ভাসমান অন্য ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির নাম ও পরিচালকের নাম—দুটোই শুনতে বেশ খটমট লাগতে পারে। কিন্তু অ্যাপিচাটপংয়ের আংকল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস ছিল এই বছরের স্বর্ণ পামের সত্যিকার দাবিদার। রহস্যময়, স্বপ্নীল, শান্ত, আর জাদুকরি—এমন সব শব্দই মাথায় ঘুরপাক ছবিটা দেখার পর। কিছু ব্যাপার-স্যাপার প্রথমবার, এমনকি দ্বিতীয় বা তৃতীয় দেখাতেও বেশ কিম্ভূত ঠেকতে পারে। কিন্তু সেগুলো একই সঙ্গে মনোমুগ্ধকর আর দর্শককে মোহাবিষ্ট করে রাখার ক্ষমতাও রাখে। ছবির শুরুতেই সংলাপবিহীন অসাধারণ এক দৃশ্য—দড়ি ছিঁড়ে পালিয়েছে একটা মহিষ। ভর সন্ধ্যায় একলা মহিষটা দাপিয়ে বেড়াচ্ছে সারা জঙ্গলময়। অতুলনীয়!ছবির কেন্দ্রীয় চরিত্র বুনমি কিডনির বিমারে আক্রান্ত মধ্য বয়সী একজন মানুষ। নিঝুম জঙ্গলে বুনমি এসেছে জীবনের শেষ দিনগুলো কাটাতে। বুনমির বিশ্বাস, এই জায়গার সঙ্গে মিশে আছে তার পূর্বজন্মের স্মৃতি। তার পূর্বজন্মের স্মৃতিগুলো ছবিতে ঘুরেফিরে আসে চলমান কাহিনির একই সমান্তরালে, ফ্লাশব্যাকের আদলে। বুনমির জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলোও এসে তার কাছে দেখা দেয়—তার মৃত স্ত্রী, হারিয়ে যাওয়া সন্তান...অরণ্যের আবাসে বুনমির সঙ্গী হয়েছে লাওস থেকে আসা সেবিকা জাঈ, তার শ্যালিকা জেন ও তরুণ চাচাতো ভাই টং। নৈশ আহারের সময় খাবার টেবিলে এসে হাজির হয় বুনমির প্রয়াত স্ত্রী হুয়াই। আমাদের সবারই আত্মসমর্পণ করতে হবে মৃত্যুর কাছে—বুনমিকে এই জাতীয় উপদেশবাণী শোনায় তার মৃত স্ত্রী। সেই কবে হুট করে লাপাত্তা হয়ে গিয়েছিল ছেলে বুনসং। সেও এসে দেখা দেয় বাবাকে। না, ঠিক মানুষ নয়। বুনসং বাবার কাছে ফিরে আসে এক শাখামৃগের বেশে। কোনো সন্দেহ নেই, এসব ঘটনা স্রেফ ‘আজব’ মনে হবে সবার কাছে। তবে মোদ্দা কথা এই, এসব আপাত অদ্ভুত দৃশের সবকটিতেই বিচিত্র এক মাধুর্য মাখা। ‘আংকল বুনমি’ আনন্দ দেয় আবার মরমে ব্যথাও দেয়।গার্ডিয়ান অবলম্বনে ইকবাল হোসাইন চৌধুরী