ভিডিও পাইরেসি বন্ধে সহযোগিতার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার
চলচ্চিত্রে ভিডিও পাইরেসি বন্ধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। সেই সঙ্গে কেব্ল অপারেটরদের মাধ্যমে ঢাকা শহরে বাংলা চলচ্চিত্রের অবাধ প্রদর্শন বন্ধে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার কথা বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা।আলোচনা সভায় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ ভিডিও পাইরেসি বন্ধে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এগিয়ে আসার আহ্বান জানান। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খসরু বলেন, ‘আমার চলচ্চিত্র চুরি করে ঢাকা শহরের বিভিন্ন দোকানে ভিডিও সিডি আকারে বিক্রি করা হচ্ছে। কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পারছি না। পাশাপাশি বিভিন্ন কেব্ল অপারেটর আমাদের ছবি প্রদর্শন করছে। এগুলো এখনই বন্ধ করতে হবে।’অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাসুম পারভেজ কমিউনিটি পুলিশিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। চলচ্চিত্রের মধ্য দিয়ে যাতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান তেজগাঁও অঞ্চলের পুলিশের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির। আরও বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহ আলম।এ কে এম শহীদুল হক বলেন, ‘ভিডিও পাইরেসির সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় নিয়ে বিচার করা হবে। এ কাজে চলচ্চিত্র নির্মাতাদের পুলিশকে সহযোগিতা করতে হবে। কোনো কেব্ল অপারেটর যেন আর বাংলাদেশি ছবি প্রদর্শন করতে না পারে, এ জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’