
ঈদুল আজহার বাকি আর মাত্র দেড় সপ্তাহ। কোরবানির ঈদকে ঘিরে এবারও গানের বাজার জমজমাট। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ও কয়েকটি অ্যাপেও গান প্রকাশের প্রবণতা দেখে তেমনটাই বোঝা যাচ্ছে। এবার শিল্পী, প্রযোজনা প্রতিষ্ঠান—সবাই জোর দিচ্ছেন গানের ভিডিও নিয়ে। গান প্রযোজনা প্রতিষ্ঠান প্রধান ও শিল্পীদের সঙ্গে কথা বলে তেমনটাই জানা গেছে। তাঁদের মতে, এবারের ঈদের বাজারকে মিউজিক ভিডিওনির্ভরই বলা যায়।
গায়ক-গায়িকা বা গান প্রযোজনা প্রতিষ্ঠান কেউই আগের মতো অনেকগুলো গান নিয়ে অ্যালবাম প্রকাশে আগ্রহী নয়। এখন তাঁরা এক, তিন কিংবা ছয়টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের পাশাপাশি ভিডিও প্রকাশ করছেন। ইদানীং আবার বেশির ভাগ শিল্পী গানের স্বত্ব নিজের কাছে রেখে আন্তর্জাতিকভাবেও গান বাজারজাত করছেন। ইউটিউবে গানের ভিডিও প্রকাশ করেও সেখান থেকে আয়ের সুযোগ সৃষ্টি করেছেন। আর সে কারণেই এ বিষয়ে অভ্যস্ত হওয়ার দিকেও জোর দিচ্ছেন গায়ক-গায়িকাসহ গান তৈরির প্রতিষ্ঠানগুলো।
কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ঈদেও শিল্পীদের ভিডিও আকারে একক গান প্রকাশ হবে। অনেকে এমনও বলছেন, একটি অ্যালবামে এখন ১০টি গান করে লাভ নেই। কারণ, গানের মান ভালো হওয়া সত্ত্বেও প্রচার না হওয়ার কারণে সেসব গান মানুষের কাছে পৌঁছায় না। তা ছাড়া সারা দেশে গত কয়েক বছরে রেকর্ডসংখ্যক সিডির দোকান বন্ধ হয়ে যাওয়াতে অ্যালবাম বাজারজাতকরণও ঠিকভাবে হচ্ছে না।
প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল বলেন, ‘বর্তমান সময়কে অস্বীকার করার কোনো উপায় নাই। এখন ভিডিওর সময়। মাঝের সময়টাতে কিন্তু গানের মান পড়ে গিয়েছিল। একই ধরনের গান শুনতে শুনতে সবার মধ্যে একঘেয়েমি ভর করেছিল। ভেবে দেখলাম, গানকে নতুনভাবে কীভাবে উপস্থাপন করা যায়। সেই ভাবনা থেকে গানের ভিডিওর দিকে আমরা জোর দিই। ফলও পেয়েছি।’
সংগীতার প্রধান নির্বাহী কর্মকতা রবিন ইসলাম বলেন, ‘খুব সহজে মানুষের কাছে গান পৌঁছানো আর জনপ্রিয়তা পাওয়ার একমাত্র উপায় ভিডিও। তাই গান তৈরির সময়ই ভিডিওর কথা মাথায় রাখতে হয়। গানের কথার সঙ্গে মিল রেখে গল্প আর গ্ল্যামারকে প্রধান্য দিয়ে তৈরি এসব গানের ভিডিও জনপ্রিয়তাও পাচ্ছে।
ঈগল মিউজিকের কচি আহমেদ বলেন, মূলত অ্যালবামের প্রচারণার কৌশল হিসেবে গানের ভিডিও তৈরি করা হয়। বড় বাজেটে তৈরি এসব গানের ভিডিও দারুণ প্রশংসিতও হয়, যা খুবই ইতিবাচক।
সিএমভির কর্ণধার শেখ শাহেদ আলী পাপ্পু বলেন, ‘গানের ভিডিওর চাহিদা এখন অনেক বেশি। ভিডিও থেকে আয়ও হচ্ছে। ভিডিওর প্রতি মানুষের আগ্রহও আছে। তাই আমরাও জোর দিচ্ছি।’
এবারের ঈদে অনেক গায়ক-গায়িকার একক ও মিশ্র অ্যালবামে গান প্রকাশের পাশাপাশি গানের ভিডিও আসছে। এরই মধ্যে ভিডিওগুলো সম্পর্কে আভাস দিলেন শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। খোঁজ নিয়ে জানা গেছে, এবারের ঈদে বাপ্পা মজুমদার, মমতাজ, ফাহমিদা নবী, তাহসান, হাবিব, ইমরান, কোনাল, বেলাল খান, লুৎফর হাসান, শোয়েব, অটনমাল মুন, আরেফিন রুমি, কাজী শুভ, এফ এ সুমন, ইলিয়াস হোসেন, পূজা, নদী, দোলা এবং ভারতের শুভমিতা, পাপনসহ অনেকের গানের গানের ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে।
