ভাস্কর্য নির্মাণের আগে বিশেষজ্ঞদের অভিমত নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘর সদস্যরা। ছবি প্রথম আলো
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘর সদস্যরা। ছবি প্রথম আলো

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কথিত ‘ভাস্কর্য’ স্থাপন, অপসারণ ও প্রতিস্থাপনের যে ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়ায় জনমনে বিবিধ বিভ্রান্তি ও আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ভাস্কর্যশিল্পীরা। তারা বলেছেন, ‘ভাস্কর্যের বিশেষ একটি ধারা অর্থাৎ গণ প্রাঙ্গণ বা উন্মুক্ত স্থানের ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে বারবার নানা সংকট তৈরি হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত একটি শুভ উদ্যোগের ক্ষেত্রে ভুল প্রক্রিয়া অনুসরণের কারণে।’ 

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রাক্তনি সংঘের আহ্বায়ক মজিবর রহমান, যুগ্ম আহ্বায়ক ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান এ এ এম কাওসার হাসান, রাজু ভাস্কর্যের ভাস্কর শ্যামল চৌধুরী এবং প্রাক্তনি সংঘের সদস্যসচিব ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুল খবির। এ সময় তারা উন্মুক্তস্থানে ভাস্কর্য নির্মাণে সরকারের বিভিন্ন সংস্থাকে দশ দফা সুপারিশ দেন।
লিখিত বক্তব্যে পড়ে শোনান এ এ এম কাওসার হাসান। এতে বলা হয়, ‘বিগত বেশ কয়েক বছর যাবৎ সৌন্দর্যবর্ধনের নামে ঢাকাসহ বিভিন্ন মহানগর ও জনপদে ভাস্কর্য হিসেবে কিছু স্থাপনা বসানো হয়েছে। এগুলোর বেশির ভাগই কদর্য, কুরুচিপূর্ণ। দৃষ্টিনন্দন না হয়ে বরং দৃষ্টি দূষণের সৃষ্টি করছে। এই অ-নান্দনিক নির্মাণসমূহ এ দেশের শত শত ভাস্করদের ভাবমূর্তি যেমন বিনষ্ট করছে তেমনি জাতীয় মর্যাদার জন্য হুমকিতে পরিণত হয়েছে। এই সব ভাস্কর্যের বেশির ভাগ নির্মিত ও স্থাপিত হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ায়। নির্মাণের আগে, নির্মাণের সময় অথবা পরে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের কোনো অভিমত কখনই গ্রহণ করা হয়নি।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘বিগত ২০০৮ সালে স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত শিল্পীদের মাধ্যমে ভাস্কর্য নির্মাণের জন্য নীতিমালা প্রস্তাব করে একাধিক সংবাদ সম্মেলন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপিও প্রদান করা হয়। কিন্তু অজানা কারণে বিষয়টি উপেক্ষিত থেকে যায় এবং একই ধরনের সংকটের পুনরাবৃত্তি ঘটতে থাকে। ফলস্বরূপ দেশ ও জাতির জন্য শুধু অবাঞ্ছিত সংকটই তৈরি হচ্ছে না বরং ভাস্কর্যের সমকালীন অনুশীলনকেও তা বাধাগ্রস্ত করছে এবং ভাস্কর্য সম্পর্কে অহেতুক বিভ্রান্তির জন্ম হচ্ছে।’
সংবাদ সম্মেলনের মাধ্যমে উন্মুক্তস্থানে ভাস্কর্য নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রাক্তনি সংঘ দশ দফা প্রস্তাব করেন। এতে সিটি করপোরেশনের সৌন্দর্যবর্ধনে ভাস্কর্য স্থাপনের প্রক্রিয়া স্থগিত ও প্রচলিতবিধি বাতিল করা, গণপ্রাঙ্গনে ভাস্কর্য স্থাপনের আগে ভাস্কর্য বিষয়ে প্রত্যক্ষ বিশেষজ্ঞদের মতামত নেওয়া, প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃত ভাস্করের যথাযথ ভাস্কর্য নির্বাচন করা, নির্বাচিত ও অনির্বাচিত সকল মডেল ও নকশা নিয়ে প্রদর্শনীর আয়োজন, সরকারি ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও এ নীতিমালা মেনে চলা, ভাস্কর্যকে পাঠ্যসূচিতে আবশ্যিক করার কথা বলেছেন ভাস্করেরা।