
বাঙালি দর্শকের নাড়ির গতি ধরে এগিয়ে যাচ্ছে জাজ মাল্টি মিডিয়া। তার প্রমাণ তাদের বিগত দিনের প্রযোজিত চলচ্চিত্রগুলো। এবার ঈদ বিনোদনে তাদের উপহার পিএ কাজল পরিচালিত ভালোবাসা আজকাল। পি এ কাজল তাঁর নিজের কাছে একটা সামাজিক অঙ্গীকারাবদ্ধ। তিনি নানা ধরনের সাক্ষাৎকারে বলেন, ‘আমার মা যা পছন্দ করেন না, আমি তেমন চলচ্চিত্র নির্মাণ করি না।’ সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাজ মাল্টি মিডিয়া প্রযোজিত ভালোবাসা আজকাল। তরুণ প্রজন্মের ভাব আবেগের বিশুদ্ধ উপকরণে শাকিব খান ও মাহীর প্রথম জুটির চলচ্চিত্র ভালোবাসা আজকাল।সরল গল্পের কেন্দ্রবিন্দু আলীরাজের বড় হওয়ার স্বপ্ন। মাহীকে কিডন্যাপ করে প্রবাসে আত্মগোপন। মাহীর বন্দীজীবন। স্বপ্নে দেখা বাংলাদেশে ফেরার ব্যাকুলতা। একসময় পালিয়ে প্রবাস থেকে বাংলাদেশে আসা। দুই প্রতারক শাকিব খান ও কাবিলার চক্করে পড়া। পিতা আলীরাজের উৎকণ্ঠা। কন্যা মাহীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা। অর্থলোভে শাকিব খান ও কাবিলার মাহীকে আলিশান বাড়িতে আটকে রাখা। একসময় মাহীর জিদ রক্ষায় তাঁকে নিয়ে বান্দরবান যাত্রা। পথে নানা সংকট। নানা কৌতুক। এর মাঝে মাহী-শাকিব খানের প্রেমানুরাগ, ভাব বিনিময়। মন সুতার টানে কাছে আসা। থাকা পাশাপাশি। অবশেষে মাহীর স্বপ্নে দেখা জমিদারবাড়ির সন্ধান লাভ। যে জমিদারবাড়িতে তাঁর শৈশবকাল কেটেছে। যেখানে তার বাবা ছিল, মা ছিল। যেখান থেকে তাঁকে কিডন্যাপ করে নিয়ে যায় আলীরাজ। স্বপ্নের বাড়িতে প্রবেশের উদ্যোগ। আগেই এই জমিদারবাড়িতে আসা আলীরাজ ও তাঁর পেটোয়া বাহিনীর আগমন, আত্মগোপন। শাকিব খানের ধৃত হওয়া। জেলহাজত। মাহীকে বন্দী করা। মাহীর পিতা-মাতার কাছ থেকে সম্পত্তি দখলের নাটক। পুলিশি চালান দৃশ্য থেকে শাকিবের পালিয়ে বাঁচা। প্রতিশোধ শক্তি বলে যথাসময়ে শাকিব খানের আগমন। দুষ্ট শক্তির বিনাশ। শাকিব খান ও মাহীর মধুর মিলন। এই ছিল ভালোবাসা আজকাল চলচ্চিত্রের গল্পকাঠামো। চলচ্চিত্রের উপাদান, কলাকৌশল, যার আঙ্গিক নিত্য পরিবর্তনের মধ্যেই ধাবিত হয়; সেখানে এই গল্প বর্ণনায় দর্শক নতুন কী দেখল? পরিচালক নায়ক ও নায়িকার অবসন্ন মুহূর্তে স্বপ্নময় দৃশ্যের পরিবেশ আনতে পেরেছেন। আপাত ঘনরাত। বাঁশের সেতু। সরু জলের খাল। জলাকাশে জোনাক পোকার ঝিকিমিকি। যা সত্যিই চলচ্চিত্রের পর্দায় একটা বিমূর্ত ভাবের জন্ম দেয়। চমৎকার আবেগ সৃষ্টি করে। এমনতর জোনাকপোকার আলো পর্দায় তুলতে কালো পর্দার সামনে টর্চের আলো নিয়ে অনেক পরিচালককে লম্ফঝম্ফ করতে হয়েছিল একসময়। এ ছাড়া বাঁশঝাড়ে বৃষ্টি, মানকচুর পাতাকে নায়িকার জন্য ছাতা বানিয়ে দেওয়া অবশ্যই দৃশ্য ডিটেলসের উদাহরণ।
