ভিনীতার 'রিভার স্টোরিজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানভাসের জমিনে রং দিয়ে আঁকেন ছবি—এই তো চিরদিনের ছবিবিষয়ক অভিজ্ঞতা। বুনন তো হবে নকশিকাঁথা কিংবা পরিধেয় বস্ত্রের গায়ে। তা আবার আসবে কী করে ছবির চতুষ্কোণ ফ্রেমে? সেটি দেখতে হলে যেতে হবে গুলশানে, বেঙ্গল আর্ট লাউঞ্জে। সেখানে শিল্পী ভিনীতা করিমের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘রিভার স্টোরিজ’ শুরু হলো গতকাল থেকে।
ছবি আঁকতে গিয়ে ক্যানভাস আর রংকে যথেষ্ট মনে করেননি ভিনীতা, মসলিন কাপড়ে কিংবা ক্যানভাসের ওপর তিনি সুতা দিয়ে বুনেছেন ছবি। রং-ও কত রকম! অ্যাক্রিলিকের বিভিন্ন রঙের সঙ্গে সোনা, রুপা, তামার রং যোগ হয়েছে। মোট ৩৬টি শিল্পকর্ম। তার মধ্যে আছে ফাইবারগ্লাস, পোর্সেলিন, টিক উড। এমনকি মিসরীয় বোতলে মসলাও মিলবে বার্মিজ বাটিতে! গতকাল সন্ধ্যায় প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী ও ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ সরন। প্রদর্শনী চলবে আগামী ৬ জুন, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ভিনীতা কাজ করেছেন ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ায়। পড়াশোনা সুইডেন ও ফিলিপাইনে। এসব জায়গার সংস্পর্শ তাঁর কাজে ছাপ রেখে গেছে। তবে ছবি দেখলে কোথাও না কোথাও নদীমাতৃক বদ্বীপ বাংলাদেশও কি চোখে ভাসে না?