
দিনের বেলাতেও যে পথে লোকে খুব একটা হাঁটে না, মাঝরাতেও সেখানে পা ফেলার জায়গা ছিল না। দর্শকসংখ্যার বিচারে এ ধরনের বড় সাংস্কৃতিক আয়োজন সিলেটবাসীর কাছে নতুন। বেঙ্গল সংস্কৃতি উত্সব ঘিরে সিলেটবাসীর তাই ছিল অন্য রকম আগ্রহ ও উত্সাহ। সে উত্সবের সামান্য কিছু চিত্র ধরা থাকল এই লেখায় সুমনকুমার দাশ, সিলেট থেকে

কেন এ আয়োজন?
বাংলাদেশের সংস্কৃতিচর্চাকে গতিময় ও বহুমাত্রিক রূপ দিতে বেঙ্গল ফাউন্ডেশনের এ আয়োজন। ঢাকার বাইরে তারা যাত্রা শুরু করলেন সিলেট বিভাগকে দিয়ে। গত ২২ ফেব্রুয়ারি থেকে সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ১০ দিনব্যাপী শুরু হওয়া এ উত্সব শেষ হয়েছে ৩ মার্চ। দেশ-বিদেশের প্রায় ৩৮৩ জন সংগীত-নৃত্য-চিত্র-নাট্য শিল্পী, লেখক ও কবি এতে অংশ নিয়েছেন। প্রতিদিন মানুষের ঢল ছিল, শেষ দিনে সেটি গিয়ে দাঁড়ায় ৫০ হাজারে।
উত্সবস্থল ছিল কয়েকটি ভাগে বিভক্ত। মূল অনুষ্ঠান হয়েছে সৈয়দ মুজতবা আলী ও হাসন রাজা মঞ্চে। শাহ আবদুল করিম চত্বরে ছিল বাদ্যযন্ত্র ও সিলেট অঞ্চলের লোকগানের ইতিহাস নিয়ে প্রদর্শনী; গুরুসদয় দত্ত চত্বরে কারুমেলা ও বেঙ্গল প্যাভিলিয়ন এবং কুশিয়ারা কলোনেডে স্থাপত্য প্রদর্শনী। রাধারমণ দত্ত বেদিতে ছিল সুবীর চৌধুরী আর্ট ক্যাম্প। পুরো উত্সবটি উত্সর্গ করা হয়েছে জ্ঞানতাপস আবদুর রাজ্জাককে। ভবিষ্যতে এমন আয়োজন দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।

বসেছিল দুই বাংলার শিল্পীদের মেলা
হাসন রাজা মঞ্চে গান করেছেন বাংলাদেশ ও ভারতের অনেক শিল্পী। সন্ধ্যা থেকে রেজওয়ানা চৌধুরী বন্যা, সুষমা দাশ, অদিতি মহসিন, সুবীর নন্দী, ফেরদৌস আরা, ইফ্ফাত আরা দেওয়ান, খায়রুল আনাম শাকিল, কুদ্দুস বয়াতি, চন্দনা মজুমদার, শফি মন্ডল, লাইসা আহমদ লিসা, কৃষ্ণকলি, ভজন ক্ষ্যাপা, ঝুমা খন্দকার, লাবিক কামাল গৌরব, নবনীতা চৌধুরী, বেবি দেওয়ান, মো. শামীম আহমদ, বাউল আবদুর রহমান, সূর্যলাল দাশ, শারমিন সাথি ইসলাম, বিজন চন্দ্র, শামা রহমান, বুলবুল ইসলাম, প্রিয়াংকা গোপ, শফিউল আলম রাজা, অনিন্দিতা চৌধুরী, শতাব্দী রায়, রাকিবা ইসলাম প্রমুখ উল্লেখযোগ্য। গেয়েছেন ভারতের হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য্য, পার্বতী বাউল, মনোময় ভট্টাচার্য, বর্ণালী চট্টোপাধ্যায় ও জয়তী চক্রবর্তী। এ ছাড়া রাজরূপা চৌধুরী বাজিয়েছেন সরোদ এবং মো. মনিরুজ্জামান বাঁশী। আতাউর রহমান মিন্টু ও তাঁর দলের গম্ভীরা পরিবেশনার পাশাপাশি ছিল পঁচাশি বছর বয়সী আলী আসহাবের নাগরি পুঁথিপাঠ। সমবেত পরিবেশনা ছিল ‘জলের গান’, ‘বেঙ্গল পরম্পরা সংগীতালয়’, ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’, ‘গীতবিতান বাংলাদেশ’-এর।
ছিল নৃত্য ও মঞ্চনাটক
উদ্বোধনী দিনে ছিল ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় মণিপুরী নৃত্য। ছিল ‘নৃত্যশৈলী’ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামকৃষ্ণ সরকার ও তাঁর দলের সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নাচ। নাচ করেছে ‘মণিপুরী নৃত্য একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস’ ও ‘চা জনগোষ্ঠী সাংস্কৃতিক সংঘ’। মঞ্চায়িত হয়েছে মণিপুরী থিয়েটারের কহে বীরাঙ্গনা, থিয়েটার আর্ট ইউনিটের আমিনা সুন্দরী, সুবচন নাট্যসংসদের মহাজনের নাও নাটকগুলো।
ছিল চলচ্চিত্রপ্রেমীদের ভিড়
সৈয়দ মুজতবা আলী মঞ্চে প্রায় প্রতিদিনই ছিল চলচ্চিত্র প্রদর্শনী। ভিড় করে দল বেঁধে বর্ন টুগেদার, টেলিভিশন, গেরিলা, মেঘমল্লার, অজ্ঞাতনামা, জালালের গল্প, আয়নাবাজি, দিপু নাম্বার টু, আন্ডার কনস্ট্রাকশন, অনিল বাগচীর একদিন, আমার বন্ধু রাশেদ, রানওয়ে, তিতাস একটি নদীর নাম ও ঘাসফুল ছবিগুলো দেখেছেন চলচ্চিত্রপ্রেমীরা।
আরও যা কিছু
নাচ-গান-সিনেমা-মঞ্চনাটকের পাশাপাশি ছিল সাহিত্য সম্মেলন, স্থাপত্য ও বাদ্যযন্ত্র প্রদর্শনী, কারুমেলা ও ফুডকোর্ট। ছিল প্রথমা ও বেঙ্গল পাবলিকেশনসের বইমেলা। আলোর রোশনাই, পরিচ্ছন্ন পরিবেশ, নান্দনিক আসন ও কড়া নিরাপত্তা সহযোগে এমন আয়োজনের অপেক্ষা করবে সিলেটবাসী।