ভিডিও পাইরেসি বন্ধ করার জন্য পুলিশ কর্মকর্তাদের আশ্বাস
ভিডিও পাইরেসি বন্ধের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি জোনের উপকমিশনারদের কাছে সহযোগিতা চেয়েছেন চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক ও শিল্পীরা। গত শনিবার চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাদের আমন্ত্রণে পুলিশের উপকমিশনাররা এফডিসি পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন। আলোচনায় চলচ্চিত্রশিল্পের প্রধানতম সমস্যা হিসেবে ভিডিও পাইরেসিকে তুলে ধরেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা ভিডিও পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির মুখপাত্র আশরাফউদ্দিন আহমেদ উজ্জল বলেন, ‘ভিডিও পাইরেসির ফলে চলচ্চিত্রশিল্প কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা আমরা পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেছি। তাঁরা ভিডিও পাইরেসি বন্ধে আইনগত সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’এদিকে ১১ জুন স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা। তাঁরা সচিবের কাছে ভিডিও পাইরেসি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ঊর্ধ্বতন সহসভাপতি মোহাম্মদ হোসেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রসচিব চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য ভিডিও পাইরেসি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ধরনের নির্দেশ দিয়েছেন। আমরা বিশ্বাস করি, প্রশাসন যদি এখন সজাগ থাকে, তাহলে ভিডিও পাইরেসির হাত থেকে চলচ্চিত্রশিল্প রক্ষা পাবে।’