ভিট মডেল অপ্সরার চলচ্চিত্র-অভিষেক
ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার প্রথম আসরে ‘বেস্ট স্মাইল’ খেতাব জিতেছিলেন অপ্সরা আলী। এরপর বেশ কয়েকটি টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি। এবার তিনি ‘পরবাসিনী’ চলচ্চিত্রে কাজ শুরু করলেন।বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর ছবিটির কাহিনি সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন স্বপন আহমেদ। ছবির প্রধান অভিনয়শিল্পী মডেল-অভিনেতা নিরবকে দিয়েই সম্প্রতি সিলেটের লাউয়াছড়া এলাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে।গতকাল সোমবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ছবিটির শুটিংয়ে অংশ নেন ভিট-চ্যানেল আই টপ মডেলখ্যাত অপ্সরা আলী।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে অপ্সরা বলেন, ‘ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার পর নাটক ও বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা হয়েছিল। ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করব। এবার সে ইচ্ছাপূরণ হলো। প্রথম ছবি, তাই আনন্দের মাত্রাটা একটু বেশিই বলতে পারেন।’ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে অপ্সরা বলেন, ‘এখানে আমাকে অপরাধজগতের একজন সদস্য হিসেবে দেখানো হবে। এই গ্রুপে কাজ করেন নিরব। একটা সময় তাঁর প্রতি আমার ভালোবাসা তৈরি হয়। কিন্তু নিরব আমাকে ভালোবাসে না, ভালোবাসে মেহজাবিনকে। এভাবেই আমার চরিত্রটি এগোতে থাকে।’এদিকে অপ্সরা সম্পর্কে পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘ছবির খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র এটি। এ জন্য আমরা এমন একজনকে খুঁজছিলাম, যাঁকে দিয়ে আসলে কাজটি ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। পরে সবকিছু বিবেচনা করে মনে হলো অপ্সরাই চরিত্রটির জন্য যথোপযুক্ত।’পরিচালক আরও জানিয়েছেন, ২৪ জুন থেকে সিলেটের লাউয়াছড়ায় একটানা শুটিং শুরু হবে ‘পরবাসিনী’ ছবিটির।