ভিডিও গেম থেকে সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়সড় বন্দুক থেকে ঠা ঠা করে গুলি বের হচ্ছে। গুলিতে ঘায়েল ‘হাউ-মাউ-খাউ’ করতে করতে সামনে আসা কঙ্কালসার ভূত! একটা সময় শুধু কম্পিউটারের ভিডিও গেমে এমন দৃশ্য দেখা যেত। জনপ্রিয় কিছু ভিডিও গেম পরে চলে আসে সিনেমার রুপালি পর্দায়।

সব সিনেমা আবার ভিডিও গেমের মতো জনপ্রিয় হতে পারেনি। তবে ভিডিও গেমের ওপর ভিত্তি করে নির্মিত এসব ছবি বিনোদনে ভরপুর। কয়েকটি জনপ্রিয় সিনেমা দেখে নিতে পারেন আপনিও।

‘মর্টাল কমব্যাট’ ছবির দৃশ্য
‘মর্টাল কমব্যাট’ ছবির দৃশ্য

মর্টাল কমব্যাট
১৯৯২ সালের জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কমব্যাট’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় এ ছবি। ১৯৯৫ সালে মুক্তি পায় এটি। ১৯৯৭ সালে এর সিক্যুয়েল ‘মর্টাল কমব্যাট: অ্যানিহাইলেশন’ মুক্তি পায়। ফাইটিং গেম হিসেবে যতটা জনপ্রিয় ছিল মর্টাল কমব্যাট, ছবি দুটি আবার ততটা হতে পারেনি।

‘সাইলেন্ট হিল’ ছবির দৃশ্য
‘সাইলেন্ট হিল’ ছবির দৃশ্য

সাইলেন্ট হিল
২০০৬ সালে মুক্তি পায় ‘সাইলেন্ট হিল’ ছবিটি। ভৌতিক শহর সাইলেন্ট হিলে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে থাকা মায়ের গল্প এটি। ১৯৯৯ সালের একই নামের জাপানি ভৌতিক গেমের ওপর ভিত্তি করে নির্মিত হয় ‘সাইলেন্ট হিল’।

‘রেসিডেন্ট ইভিল’ ছবির দৃশ্য
‘রেসিডেন্ট ইভিল’ ছবির দৃশ্য

রেসিডেন্ট ইভিল
১৯৯৬ সালে জনপ্রিয় হয় আরেক ভৌতিক গেম ‘রেসিডেন্ট ইভিল’। ওই গেমের ওপর ভিত্তি করে ২০০২ সালে নির্মিত হয় ছবিটি। পরে ২০০৪, ২০০৭, ২০১০, ২০১২ ও ২০১৬ সালে আরও ছয়টি কিস্তি মুক্তি পায় এই ছবির। ছবিগুলো যথাক্রমে ‘রেসিডেন্ট ইভিল: অ্যাপোক্যালিপস’, ‘রেসিডেন্ট ইভিল: এক্সটিঙ্কশন’, ‘রেসিডেন্ট ইভিল: আফটারলাইফ’, ‘রেসিডেন্ট ইভিল: রিট্রিবিউশন’ ও ‘রেসিডেন্ট ইভিল: দ্য ফাইনাল চ্যাপটার’।

‘স্ট্রিট ফাইটার’ ছবির দৃশ্য
‘স্ট্রিট ফাইটার’ ছবির দৃশ্য

স্ট্রিট ফাইটার
১৯৮৭ সালের ফাইটিং গেম ‘স্ট্রিট ফাইটার’-এর ছায়া অবলম্বনে ১৯৯৪ সালে মুক্তি পায় ছবি ‘স্ট্রিট ফাইটার’। অ্যাকশন ছবির ভক্তরা দেখতে পারেন, যদিও খুব একটা সফলতার আলো দেখেনি এই ছবি।

‘ডুম’ ছবির দৃশ্য
‘ডুম’ ছবির দৃশ্য

ডুম
১৯৯৩ সালে ভৌতিক গেম হিসেবে ‘ডুম’ বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সেই গেমের ওপর ভিত্তি করে ২০০৫ সালে মুক্তি পায় ‘ডুম’ ছবিটি। ছবিটি ডোয়াইন ‘দ্য রক’ জনসনের তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়।

