ভিট-চ্যানেল আই টপ মডেল হলেন নওশীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরা হয়েছেন নওশীন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন আশা এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন তানিয়া। পুরস্কার হিসেবে টপ মডেল নওশীন পেয়েছেন পাঁচ লাখ টাকা, প্রথম রানার আপ তিন লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ পেয়েছেন দুই লাখ টাকা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার তিন বিচারক—নোবেল, তানিয়া আহমেদ ও কানিজ আলমাস খান এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রেকিট বেনকিজার বাংলাদেশ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল চৌধুরী ও এসএমজির ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম।গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা দশ প্রতিযোগী মডেল বিভিন্ন পোশাকে ক্যাটওয়াক করেন। এ ছাড়া সংগীত পরিবেশন করেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও এস আই টুটুল। বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করেন চিত্রনায়ক ফেরদৌস ও গতবারের ভিট-চ্যানেল আই সেরা মডেল হাসিন, নাবিলা-চ্যানেল আই সেরা নাচিয়ের শিল্পীরা এবং তানজিল ও তাঁর দল।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং রেকিট বেনকিজার বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল চৌধুরী।নিবন্ধন ও বিভিন্ন পর্যায়ের বাছাই-প্রক্রিয়া শেষে ২০ প্রতিযোগীকে নিয়ে শুরু হয় ক্যাম্প। প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীরা র্যাম্প তথা মূলধারার মডেলিং প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হন। সেরা ২০ জনকে নিয়ে শুরু হয় মূল প্রতিযোগিতা। মূল প্রতিযোগিতায় এবারও বিচারক হিসেবে ছিলেন নোবেল, তানিয়া আহমেদ ও কানিজ আলমাস খান। মূল বিচারকদের সঙ্গে গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রতিযোগীদের কোরিওগ্রাফি ও গ্রুমিংয়ের দায়িত্বে ছিলেন লুনা। প্রতিযোগিতাটি পরিকল্পনা করেন রুমানা রশীদ ঈশিতা। উপস্থাপনা করেছেন সিজিল মির্জা। গত ১৩ অক্টোবর দ্বিতীয়বারের মতো চ্যানেল আইতে শুরু হয়েছিল প্রতিযোগিতাটি। ভিট-চ্যানেল আই টপ মডেলের প্রথমবারের আসরে ‘টপ মডেল ২০১১’-এর মুকুট পরেছিলেন রাজশাহীর মেয়ে হাসিন রওশন জাহান। প্রথম রানার আপ হয়েছিলেন সানজিদা ইসলাম তাহা ও দ্বিতীয় রানার আপ হয়েছিলেন নোমিরা আহমেদ রাখি।