ভিডসিতে বাংলাদেশের কিউরেটর
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্ল্যাটফর্ম ‘ভিডসি’তে যোগ দিয়েছেন তরুণ নির্মাতা খন্দকার মো. জাকির। তিনি ভিডসির বাংলাদেশ শাখার কমিউনিটি কিউরেটর হিসেবে কাজ করবেন। গত ২৫ জানুয়ারি তিনি কাজ শুরু করেছেন।
সিঙ্গাপুরভিত্তিক অনলাইন মিডিয়া কোম্পানি ‘ভিডসি’ এশিয়ার বাছাইকৃত স্বল্পদৈর্ঘ্য ছবি দর্শকের কাছে পৌঁছাতে কাজ করছে। চলচ্চিত্র উৎসব, নির্মাতা ও চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ তৈরি ও তাদের সেরা কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দিতে সিঙ্গাপুর ছাড়াও তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপাইন, চীন, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশে কাজ করছে এশিয়ার এই মাইক্রো সিনেমা প্ল্যাটফর্মটি। এতে আপলোড করা ছবিগুলো থেকে প্রতি মাসে নির্বাচিত সেরা ছবিকে ১ হাজার ৭০০ ডলার পুরস্কার দেওয়া হয়।
জাকির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি জানান, ভিডসিতে এখন পর্যন্ত বাংলাদেশের চারটি ছবি রয়েছে। ছবি আপলোডের শর্ত হচ্ছে, স্বল্পদৈর্ঘ্য এই ছবিগুলোতে নিজের দেশের গল্প থাকতে হবে।