সময়টা ১৯৯০ সাল। কলেজপড়ুয়া ছেলেটি একটি ব্যান্ড গড়ার তাড়না বোধ করে। দেখা গেল তাঁর সঙ্গে জুটে গেল আরও চারজন। মেজবা, মিলন, মিলান, পিয়াল ও বাবু সমন্বয়ে গড়ে উঠল ‘ডিফরেন্ট টাচ’। এই দলে অভিজ্ঞতার পাল্লা ভারী ছিল মেজবার। মতবিরোধ হওয়ায় আরেকটি ব্যান্ড থেকে বের হয়ে এসেছিলেন তিনি। মূলত তাঁর উদ্যোগেই গড়ে ওঠে ডিফরেন্ট টাচ। শুরু হলো পুরোদমে প্র্যাকটিস। মাস তিনের মধ্যেই প্রকাশিত হলো ব্যান্ডের নামেই প্রথম অ্যালবাম ডিফরেন্ট টাচ। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’, ‘মন কী যে চায় বলো’, ‘দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়’—গানগুলো এই অ্যালবামের। জনপ্রিয়তার তুঙ্গে উঠে হঠাৎ যেন হারিয়ে গেল ব্যান্ডটি। মাঝে দীর্ঘ বিরতি। আবার তাঁরা হাজির হলেন নতুন রূপে। নতুন সদস্য নিয়ে।এই তো সেদিন মুখোমুখি হলাম ডিফরেন্ট টাচের। পুরোনো সদস্যের মধ্যে শুধু মেজবা ও পিয়াল এখনো আছেন। যদিও সেদিন ব্যক্তিগত কাজে খুলনায় থাকায় পিয়াল উপস্থিত থাকতে পারেননি। কথা হলো বাকি সদস্যদের সঙ্গে। ব্যান্ডে ভাঙাগড়ার খেলা আছে, কিন্তু আপনারা তো একেবারেই হারিয়ে গিয়েছিলেন, কেন হারিয়ে গেলেন?—এমন প্রশ্নের উত্তরে মেজবা বলেন, ‘দলের এক-দুজন দেশের বাইরে চলে গেল। আমিও পারিবারিক ব্যবসার কাজে খুলনায় চলে গেলাম। ব্যাপারটা অনেকটা আকাশের তারা মেঘে হারিয়ে যাওয়ার মতো।’ পারিবারিক ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও মেজবা গান ছাড়া থাকতে পারতেন না। মাঝে মাঝে একটি-দুটি গানের অনুষ্ঠানে গান করতেন। ২০০০ সালের দিকে খুলনা থেকে ঢাকায় আসেন। যোগাযোগ হয় পুরোনো সঙ্গী পিয়ালের সঙ্গে। দুজন মিলেই আবার ব্যান্ড গড়ে তোলার কথা ভাবেন। আমাদের আড্ডার মধ্যেই মুঠোফোনে কথা হয় পিয়ালের সঙ্গে। এই বেজ গিটারিস্ট বলেন, ‘নতুন করে শুরু করতে পেরে অনেক ভালো লাগছে। সময়ের সঙ্গে চলতে চাই। সংগীতের অদ্ভুত এক আকর্ষণেই আবার শুরু করলাম।’নতুন ডিফরেন্ট টাচে প্রায় দেড় বছর হলো যুক্ত হয়েছেন পলাশ নামের দুই সদস্য। একজন পলাশ গিটার বাজান, আরেকজন পলাশ ড্রামস। এ দুজন তাঁদের এলাকার আরেক ছেলে কি-বোর্ডিস্ট নয়নকে এনেছেন এই দলে। মজার কথা হলো, এঁরা তিনজনই যশোরের। ডিফরেন্ট টাচের মতো ব্যান্ডে যোগ দিয়ে তাঁরা অনেক খুশি। গিটারিস্ট পলাশ বলেন, ‘মেজবা ভাই আমাদের এলাকার। ছোট থেকেই মনে হতো নিজেদের ব্যান্ড এটি। আর গিটারে প্রথম লেসনে “শ্রাবণের মেঘগুলো” শিখেছিলাম।’ তবে এই তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করা উপভোগ করেন পুরোনো সদস্যরা। নতুনদের মতামতকেও যেমন প্রাধান্য দেওয়া হয়, তেমনি নতুনেরাও মেজবা ও পিয়ালের কথাকে গুরুত্ব দেন। পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই কাজ করে যাচ্ছেন তাঁরা। আগের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন গানও বিভিন্ন অনুষ্ঠানে গাইছে ডিফরেন্ট টাচ। ১৯৯০ সালের গানও এই সময় তরুণেরা শুনছে, উপভোগ করছে—এর রহস্য কী? ‘সেই সময়ের গানগুলো মেলোডিনির্ভর ছিল। নতুন যে গানগুলো তৈরি করছি সেগুলোও ওরকম। ফলে সবার হূদয়ে পৌঁছাচ্ছে তা। আর সব সময় ভালো কথা ও সুর গুরুত্ব দিয়েছি।’ডিফরেন্ট টাচের মোট তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল। সর্বশেষ অ্যালবাম ১৯৯৭ সালে বের হয়। এ বছর ডিফরেন্ট টাচ তাদের চতুর্থ অ্যালবামের কাজ শুরু করবে। নতুন-পুরোনো গানের মিশেল থাকবে তাতে। অ্যালবামটির প্রতীক্ষায় আছে ডিফরেন্ট টাচের ভক্তরা। ডিফরেন্ট টাচের সদস্যরা মেজবা (প্রধান ভোকাল) পিয়াল (বেজ গিটারিস্ট ও সহ-ভোকাল) পলাশ (গিটার) নয়ন (কি-বোর্ড) পলাশ (ড্রামস)জনপ্রিয় গান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায় মন কী যে চায় বলো ভালোবাসার তানপুরা জীবনমাঝি বৈঠা হাতে