ভিডিও অ্যালবাম নিয়ে ব্যস্ত সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্লোজআপ তারকাখ্যাত সোনিয়া।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে সোনিয়া বলেন, ‘এবার আমি ভিডিও অ্যালবাম দিয়েই ফিরতে চাই। আটটি গান নিয়ে ভিডিও অ্যালবামটি সাজানোর পরিকল্পনা করছি। এরই মধ্যে ছয়টি গানের রেকর্ডিং প্রায় শেষ হয়ে গেছে। পাশাপাশি চলছে গানের ভিডিও তৈরির কাজ।’ ভিডিও অ্যালবাম প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘একটি মানসম্মত ভিডিও অ্যালবাম তৈরির চেষ্টা করছি। তাই সময় নিয়ে গানগুলোর ভিডিও তৈরির কাজ করা হচ্ছে। একটি ভিডিওর কাজ শেষও করেছি। ২৭ জানুয়ারি আরেকটির কাজ শুরু করব।’ সোনিয়ার নতুন অ্যালবামের ছয়টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হায়দার হোসেন ও নাদিম শ্রাবণ।সোনিয়া ২০০৯ সালের দিকে এক কানাডা-প্রবাসীকে বিয়ে করে দেশের বাইরে চলে যান। টানা তিন বছর সেখানেই ছিলেন। গত বছরের অক্টোবরে সোনিয়া হঠাত্ দেশে ফেরেন। সে সময় সোনিয়া জানিয়েছিলেন, দেশে বেড়াতে আর আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এসেছেন। থাকবেন ছয় মাস। কিন্তু তা আর হচ্ছে না। ফেব্রুয়ারির ১ তারিখ কানাডার পথে উড়াল দিচ্ছেন সোনিয়া। কানাডা যাওয়া প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘একটু আগেভাগেই ফিরে যাচ্ছি। তবে এবার কানাডায় গিয়ে আমার নতুন অ্যালবামের চারটি গানের ভিডিও তৈরির কাজও শেষ করব। তারপর সামনের অক্টোবরে বাংলাদেশে এসে বাকি দুটি গানের ভিডিও শেষ করে আটটি গান দিয়ে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ দেশে এসে পরিবারকে সময় দেয়ার পাশাপাশি গানেও ব্যস্ত ছিলেন সোনিয়া। টিভি লাইভ শো আর বেশ কটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। সোনিয়ার ভিডিও অ্যালবামের বাংলাদেশের শুটিং করা গানগুলোর ভিডিও নির্মাণ করছেন হাসিবুর রেজা কল্লোল।এ পর্যন্ত তিনটি একক, ছয়টি দ্বৈত ছাড়াও অন্তত ১৫টি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে সোনিয়ার। তাঁর উল্লেখযোগ্য দ্বৈত অ্যালবাম হলো: ‘মন পবনের নাও’ (আসিফ), ‘রঙে রঙে’ (ডলি সায়ন্তিনী) ও ‘পালিয়ে যাই’ (পলাশ)। একক অ্যালবামগুলোর মধ্যে আছে ‘নিঠুর বাঁশি’ (২০০৬), ‘রাধার মন’ (২০০৮), ‘ভেবে নেবো’ (২০০৯)।