ভিন্ন তারার র্যাম্প

গানের দুনিয়া ও শিল্পের জগতে তাঁদের অবাধ বিচরণ। কিন্তু সেই চেনা জগৎ ছেড়ে এবার তাঁরা হাঁটলেন র্যাম্পের মঞ্চে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ফ্যাশন শোতে হাঁটলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনয়শিল্পী ফেরদৌস ও সোহানা সাবা। তাঁদের সঙ্গে আরও ছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।

‘লাক্স লুকঅ্যাটমি ফ্যাশন রানওয়ে-২০১৬’ শিরোনামের আয়োজনটি করেছিল বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। তৃতীয়বারের মতো এ উদ্যোগে ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, শাহরুখ আমিন ও লিপি খন্দকারের বছরের সেরা আউটফিট এবং দেশসেরা বিউটি এক্সপার্ট ফারজানা শাকিল, আফরোজা শারমিন ও তানজিমা শারমিনের সাজ নিয়ে অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো।
অনুষ্ঠানে র্যাম্পে হাঁটেন ৪৫ জন মডেল। মডেলদের সঙ্গে মঞ্চে হাঁটতে আসেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনয়শিল্পী ফেরদৌস ও সোহানা সাবা।

অনুষ্ঠানে চারজন মডেল মেহজাবিন, টয়া, তানজিন তিশা ও মৌসুমীকে ‘বেস্ট লুক’ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমব্রিন।