ভিন্ন আয়োজনে ‘গানে গানে সকাল শুরু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন আয়োজনে উপস্থাপিত হতে যাচ্ছে চ্যানেল আইয়ের সকালের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। আগামী ৭ ডিসেম্বর চ্যানেল আই ভবনের ছাদে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন সাদী মহম্মদ, ফরিদা পারভীন এবং চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পীরা। ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানটির এ ধরনের আয়োজন প্রসঙ্গে প্রযোজক আমীরুল ইসলাম বলেন, ‘মূলত বিজয়ের মাস এবং শীতের আগমনকে স্বাগত জানাতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। গানে গানে সকাল শুরুতে প্রতিদিনই অনেক দর্শক ফোন করে অনুষ্ঠানটি সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত জানান। সেখান থেকে নির্বাচিত কয়েকজন দর্শককে কীভাবে সম্মানিত করা যায় সে বিষয়টি নিয়েও আমাদের একটা ভাবনা ছিল। অবশেষে বিজয়ের মাস ও শীতের শুরুর সময়টাকে উপযুক্ত মনে হলো।’আয়োজন সম্পর্কে আমীরুল ইসলাম বলেন, ‘যেহেতু বিজয়ের মাস, তাই পুরো অনুষ্ঠানে শিল্পীরা দেশের গানই পরিবেশন করবেন। চ্যানেল আই ভবনের ছাদে উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে গান পরিবেশনের পাশাপাশি থাকবে পিঠাপুলি’র উত্সব। শীতের সকালের মিষ্টি রোদ, আমন্ত্রিত দর্শক, গান আর সঙ্গে শীতের নানাপদের পিঠায় পুরো অনুষ্ঠানটি অনন্য মাত্রা পাবে বলে আমাদের বিশ্বাস।’ ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানের প্যানেল প্রযোজনা করবেন ইফতেখার মুনিম, জামাল রেজা ও অনন্যা রুমা। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচারিত হবে।