ভিন্নরূপে পুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষেরা ঘরের কাজ করছেন। বাচ্চাকে খাওয়াচ্ছেন৷ গোসল করাচ্ছেন৷ বৃদ্ধ মা-বাবার সার্বক্ষণিক যত্ন নিচ্ছেন, সঙ্গে বাইরের কাজও করছেন। এমন সব কাজের ছবি নিয়ে প্রদর্শনী চলছে ঢাকা আর্ট সেন্টারে। গতকাল শনিবার বিকেলে ‘ভিন্নরূপে পুরুষ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। অনুষ্ঠানের আয়োজন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) অন্তর্ভুক্ত সেন্টার ফর জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন (সিজিএসটি)।
অনুষ্ঠানে আলী যাকের বলেন, এ আলোকচিত্র প্রদর্শনীর মূল লক্ষ্য, পরিবারে ও সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকার প্রতিফলন ঘটানো। দেশের সুষম উন্নয়ন তখনই সম্ভব হবে যখন নারী-পুরুষ সমানতালে কাজ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লুবনা মরিয়ম। সূচনা বক্তব্য দেন বিআইজিডির গবেষক সোহেলা নাজনীন।
মোট ২১ জন পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীর ৯০টি ছোট-বড় ছবি নিয়ে এ প্রদর্শনী চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।