ভিডিও হলো শুভমিতা-রিজভীর গান ‘যদি তুমি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার জনপ্রিয় গায়িকা শুভমিতা ও বাংলাদেশের কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদের গাওয়া ‘চোখেরই পলকে’ গানটির পর এবার তাঁদের আরেকটি গানের ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে। ‘যদি তুমি’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু।সম্প্রতি জাফলংয়ের জিরো পয়েন্টে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে রিজভীর সঙ্গে মডেল হিসেবে রয়েছেন সুস্মিতা তুশি। দু-এক দিনের মধ্যে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে। নতুন গানের ভিডিওটি প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, ‘প্রথম গানটির সাফল্যের ধারাবাহিকতায় শুভমিতা দিদির সঙ্গে গাওয়া “যদি তুমি” গানটির মিউজিক ভিডিও করেছি। আশা করছি, আগের গানটির মতো এটিও শ্রোতাপ্রিয় হবে।’ প্রসঙ্গত, সম্প্রতি ‘ওয়ান ওয়ে রোড’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় রিজভী ওয়াহিদের। গত বছর প্রকাশিত রিজভী ওয়াহিদের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’। গানটি এই অ্যালবাম থেকেই নেওয়া।