এই ঈদে মাস মাসুমের লেখা ‘একটা ছায়া’ শিরোনামের গানের ভিডিও প্রকাশ করবেন বাপ্পা মজুমদার। তিনি বলেন,‘এখন ভিডিওর গুরুত্ব আছে। তবে আমার কাছে গানের বাণী ও সুর যেন সবার কাছে পৌঁছায়, সে বিষয়টাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। এখন অনেককে দেখি, গান কী হচ্ছে না হচ্ছে, সেদিকে নজর না দিয়ে ভিডিওর প্রতি গুরুত্ব দিচ্ছে। আমি বলব, গান ভালো হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি।’
কিছুদিন আগে ফাহমিদা নবী ও শানের গাওয়া ‘সাদা কালো’ নামের একটি গানের ভিডিও খুব প্রশংসিত হয়। ফাহমিদা নবী গান এখন ভিডিওনির্ভর হওয়ার ব্যাপারটিকে যেমন ইতিবাচকভাবে দেখছেন, ঠিক তেমনি নেতিবাচকভাবেও দেখছেন। তিনি বলেন, ‘এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এখনকার সময়টা ভিডিওনির্ভর। তবে আমি বলতে চাই, গান কিন্তু চিন্তাভাবনার দুয়ার খুলে দেয়। একটা গানের বাণী একেকজন শ্রোতাকে একেকভাবে কল্পনার জগতে বিচরণ করায়। ভিডিওর কারণে তা ফিক্সড করে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে কিছু গানের বাণী ও ভিডিও খুব চমৎকারভাবে দর্শকের সামনে উপস্থাপন করা হয়।’
মিউজিক ভিডিও দিয়ে সাম্প্রতিক সময়ে আলোচিত গায়কদের মধ্যে আছেন ইমরান। শফিক তুহিনের লেখা তাঁর গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গানটির ভিডিও এরই মধ্যে ইউটিউওবে এক কোটিবারেরও বেশি দেখা হয়েছে। এবারের ঈদে এই শিল্পীরও গানের ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে। ইমরান বলেন, ভালো গানের সঙ্গে একটি ভালো মানের ভিডিও হলে সেই গানটি দ্রুত মানুষের কাছে পৌঁছায়। তা ছাড়া এই ভিডিও দেখার কারণে ব্যবসায়িকভাবেও লাভবান হয় সবাই। তাই গানের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ।
কোনালের ‘মন’ শিরোনামের নতুন একটি গানের ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে। আবদার রহমানের লেখা ও ফুয়াদের সুর ও সংগীতে গানটির টিজার কোনাল ইউটিউবে আপলোড করেছেন। কোনাল বলেন, ‘আগে আমাদের শ্রোতারা শুধু সিডি কিনেই গান শুনতেন। এখন বেশির ভাগ লোকজনের হাতে স্মার্টফোন। তাঁরা গান শোনার পাশাপাশি দেখছেনও। যুগের চাহিদা হিসেবে গানের ভিডিও প্রয়োজন। তবে গানের বাণীর সঙ্গে মিল রেখে সেই ভিডিওতে যেন গল্পও থাকে।’
আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে ফিলার সং হিসেবে বিভিন্ন শিল্পীর গাওয়া গানের ভিডিও নিয়মিত দেখা যেত। গানের ভিডিও জনপ্রিয়তা পায় গীতিবিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় নব্বইয়ের দশকে শুভ্র দেব তাঁর ‘শেষ চিঠি’ অ্যালবামের ‘এ আমার শেষ চিঠি’ গানটির ভিডিও বানান। এরপর শিল্পীরা নিজের উদ্যোগে বিভিন্ন নির্মাতাদের দিয়ে গানের ভিডিও তৈরি করতে শুরু করেন। নির্মাতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আফজাল হোসেন, জুবায়ের বাবু, রাবেথ খান, সোহেল আরমান ও রিজওয়ান রশীদ রিঙ্গো। আর ইদানীং যেসব নির্মাতা গানের ভিডিও বানাচ্ছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন গাজী শুভ্র, চন্দন রায় চৌধুরী, শুভব্রত সরকার, শাহরিয়ার পলক, তানিম রহমান, ইমরান কবির, আশিকুর রহমান, শুভ বর্ণ, তানভীর শেহজাদ, রায়হান রাফি ও অনন্য মামুন।