ ভাষাসৈনিকের কর্মময় জীবন ও ভাষা আন্দোলনের প্রবন্ধ নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। প্রধান অতিথি ভাষাসৈনিক ও তাঁদের প্রতিনিধিদের হাতে স্মারকগ্রন্থ, সম্মাননাপত্র এবং সম্মাননা স্মারক তুলে দেন।সাপ্তাহিক পত্রিকা সমধারা তাদের প্রথম বর্ষপূতি উপলক্ষে ২০১১ সালে আট ভাষাসৈনিক এবং ২০১২ সালে ২১ নারী ভাষাসৈনিককে সংবর্ধনা দেয়। এরই ধারাবাহিকতায় এবার ৫২ জন ভাষাসৈনিককে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ২৬ জনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপর ২৬ ভাষাসৈনিকের মধ্যে ছিলেন আবদুল মতিন, আহমদ রফিক, আবদুল গাফফার চৌধুরী (অনুপস্থিত), অধ্যাপক এম এ মান্নান, বিচারপতি কাজী এবাদুল হক, মুস্তাফা নূরউল ইসলাম (অনুপস্থিত), কামাল লোহানী, হালিমা খাতুন (অনুপস্থিত), শরফুদ্দিন আহমদ, সাঈদ হায়দার, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, জসীম উদ্দিন আহমদ, প্রতিভা মুৎসুদ্দী, আহসান উল্লাহ চৌধুরী, খাজা মহিউদ্দিন, আবদুল করিম পাঠান, সাবির আহমদ চৌধুরী, ফজলে আলী, শামসুল হুদা, রেজাউল করিম, অধ্যাপক মো. ফুলে হুসেন, শরিফা খাতুন, মোহাম্মদ জিয়াদ আলী, আলী আছগর, অ্যাডভোকেট আবদুস সামাদ ও ডি এইচ এস মুনিরউদ্দিন।সত্তরের সাত শিল্পীর প্রদর্শনী গত শতকের সত্তরের দশকটি ছিল বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক জীবনে খুবই তাৎপর্যময় সময়। স্বাজাত্যবোধের প্রবল চেতনা যেকোনো সৃজনশীল মানুষকে করে তুলেছিল নির্মাণ ও সৃষ্টির জন্য উদ্বেলিত। এই সময়ের সাতজন শিল্পীর কাজ নিয়ে গতকাল থেকে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শুরু হলো ‘সত্তরের সাত’ নামের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে নয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আলমগীর হক, ফরিদা জামান, নাইমা হক, নাসিম আহমেদ নাদভী, সাধনা ইসলাম, শওকাতুজ্জামান এবং টি এ কামাল কবীর।প্রদর্শনীতে সাতজন শিল্পীর আটটি করে মোট ৫৬টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী ৩০ মার্চ ২০১৩ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।প্রাণনের রূপশিল্পের দেশধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে গতকাল থেকে শুরু হয়েছে প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী সোহেল রানা প্রাণনের ‘রূপশিল্পের দেশ’ নামে দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী। ছয় দিনের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী সৈয়দ আবুল বারক আলভী, বিশেষ অতিথি ছিলেন শিল্পী জামাল আহমেদ, সভাপতিত্ব করেন স্থপতি শামসুল ওয়ারেস। প্রদর্শনীতে ছাপচিত্র এবং তেলরঙের মোট ৫০টি কাজ রয়েছে। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকেব ২৭ মার্চ পর্যন্ত।