মানুষ তার মনোবল শক্তিতে এভারেস্ট চূড়া স্পর্শ করেছে। চিকিৎসাবিজ্ঞানও বলছে, রোগ-ব্যাধি থেকে মুক্ত হতে মনোবল কাজে লাগানো যেতে পারে। এই বিশ্বাসে শাকিব খান মাহীর পা কেটে যাওয়া দৃশ্যে লতাপাতা দিয়ে চিকিৎসা করার চেষ্টা করে। লতাপাতার চিকিৎসার পুনরাবৃত্তি ঘটে শাকিব খান শেষ দৃশ্যে চাকুবিদ্ধ হলে। দুটি দৃশ্যেই নায়ক ও নায়িকার ক্লোজ শটের ভাবগত ট্রিটমেন্ট প্রেম বিশ্বাস অর্থে পরিপূর্ণ।
ভালোবাসা আজকাল চলচ্চিত্রের গান গীতে তারুণ্যের চেতনা ও ভালোলাগার ব্যাকরণে বাঁধা। দৃশ্য নির্বাচন, নৃত্যভঙ্গি মুগ্ধতাপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য ধরতে ক্যামেরার ছিল অনুসন্ধানমূলক দৃষ্টি। ‘স্বপ্ন স্বপ্ন স্বপ্ন’ গানটি শাকিব খান ও মাহীর পরিচয়, সম্পর্ক থেকে দুটি মনের ভাবনার বিনিময় তথ্য প্রকাশে সম্পূরক দৃশ্য প্রকাশ, শুধু স্বপ্ন দেখানো নয়। পরিচালক সমসাময়িক ঘটনাও যুক্ত করেছেন চিত্রনাট্যে। যেমন ম্যারেজ মিডিয়া নামধারী প্রতিষ্ঠানগুলোর বর-কনে সাজানো প্রতারণা প্রসঙ্গ। বিশ্বাসযোগ্য ভিজুয়ালই চলচ্চিত্রের মূল উপাদান। বিশ্বাসে চ্যুতি ঘটলেই দর্শকের মনে নানাবিধ প্রশ্ন দানা বাঁধে। হাস্যকৌতুকের ছলে মায়ের মাথা ছুঁয়ে কসম কাটা এবং পরবর্তী সময়ে গল্পে নায়কের ধোঁকাবাজি করা আরোপিত ঘটনা না হলেও স্থূল যুক্তিতে এগিয়ে যাওয়া। আবার মায়ের মৃত্যুতে কসম শর্ত তুলে নিয়ে নায়কের ভালো মানুষ হওয়ার বাসনা। এসব দৃশ্য দর্শকদের নাড়া দিতে কখনো ব্যর্থ হয়েছে, যা ছিল চিত্রনাট্যের দুর্বল অনুষঙ্গ।
ভালোবাসা আজকাল সার্বিকভাবে রসোত্তীর্ণ চলচ্চিত্র কি না, প্রশ্ন আছে। যদি ভাবতে পারা যায় যে চলচ্চিত্র বর্তমানে একটি প্রাযুক্তিক উৎপাদন, তাহলে গানের দৃশ্যের পটভূমিতে ধূসর মরুভূমি, পিরামিড ইত্যাদি ভিজুয়াল দর্শকদের তৃপ্ত করে, যা বাংলাদেশের চলচ্চিত্রকে আধুনিক দৃষ্টিকোণ থেকে নির্মাণ এবং ঋজু করে তোলার প্রয়াস আছে ভালোবাসা আজকাল চলচ্চিত্রে। দীর্ঘ সময়ের চলচ্চিত্র জীবনচর্চায় শাকিব খান এখন সিনিয়র শিল্পী। একজন নতুন সহশিল্পী মাহীকে সহযোগিতার হাত বাড়িয়ে প্রতিটি দৃশ্যাভিনয়ে তিনি আন্তরিক ছিলেন। মাহীর শিশুসুলভ আচরণ, হাসি-কান্না সাবলীল গদ্যের মতো। চরিত্রের দাবিতে তাঁর আঙ্গিক বাচিক অভিনয় জুতসই মার্জিত।