ভিনদেশি ছবিতে দেশি সাজে

আয়ারল্যান্ডের সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের প্রিয়তি। খবরটি পুরোনো। নতুন খবর হলো, আইরিশ পরিচালক কায়রন ডেভিস পরিচালিত ওয়ান্ডারল্যান্ড ছবিতে তাঁকে দেখা যাবে পুরোপুরি বাঙালি সাজে। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিজ আয়ারল্যান্ড ২০১৪ খেতাবপ্রাপ্ত এ মডেল।
পরনে শাড়ি, গয়না—যেন চিরায়ত সাজের বাঙালি নারী! আয়ারল্যান্ডের ছবিতে এমন সাজেই অভিনয় করছেন প্রিয়তি। ছবিতে তাঁকে দেখা যাবে এক রাজকন্যার ভূমিকায়। আয়ারল্যান্ড থেকে প্রিয়তি বলেন, ‘কায়রন ডেভিসের ছবিতে অভিনয় করা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার। অভিনয়ের আগে তাঁর কাছে প্রায় দেড় মাস কর্মশালা করেছি।

আর বাঙালি নারীর সাজে অভিনয় করার ব্যাপারটি সম্পূর্ণ আমার অনুরোধে করা হয়েছে। আমি তাঁকে বাঙালি সাজ সম্পর্কে অবহিত করেছি। তাঁকে বুঝিয়েছি। পরে তিনি রাজি হয়েছেন।’
ছবিটির শুটিং শেষ হবে এ মাসে। ওয়ান্ডারল্যান্ড মুক্তি পাওয়ার কথা আগামী বছরের মাঝামাঝি সময়ে।
প্রিয়তি প্রায় ১৪ বছর হলো আয়ারল্যান্ডে বসবাস করছেন। এ বছরের শুরুতে তিনি মিজ আয়ারল্যান্ড নির্বাচিত হন। পড়াশোনার পাশাপাশি বিমান চালনার প্রশিক্ষণ নেন তিনি।
এখন স্থায়ীভাবে আয়ারল্যান্ডে বসবাস করছেন। সম্প্রতি তিনি একটি অলাভজনক সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন।