
অভিনয়শিল্পীর ভেতর থেকে অভিনয় বের করে আনতে পরিচালকেরা কী করেন? দৃশ্যটা ভালোমতো বুঝিয়ে দেন। কেমন অভিব্যক্তি চাইছেন, সেটাও। বারবার বলাতেও যদি অভিনয়শিল্পী না বোঝেন, পরিচালক হয়তো মেজাজ হারিয়ে ফেলেন। রাগ হন। চাইকি গালমন্দও করেন।
কিন্তু একবার কল্পনা করুন তো দৃশ্যটা। অভিনয়শিল্পীকে ঠিকমতো অভিনয় করাতে পরিচালক ঘেমেনেয়ে একসা। রীতিমতো অভিনয়শিল্পীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। চকলেট-ক্যান্ডির বন্যা বয়ে যাচ্ছে। এনে দিচ্ছেন হরেক রকমের পুতুলও। কিন্তু তবুও অভিনয়শিল্পীটি গাল ফুলিয়ে একটা কথাই শুধু বারবার বলছে: ‘কব্ব না, কব্ব না!’
ম্যালেফিসেন্ট-এর শুটিং করতে গিয়ে এমনই ঝড় বয়ে গিয়েছিল রবার্ট স্ট্রমবার্গের ওপর দিয়ে। স্ট্রমবার্গের এমনিতে মাথাভর্তি চুল। কিন্তু ছবিটা শেষ করার পর হালকা টাকের আভাস দিচ্ছে কি না কে জানে! তাঁকে এমন ঝামেলায় ফেলে দিয়েছিলেন জোলি-পিট। না, অ্যাঞ্জেলিনা জোলি নয়। ব্র্যাড পিটও নন। তার নাম ভিভিয়েন জোলি-পিট।
ম্যালেফিসেন্ট ছবিতে ব্র্যাঞ্জেলিনা পরিবারের একটা পারিবারিক আবহই যেন ছিল। মূল চরিত্রে অভিনয় করেছেন জোলি নিজে। পাশাপাশি অভিনয় করেছেন জোলির তিন সন্তানও। ১০ বছর বয়সী প্যাক্স, নয় বছরের জাহারা আর সাড়ে পাঁচ বছরের ভিভিয়েন। প্যাক্স-জাহারার উপস্থিতি ছিল খুব কম সময়ের জন্য। কিন্তু রাজকন্যা অরোরার শৈশবের ভূমিকায় অভিনয় করা ভিভিয়েন মোটামুটি বেশ অনেকটা সময় ধরেই আছে পর্দায়।
বাবা-মা দুজনই বিখ্যাত অভিনয়শিল্পী। নানা জন ভইট তো হলিউডের সর্বকালের সেরাদেরই একজন। ভিভিয়েনের রক্তেই আছে অভিনয়। কিন্তু বয়সটাও তো মাথায় রাখতে হবে। সাড়ে পাঁচ বছর বয়সী একজন শিল্পীকে নিয়ে কাজ করার মজা আর জটিলতা দুটোই আছে। ওরা চলে নিজেদের মেজাজ-মর্জিমতো। অন্যের কথার ধার কমই ধারে।
প্রথম দিনই যেমন অনেক কাঠখড় পোড়াতে হয়েছে পুরো শুটিং ইউনিটকে। একটা দৃশ্য ছিল এমন: উড়ুক্কু প্রজাপতির পেছনে নেচেনেচে ছুটবে ভিভিয়েন। ধরতে চাইবে প্রজাপতিটাকে। ভিভিয়েনকে দিয়ে অভিনয় করানো গেলেও প্রজাপতিকে দিয়ে অভিনয় করানো সম্ভব না। তাই প্রজাপতিটা পরে স্পেশাল এফেক্ট দিয়ে বানানোর কথা ছিল। কল্পিত প্রজাপতি ধরতে হতো ভিভিয়েনকে।
কিন্তু কিছুতেই সে কল্পনার কোনো প্রজাপতি ধরতে রাজি নয়! পরিচালকের মাথায় হাত। অবশেষে পুরো জোলি-পিট পরিবার নেমে পড়ল কোমর বেঁধে। অনেকটা খেলার ছলে ভিভিয়েনকে দিয়ে করানো হয়েছে কাজটি।
শুধু তা-ই নয়, জোলি নিজে বাড়িতে থাকার সময় ভিভিয়েনের সঙ্গে তাঁর অংশটুকুর অনুশীলনও করেছেন বারবার। মেয়ের অভিনয়প্রতিভায় জোলি মুগ্ধও, ‘একসঙ্গে কাজটা করার সময় খুব আনন্দ পেয়েছি। খুব ভালো সময় কেটেছে। আমরা আসলে খেলছিলাম একসঙ্গে। ও খুব ভালো করছে দেখে আমি নিজেই বিস্মিত হয়ে গেছি। ও এসে দুমদাম করে নিজের অংশটা করে ফেলল। এটা তো ভয় পাইয়ে দেওয়ার মতো!’
ছয় সন্তানের এই গর্বিত মা অবশ্য চান না, সন্তানেরা অভিনয়ের পেছনেই জীবনটা উৎসর্গ করে দিক, ‘ওরা এখন শুধু মজা করার জন্য করতে পারে। বড় হলে ওরা নিজেরাই ঠিক করবে অভিনয়শিল্পী হবে কি না। আমি শুধু এতটুকুই বলব, এটাই যেন তাদের জীবনের সব অংশ জুড়ে না থাকে। এটা জীবনের একটা অংশ হতে পারে, জীবন নয়। আরও অনেক কিছুই তো করার আছে।’
তবে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলে বাবা-মায়ের তরফ থেকে বাধাও আসবে বলে মনে হয় না। আর ভিভিয়েন তো এরই মধ্যে মন জয় করে নিয়েছে দর্শকদের। মন জিতেছে নানাভাই জন ভইটেরও। অস্কারজয়ী এই অভিনেতা স্মৃতিকাতর হয়ে পড়েছেন। ১৯৮২ সালে ছোট্ট জোলি নিজে বাবার সঙ্গে লুকিন টু গেট আউট ছবিতে কাজ করেছিল।
আবেগাপ্লুত ভইট বলেছেন, ‘নিজের নাতনিকে অভিনয় করতে দেখার চেয়ে আনন্দময় মুহূর্ত আমার জীবনে খুব বেশি আসেনি, ঠিক যেমনটা এসেছিল ছোট্ট অ্যাঞ্জি যখন আমার সঙ্গে অভিনয় করল।’
রাজীব হাসান
ভ্যানিটি ফেয়ার অবলম্বনে