বুধবার বিকেলে শিল্পকলায় চলছিল শেষ মুহূর্তের ধোয়ামোছা আর সাজসজ্জার কাজ। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠার ৪১ বছরের আয়োজনে প্রধান অতিথি হয়ে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই বিরাট উৎসবের কারণে মোটামুটি বন্ধ সবকিছু। সাততলার ১ নম্বর মহড়া কক্ষে গিয়ে দেখা গেল শুয়ে-বসে এবং লাফিয়ে সংলাপ মুখস্থ করছেন লোকনাট্যদলের নাট্যকর্মীরা। শুক্রবার সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে তাদের নাটক মুজিব মানে মুক্তি। অন্য সব মহড়া কক্ষÿ আর হলগুলো বন্ধ। শুধু সন্ধ্যায় স্টুডিও থিয়েটারে নিথর মাহবুবের রচনা ও নির্দেশনায় দেখানো হচ্ছিল মাইম শো যেমন কর্ম তেমন ফল।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে মঙ্গলবার শুরু হয়েছে ‘নানান ভাষার নানান ছবি’ নামে চলচ্চিত্র উৎসব। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে এ উৎসবে দেখানো হবে চীন, জাপান, ভারত, ক্রোয়েশিয়া, হংকং, ইরান ও মঙ্গোলিয়ার চলচ্চিত্র।
আজ সন্ধ্যায় রয়েছে দক্ষিণ কোরিয়ার ছবি মাদার, কাল থাকবে কাজাখস্তানের তুলপান ও ২১ ফেব্রুয়ারি আমাদের ছবি জীবন থেকে নেয়া। নাট্যশালার লিফটের ৫-এ গিয়ে বিনা মূল্যেই উপভোগ করা যাবে এ ছবিগুলো।
গতকাল সন্ধ্যায় গিয়ে দেখা গেল প্রায় ৪৫ জন দর্শক দেখছিলেন কুমা দ্য সেকেন্ড ওয়াইফ নামে অষ্ট্রিয় ছবিটি।