ভিনগ্রহে পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টোরি অব সামারা ছবির শুটিংয়ে
স্টোরি অব সামারা ছবির শুটিংয়ে

৩ নম্বর ফ্লোরের সামনের রাস্তা। গাড়ির হর্ন শুনে চমকে উঠি। পেছনে দেখি একটা মাইক্রোবাস। সেটা থেকে বের হলেন পরিচালক শাফিউদ্দিন শাফি। পেছনে পেছনে নামলেন মাহিসহ কয়েকজন সহশিল্পী। আমাদের দেখে শাফি নিজ থেকেই এগিয়ে এলেন। কথা বলতে বলতেই কুশলবিনিময় হলো। ‘রাস্তায় রাস্তায় গানের কয়েকটি দৃশ্য করলাম। গরমে অবস্থা খারাপ; তাতে আবার রোজা।’ বললেন শাফি।
কোন ছবির শুটিং করছেন? জানতে চাইলাম আমরা। ‘বিগ ব্রাদার। অল্প কিছু কাজ বাকি। ইফতারের পরপরই কালার ল্যাবে কয়েকটি অ্যাকশনের দৃশ্য নেব। আপাতত এখন একটু বিশ্রাম।’ বলেই ৩ নম্বর ফ্লোরের গ্রিনরুমের দিকে রওনা হলেন তিনি।
এবার আমরা মূল রাস্তা ধরে হাঁটা শুরু করেছি। রাস্তার ধারের অন্য সব ফ্লোরে শুটিংয়ের আলো জ্বলেনি। ৭ নম্বর ফ্লোরের কাছাকাছি পৌঁছে গেছি। বাইরে তেমন একটা জটলা না থাকলেও ভেতর থেকে ‘ইয়া...ইয়া... ঢিশুম...ঢিশুম’ শব্দ থেকে থেকে কানে আসছে। আগ্রহ নিয়ে ওই ফ্লোরের দরজা দিয়ে উঁকি দিই। ভেতরে লোকজনে গিজগিজ করছে। ফ্লোরে কোনো সেট ফেলা না হলেও পুরো ফ্লোরের দেয়ালজুড়ে সবুজ রঙের পর্দা। ব্যাপারটা বোঝা গেল না। এক পাশে কয়েকজন মারপিটের দৃশ্য বুঝে নিচ্ছেন ফাইট ডিরেক্টর জুম্মানের কাছ থেকে। কিন্তু ছবির পরিচালক বা অন্য কোনো শিল্পীকে চোখে পড়ল না। গ্রিনরুমে উঁকি মারি। এবার তো কপালে চোখ! বেশ কয়েকজনের দৈত্যর সাজ। এর মধ্যে আবার কারও কারও চেহারা যেন ভিনগ্রহের মানুষ। পুরোই রহস্যের মধ্যে তখনো।
এক পাশে দেখা মিলল নায়িকা পিয়ার। রহস্য দূর করলেন তিনি। বললেন, এটি স্টোরি অব সামারা ছবির কাজ। এর মধ্যে ছবির পরিচালক রিকিয়া মাসুদও এসে ঢুকলেন। পুরো বিষয় তিনি পরিষ্কার করলেন। বললেন, ‘সামারা প্ল্যানেটের মূল ভিলেনকে মারার জন্য পৃথিবী থেকে এরা রওনা হবে। এমন একটা দৃশ্য আমরা করব আজ। এটি স্টুডিওর মধ্যে করছি। এটি বৈজ্ঞানিক কল্পকাহিনি, অ্যানিমেটেড ফিল্ম হবে। ইতিমধ্যে বেলজিয়াম থেকে কয়েকজনকে আনা হয়েছে। তাঁরা অ্যানিমেশনের কাজ করছেন।’
কবে নাগাদ ছবিটি মুক্তি দেওয়া হবে? ‘আশা করছি কোরবানির ঈদে।’
এবার পরিচালক পিয়াকে বললেন, ‘চলো, তোমার ফাইটিংয়ের দৃশ্যগুলো রিহার্সেল করে নিই।’
এরপর ফাইট ডিরেক্টরসহ স্টুডিওর মধ্যে ঢুকলেন তিনি।
শুরু হয়েছে পিয়া আর সামারা প্ল্যানেটের ভিলেনদের অ্যাকশনের মহড়া।
বাইরে তখন আকাশ মেঘ মেঘ। কয়েক দিন ধরে বৃষ্টির ছিটেফোঁটাও নেই।