‘সুপার মারিও ব্রোস.’ ছবির দৃশ্য
‘সুপার মারিও ব্রোস.’ ছবির দৃশ্য

সুপার মারিও ব্রোস
ফরসা, গোঁফওয়ালা, লাল পোশাক আর মাথায় লাল টুপি পরা লোকটাকে চেনেন? হ্যাঁ, সুপার মারিওর কথা বলছি। যে নাকি অপহরণ হয়ে যাওয়া শাহজাদিকে খুঁজতে বের হয়। কে না খেলেছে ‘সুপার মারিও’ গেমটা! কখনো টিভিতে, কখনো কম্পিউটারে। গেমটি প্রথম প্রকাশ পায় ১৯৮৫ সালে। এই গেমের ওপর ভিত্তি করে ১৯৯৩ সালে মুক্তি পায় ‘সুপার মারিও ব্রোস.’ ছবিটি।

‘লারা ক্রফট: টুম্ব রেইডার’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি
‘লারা ক্রফট: টুম্ব রেইডার’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি

লারা ক্রফট: টুম্ব রেইডার
অ্যাঞ্জেলিনা জোলিকে তারকাখ্যাতি এনে দেওয়া সিনেমা ‘লারা ক্রফট: টুম্ব রেইডার’। মুক্তি পায় ২০০১ সালে। ছবিটি ১৯৯৬ সালের ভিডিও গেম `লারা ক্রফট: টুম্ব রেইডার'-এর ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়। ২০০৩ সালে আবার মুক্তি পায় ছবিটির সিক্যুয়েল ‘লারা ক্রফট টুম্ব রেইডার: দ্য ক্র্যাডেল অব লাইফ’। সেই ছবিতেও ছিলেন জোলি। তবে আগামী বছর ‘টুম্ব রেইডার’ নামে আরেকটি ছবি মুক্তি পাবে, যেটায় অভিনয় করেছেন অ্যালিসিয়া ভিকান্দার।

‘ম্যাক্স পেইনি’ ছবির পোস্টার
‘ম্যাক্স পেইনি’ ছবির পোস্টার

ম্যাক্স পেইনি
সফল ছবির তালিকায় রাখা যাবে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘ম্যাক্স পেইনি’-কে। ২০০১ সালের গেম ‘ম্যাক্স পেইনি’র ওপর ভিত্তি করে নির্মিত হয় এই ছবি। গোয়েন্দা পুলিশ ম্যাক্স পেইনির পরিবার হত্যার প্রতিশোধের গল্প এটি।

‘হিটম্যান’ ছবির পোস্টার
‘হিটম্যান’ ছবির পোস্টার

হিটম্যান
২০০০ সালে প্রথম প্রকাশ পায় জনপ্রিয় গেম ‘হিটম্যান’। ওই গেমের আদলে নির্মিত হয় ছবি ‘হিটম্যান’। মুক্তি পায় ২০০৭ সালে। এরপর দ্বিতীয় কিস্তি ‘হিটম্যান: এজেন্ট ৪৭’ মুক্তি পায় ২০১৫ সালে।

‘ওয়ারক্রাফট’ ছবির দৃশ্য
‘ওয়ারক্রাফট’ ছবির দৃশ্য

ওয়ারক্রাফট
১৯৯৪ সালের গেম ‘ওয়ারক্রাফট: ওর্কস অ্যান্ড হিউম্যানস’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয় হালের ছবি ‘ওয়ারক্রাফট’। মুক্তি পায় ২০১৬ সালে।

‘নিড ফর স্পিড’ ছবির পোস্টার
‘নিড ফর স্পিড’ ছবির পোস্টার

নিড ফর স্পিড
অন্য গেমের চেয়ে ‘নিড ফর স্পিড’ একটু আলাদা বলা চলে। কারণ, এটি রেসিং গেম। মানে গাড়ি চালানোর গেম। প্রথম প্রকাশ পায় ১৯৯৪ সালে। এই গেমের ওপর ভিত্তি করে ২০১৪ সালে মুক্তি পায় ‘নিড ফর স্পিড’ ছবিটি। ছবির সিক্যুয়েলের জন্য কথাবার্তা চলছে।

সূত্র: বিজনেস ইনসাইডার, দ্য টেলিগ্রাফ, দ্য পোর্টালিস্ট